শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস
কেজিতে ৪ টাকা বেড়েছে মোটা চালের দাম * ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাজারে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের শীতের সবজি। সরবরাহ বাড়ায় রাজধানীর খুচরা বাজারে কমছে বেশির ভাগ সবজির দাম। এতে ক্রেতার মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ-মাংসের বাজার চড়া। বেশি দামেই বিক্রি হচ্ছে এ দুটি পণ্য। এছাড়া নতুন আলুর কেজি ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে চার টাকা বেড়েছে মোটা চালের দাম। বিক্রি হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ৬০ টাকায়। ডাল ও তেলসহ অন্যান্য নিত্যপণ্য কিনতেও ক্রেতার বাড়তি টাকা গুনতে হচ্ছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগসহ একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এদিন প্রতি পিস ফুলকপি বিক্রি হয় ৪০-৫০ টাকায়। যা গত সপ্তাহে ৬০-৭০ টাকা ছিল। নতুন আলু বিক্রি হয় ১২০ টাকায়; যা এক সপ্তাহ আগে ১৫০ টাকা ছিল। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। যা আগে ৬০-৮০ টাকা ছিল। পাশাপাশি প্রতি কেজি টমেটো ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শিম ৬০-৮০ টাকা, মূলা ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা, শালগম ৮০ টাকা ও ব্রুকলি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নয়াবাজারে সবজি কিনতে আসা মো. আমিনুল ইসলাম বলেন, শীতের সবজিতে ভরপুর বাজার। সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে সরবরাহ অনুযায়ী দাম এখনো বেশি।
এদিকে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৯০ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি লেয়ার মুরগি কিনতে ক্রেতার ২৩০-২৪০ টাকা খরচ করতে হচ্ছে। সঙ্গে দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে আকারভেদে ৬৫০-৭০০ টাকা। গরুর মাংসের স্বাদ নিতে ক্রেতার কেজিপ্রতি ৮০০-৮৫০ টাকা গুনতে হয়েছে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। অন্যদিকে বাদামি রঙের ফার্মের মুরগি প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে গত সপ্তাহের মতো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এর মধ্যে তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২২০ টাকা এবং তেলাপিয়ার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০, পাবদা ৩৫০, চাষের শিং ৩৮০, পোয়া ৩৫০ এবং বাইলা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বড় আকারের কাতল মাছের দাম কিনতে ক্রেতার ৬০০-৮০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকায়। প্রতি কেজি টেংরা ৭০০ টাকা, আইড় ৭০০-৯০০ টাকা এবং বাইন মাছ কেজিপ্রতি ৮০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি সরু চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে মান ভেড়ে ৭৫-৮৫ টাকা। নাজিরশাল বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা। পাইজাম ও বিআর ২৮ জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আর মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা। যা এক সপ্তাহ আগেও ৫৬ টাকা ছিল। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২০০ টাকা। আর বোতলজাত সয়াবিন কিনতে লিটারপ্রতি ক্রেতার ২০৪ টাকা খরচ হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫৫ টাকা। দেশি রসুন ১০০-১২০ টাকা এবং আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৭০-২২০ টাকায়। শুকনা মরিচ মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে সর্বোচ্চ ৪৫০ টাকা। প্রতি কেজি হলুদ ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি আদা ১২০-১৫০ ও আমদানি করা আদা ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি জিরা ৫৫০-৬৫০ টাকা, দারুচিনি ৫০০-৬০০ টাকা, লবঙ্গ ১৪৫০-১৬০০ টাকা, এলাচ মানভেদে কেজিপ্রতি ৪৬০০-৫৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
