অর্থনৈতিক সম্মেলনে গভর্নর
ব্যাংকের ছোট ঋণ দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখনো নেতিবাচক মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকের ঋণ বিশেষ জায়গায় পুঞ্জীভূত। অথচ গ্রামে ঋণের চাহিদা থাকলেও তারা ঋণ পান না। ব্যাংকের কাজ শুধু করপোরেট গ্রাহককে ঋণ দেওয়া নয়, বরং ছোট ঋণেও বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, বড় গ্রাহক ঋণ খেলাপি হলে ব্যাংকের কি দায় নেই? ব্যাংক তো নথিপত্র যাচাই করে ঋণ দিয়েছে। সুতরাং ঋণ আদায় না হওয়ার দায় ব্যাংকেরও রয়েছে। যেমন-কোনো কলকারখানা বন্ধ হলে সেটা কাজে লাগাতে হবে। প্রয়োজনে কারখানা থেকে যন্ত্রপাতি বের করে দিয়ে সেখানে কাঁথা সেলাইয়ের ব্যবস্থা করতে হবে। যাতে অর্থনৈতিক কার্যক্রম একেবারে বন্ধ না হয়ে কোনো রকমে চালু থাকে। পর্যালোচনায় উঠে এসেছে, দেশে করপোরেট ঋণের হার ৭০ থেকে ৮০ শতাংশ। সেটা কমিয়ে আনা জরুরি। কেননা, ব্যাংকের কাজ শুধু করপোরেট ঋণ প্রদান নয়। খুচরা ও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে ব্যাংক ব্যবসার অনুমোদন দেওয়া হয়। আগামী বছর থেকে ক্ষুদ্র ঋণ ২০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।। পর্যায়ক্রমে এসব ঋণ ৪০ শতাংশ করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। যা উৎপাদন বাড়াবে। দেশের সমস্যা কমাবে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন উদ্যাপন উপলক্ষ্যে ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ : সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম অধিবেশনের জন্য নির্ধারিত সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরও বক্তব্য দেন-ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এবিবি সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম আবুল কাশেম, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ খান, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ালটন হাইটেকের এমডি ওয়ালিউর রহমান খালিদ।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গ্রামে ঋণের চাহিদা রয়েছে। অথচ ব্যাংক সেদিকে নজর দেয়নি। সেটা আমলে নিতে অনুরোধ করছি। তাদের ঋণ দিলে খেলাপি কমবে। কেননা, কৃষক ও ছোট গ্রাহক সময়মতো ঋণ শোধ করে।
ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, ডলার যে দামে কেনেন না কেন, তাতে লাভ হয়। কারণ কেনা দরের সঙ্গে একটা অতিরিক্ত চার্জ যোগ করে দেন। সেটার প্রভাব পড়ে ব্যবসায়ী ও ভোক্তার ওপর। সেটা কমাতে ব্যাংকারদের ওপর দাবি রাখছি। কারণ, দেশের ব্যবসা ও ভোক্তাদের দিকে খেয়াল রাখলে অর্থনীতি বেগবান হবে। তিনি বলেন, ব্যাংক পুনঃগঠনের জন্য আগামী পাঁচ থেকে আট বছর প্রতিবছরে ৬০ হাজার কোটি টাকা বাজেট থেকে চেয়েছি। সেটা বাস্তব কারণে দরকার। তিনি বলেন, মূল্যস্ফীতি খানিকটা কমেছে। যা ৫০ বেসিস পয়েন্ট। আরও কমাতে কাজ চলমান। গভর্নর বলেন, জ্বালানির জন্য সামনে যেন রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হয় সেজন্য কাজ চলমান। সোলারে গুরুত্বরোপ করা হয়েছে। সামনে জ্বালানি নিরাপত্তা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে এসএমই ঋণে বাড়তি জোর দেওয়া হয়েছে। বিদেশে পড়ালেখার খরচের জন্য সব পর্যায়ের শিক্ষার্থীর বৈধ সুযোগ দেওয়া হয়েছে। সব ঋণ দ্রুত ছাড়ের জন্য তাগাদা রয়েছে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পৃথিবীর সবচেয়ে সস্তা জ্বালানি কয়লা। কিন্তু আমরা কয়লার সব সোর্স সন্ধান করতে পারি না। আবার বাপেক্সের মধ্য সাগরে গ্যাস খননের সক্ষমতা নেই। ইতোমধ্যে আমরা এলএনজিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছি। যা চলমান রয়েছে।
তিনি বলেন, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হয় না। সেটা পুঁজিবাজার থেকে করা যেতে পারে। বড় প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে বন্ড ইস্যু করে জ্বালানির জন্য অর্থায়ন করতে হবে। মন্ত্রী বলেন, এলএনজি আমদানি হয় বেসরকারি পর্যায়ে। মূলত হাত বেশিবার বদলানোর কারণে জ্বালানির দাম বেড়ে যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তুকি দিতে হবে। কারণ রাজনৈতিক সরকার সেটা বন্ধ করতে চাইবে না। তবে কমাতে চেষ্টা করবে। জোগান বাড়লে ভর্তুকি কমে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ভালো ও বড় কোম্পানি তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে আস্থা বাড়বে। তখন অর্থায়নের পরিধি বেড়ে যাবে। বাজার চাঙা হবে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, খেলাপি ঋণ একটা বিব্রতকর বিষয়। এটা থেকে বের হতে হবে। তিনি বলেন, ব্যাংকের ওপর আস্থা ফিরছে। তারল্য ৪ লাখ কোটি টাকা। এটা যথাযথ বিনিয়োগ করার জন্য চেষ্টা করা হবে।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম আবুল কাশেম বলেন, দেশের ব্যাংকিং যেন রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। দেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আনতে হবে।
ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ খান বলেন, এয়ারপোর্টে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার সময় ব্যবসায়ীদের নেই। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ব্যাংকে দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে। সেটা দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নিতে হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেছেন, জ্বালানির জন্য এনার্জি এফিশিয়েন্ট তহবিলের ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তা বাড়ালে এ খাতে বিনিয়োগ বাড়বে। সোলার স্থাপনে খরচ কমাতে পারলে নতুন করে আগ্রহ বাড়বে মানুষের। পাশাপাশি আমাদের সোলারের জন্য যে তহবিল আছে, আমি অনুরোধ করবো এটাও যাতে আরেকটু বাড়ানো হয়। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঋণ এক্সিট পলিসি নিয়ে নানা দুর্বোধ্যতা রয়েছে। এটা সমন্বয় ও আয়ের খাতে সুদ দেখানো নিয়ে জটিলতা রয়েছে।
ওয়ালটন হাইটেকের এমডি ওয়ালিউর রহমান খালিদ বলেন, সুবিধা বাড়ালে আমরা রপ্তানি বাড়াতে পারব। বিশেষ করে জ্বালানি সংকট দূরীকরণে বিশেষ উদ্যোগ নিতে হবে। সোলার সিস্টেম সারা দেশে ছড়াতে হবে। সোলার ঋণ সহজে ছাড় করার জন্য গভর্নরের হস্তক্ষেপ দরকার।
