খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থটির জন্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করেছেন আয়োজকেরা।
জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের শীর্ষ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেবেন। স্মারকগ্রন্থে লেখার জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো-খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা, অর্থনৈতিক দর্শন, নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা, তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণা ও জীবনের অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তার ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি। আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে।
