Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মাত্র এক আলোকবর্ষ দূরে

মানবসৃষ্ট প্রথম বস্তু যা মহাকাশে এত দূরত্বে যেতে সক্ষম হয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিজ্ঞানীরা ভয়েজার নামে দুটি মহাকাশযান তৈরি করেছিলেন সৌর জগতের গ্রহ-উপগ্রহের খোঁজখবর নিতে। একদিন তারা গণ্ডি পেরিয়ে অনন্তের পথে রওয়ানা করে। দুই ভয়েজারের মধ্যে সামনে ছিল ভয়েজার-১। আর এখন সেটি নতুন ইতিহাস গড়তে চলেছে। মহাকাশে এক আলোক দিবস দূরত্বের কাছে যাওয়া এটি প্রথম মানবসৃষ্ট বস্তু। মজার বিষয় হলো-পৃথিবীর মায়া ছেড়ে অসীমের উদ্দেশে ছোটা এ দুটি যান এখনো মানুষের কাছে তাদের পথচলার সংকেত পাঠাচ্ছে। শনিবার নাসা ঘোষণা করে যে, তাদের ভয়েজার-১ মহাকাশযানটি শিগগিরই মানবসৃষ্ট প্রথম বস্তু হিসাবে পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’ বা আলোক-দিনের দূরত্ব অতিক্রম করবে। ১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে ১ হাজার ৬০০ কোটি মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে এই রোবোটিক মহাকাশযানটি একটি নতুন মাইলফলকে পৌঁছাবে। এ দূরত্বটি এক ‘লাইট-ডে’-এর (আলোক দিবস) সমান, অর্থাৎ আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করতে পারে।

১৯৮০ সালে শনি গ্রহের পাশ দিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভয়েজার ১-এর প্রাথমিক গ্রহ-অভিযান শেষ হয়। বর্তমানে এটি নক্ষত্রমণ্ডলগুলোর মধ্যবর্তী বিশাল শূন্যস্থান বা ‘ইন্টারস্টেলার স্পেস’-এ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার মাইল গতিতে এগিয়ে চলেছে। নাসার হিসাব অনুযায়ী, একটি পূর্ণ ‘লাইট-ইয়ার’ বা আলোক-বর্ষ দূরত্ব অতিক্রম করতে যানটির ১৮ হাজার বছর সময় লাগবে। আর অন্য কোনো নক্ষত্রের কাছাকাছি পৌঁছাতে এর দ্বিগুণ সময় প্রয়োজন হবে।

প্লটোনিয়াম শক্তিতে চালিত ভয়েজার ১-কে ভয়েজার ২-এর কিছু আগেই মহাকাশে পাঠানো হয়েছিল। উভয় মহাকাশযানই আজও নিয়মিত পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে চৌম্বক ক্ষেত্রের শক্তি ও দিক, চারপাশের চাপ, ধূলিকণা এবং গ্যালাকটিক কসমিক রশ্মি সংক্রান্ত বিভিন্ন তথ্য। ২০৩৫ সালে ভয়েজার-২ পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’ দূরত্বের মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।

নাসার প্রকৌশলীদের একটি ছোট দল এই যানগুলোকে সচল রেখেছে। তারা সাধারণত সপ্তাহে একবার এগুলোতে নির্দেশ পাঠায়; তবে কোনো যান্ত্রিক জটিলতা দেখা দিলে নির্দেশ পাঠানোর হার বাড়িয়ে দেওয়া হয়। অক্টোবর মাসে ভয়েজার ১-এর সঙ্গে নাসার যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

ভয়েজার ১ প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড এই মহাকাশযানটিকে একটি ‘জাতীয় সম্পদ’ হিসাবে অভিহিত করেছেন। তিনি এপিকে জানান, এই দুটি মহাকাশযানের কার্যক্রম অনেকটা আবহাওয়া উপগ্রহের কাজের মতোই। সাংস্কৃতিক ক্ষেত্রেও এই মহাকাশযানটির প্রভাব অপরিসীম। পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে থাকা অবস্থায় ১৯৯০ সালে ভয়েজার ১-ই পৃথিবীর সেই বিখ্যাত ছবি-‘পেল ব্লু ডট’ তুলেছিল। এক বিবৃতিতে প্ল্যানেটারি সোসাইটির বিল নাই বলেন, ‘আমরা সবাই-পৃথিবীর প্রতিটি মানুষ এই অভিযানগুলোর দ্বারা প্রভাবিত হয়েছি।’

সূত্র : আল জাজিরা

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাত্র এক আলোকবর্ষ দূরে

মাত্র এক আলোকবর্ষ দূরে

হরমুজে এক দিনে পাঁচ জাহাজে বিস্ফোরণ

হরমুজে এক দিনে পাঁচ জাহাজে বিস্ফোরণ

অর্থনৈতিক সম্মেলনে গভর্নর ব্যাংকের ছোট ঋণ দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে

ব্যাংকের ছোট ঋণ দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম