নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য
উন্নয়ন হলেও সুফল পায়নি মানুষ
উন্নয়নে প্রচুর অর্থ খরচ করছি, কিন্তু পিছিয়ে পড়াদের সমস্যা সমাধান করতে পারছি না -রেহমান সোবহান * কথা বলতে গেলে চুবানোর ধমক খেতে হয় -সুলতানা কামাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাত ধরনের সমস্যার কারণে দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে-শোভন কর্মপরিবেশের অভাব, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, অবকাঠামোতে আঞ্চলিক বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানে সেবা না পাওয়া, জলবায়ু সমস্যা, সাংস্কৃতিক মূল্যবোধ, দুর্নীতি ও গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও সংলাপে এ তথ্য উঠে এসেছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক গবেষণায় এমন তথ্য উপস্থাপন করে সংস্থার আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়ন হলেও তার সুফল দেশের মানুষ পায়নি। গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারে না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়ন হলেও সবাই এর ভাগীদার হতে পারেনি। কোনো দেশে বৈষম্য যদি বহুদিন ধরে চলে তখন সেসব দেশে শুধু উন্নয়নই নয়, সামাজিক কাঠামো দুর্বল হয়ে যায়। সেখানে যেসব দ্বন্দ্ব-সংগ্রামের সৃষ্টি হয় তা মোকাবিলা করার প্রাতিষ্ঠানিক শক্তি সেই দেশের থাকে না।
এই সাত সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, শোভন কর্মসংস্থান না থাকায় শিক্ষিত বেকার বেড়েছে। এর ফলে অনেকেই কম মজুরিতে কাজ করছেন।
অবকাঠামো উন্নয়নেও বৈষম্য রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখানে এলাকাভিত্তিক বৈষম্য রয়েছে। অবকাঠামো উন্নয়ন একপেশে হওয়ার কারণে বাংলাদেশের সব অঞ্চলের সঙ্গে যুক্ত হতে পারছে না। ছোট দেশে আমাদের আঞ্চলিক বৈষম্য বেড়ে চলেছে। এছাড়া এই সময়ে নারীর প্রতি সহিংসতা কোনো অংশে কমেনি, বরং বেড়েছে। এখন বাংলাদেশের পরিবেশ বিপর্যয় কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যা। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে পরিবেশ প্রতিকূল অবস্থায় নেই।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা খুবই দুর্বল। দেশের সংস্কৃতি ও মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় হয়েছে। অনেক ক্ষেত্রেই সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান-বাজনা, নৃত্য এসব ক্ষেত্রে যে অগ্রগতি ছিল সেটা বহুখানি অবনমন হয়ে গেছে। মধ্যবিত্ত শ্রেণি দুর্বল হয়ে গেছে। দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার করেছে।
উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে বৈষম্য বাড়ছে জানিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশে যে সবচেয়ে বেশি ১০ শতাংশ ধনী আছে তারা ৪১ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে গরিব যে ১০ শতাংশ মানুষ আছে তারা ১ দশমিক ৩ শতাংশ আয়কে নিয়ন্ত্রণ করে। এই ব্যবধান কিন্তু বছর বছর বাড়ছে। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি গ্রামীণ দারিদ্র্যও বেড়েছে।
এই সমস্যা সমাধানে গণতান্ত্রিক পুনরুদ্ধারসহ মোট ১১টি সুপারিশ করে তিনি বলেন, নাগরিক সমাজের কাজের জায়গা আগের চেয়ে অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারে না। সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক পুনরুদ্ধার জরুরি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, অত্যন্ত স্নেহের পাত্র আমার, মেয়র তাপস; ছোটবেলা থেকে দেখেছি, কারণ একই পাড়ায় থেকেছি। আমরা সবাই যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, তিনি বললেন, বেশি কথা বললে ধোলাইখালে নিয়ে চুবাব।’ তিনি বলেন, ‘এখন কথা বলতে গেলে যদি চুবানোর ধমক খেতে হয়, আসলে কোন রাজনীতিকের কাছে যাব’
তিনি বলেন, ‘চুবানোর সংস্কৃতি কিন্তু শেখ ফজলে নূর তাপসের একার মধ্যে নেই। অনেকের মধ্যেই আছে। এমন কথা আরও অনেক জায়গায় শুনেছেন বলে উল্লেখ করেন।
সুলতানা কামাল বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা আসবে রাজনীতিবিদদের কাছ থেকে। কিন্তু রাজনীতিবিদরা কোথায় তাদের খুঁজে পাওয়া যায় না। যারা জনপ্রতিনিধি হবেন, তাদের সঙ্গে জনসাধারণের সংযোগ না থাকলে রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের।’
স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সুলতানা কামাল বলেন, স্বাস্থ্যব্যবস্থার নাকি এত উন্নতি হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। কিন্তু যারই অসুখ হচ্ছে এবং একটু সামর্থ্য আছে, দেশের বাইরে চলে যাচ্ছেন। তাহলে কাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলো এবং কী এমন উন্নতি হলো’, সে প্রশ্ন রাখেন তিনি।
নাসিম মঞ্জুর বলেন, ভারতের অর্থনীতি আমাদের চেয়ে বড়জোর ১০ গুণ বেশি। কিন্তু সেখানের চাকরির ওয়েবসাইট নকরি ডটকমে যতগুলো কর্ম অ্যাভেইলেবল তা আমাদের বিডিজবসের তুলনায় ১০০ গুণ বেশি। কর্মসংস্থানের সঙ্গে শিক্ষা ব্যবস্থার ডিরেক্ট সম্পর্ক আছে। সেখানে যদি পরিবর্তন না করতে পারি, আমরা কর্মসংস্থান করতে পারব না। আমরা এডুকেশনটাকে বেশি ভোগ করছি বাংলাদেশে। আমাদের ৭০ শতাংশ টারশিয়ারি এডুকেশন আসে পাবলিক ইউনিভার্সিটি থেকে। সবার আশা-আকাঙ্ক্ষা বেড়ে গেছে। সবার ছেলেমেয়ে ইউনিভার্সিটি পড়ছে। কিন্তু কর্মসংস্থানের সব জায়গায় কী বিএসসি, বিবিএ, দরকার দরকার নয়। এটা আমি ২২ বছর ধরে বলে আসছি। আমাদের কারিগরি শিক্ষা দরকার। কিন্তু এখানে সামাজিক সমস্যা আছে।
রেহমান সোবহান বলেন, গত ১৫-১৬ বছরে অনেক ভালো কাজ হয়েছে। আমার এক সময় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অলমোস্ট ৫০ বিলিয়ন ডলার, এখন আনফরচুনেটলি প্রায় ২০ বিলিয়ন ডলারে চলে আসছে। তার মানে এই নয় যে, এটা আবার ৫০ বিলিয়নে যেতে পারব না। শুধু গ্রোথ হয়নি, অনেক উন্নতি হয়েছে। পদ্মা ব্রিজ হয়েছে। এটা অনেক বড় কাজ। তিনি আরও বলেন, অবকাঠামোর উন্নয়ন দরকার আছে, করতে হবে। তা না হলে গ্রোথ হবে না, কর্মসংস্থান হবে না। উন্নয়নে আমরা প্রচুর অর্থ খরচ করছি। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা সমাধান করতে পারছি না। আমরা উন্নয়নে ফোকাস করছি বেশি। এছাড়া বাস্তবায়নের সমস্যা আছে, কারণ দুর্নীতি ও সুশাসনের সমস্যা আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি মো. আবদুল মতিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।
