Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একাধিক কর্মকর্তা-কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে। চাঁদাবাজির মামলা তুলে নিতে ও নিয়মিত চাঁদা দিতে তিনি ও তার সহযোগীরা চাপ সৃষ্টি করছেন। শুধু মুঠোফোনে নয়, ফ্রেশ সিরামিক কারখানার প্রধান ফটকের সামনে গিয়েও কর্মকর্তা-কর্মচারীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে শিল্পপ্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মেঘনা গ্রুপের জিএম (অ্যাফেয়ার্স) খন্দকার মো. শফিকুল আলম শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুল জলিলের বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামে। তিনি ও তার সহযোগীরা মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সিরামিক কারখানাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে চলাচলকারী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদা আদায় করেন। কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে মারধরও করা হয়েছে। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার মো. মনিরউদ্দীন মামলাটি করেন।

অভিযোগকারী খন্দকার মো. শফিকুল আলম জানান, আব্দুল জলিল তার ব্যবহৃত ০১৮৫৫-৫২২২৩০ নম্বর থেকে মেঘনা গ্রুপের জিএম বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস, সিনিয়র জিএম মাহাবুব, জিএম শফিকুল ইসলাম এবং ফ্রেশ সিরামিকের সিনিয়র ম্যানেজার মনিরুজ্জামানকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফ্রেশ সিরামিকের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে প্রতিটি গাড়ির বিপরীতে ১১০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর ফ্রেশ সিরামিকের একটি ট্রাকের চালক মো. ফরিদ (৩১) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরদিন সকালে আবারও চাঁদা দাবি করে তারা। একপর্যায়ে টাকা দেওয়ার পর ট্রাকের চাবি ফেরত দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে চালক ফরিদকে হত্যার হুমকি দেওয়া হয়। মেঘনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতকারী গাড়ি থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২২ আগস্ট আব্দুল জলিলকে সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তাকে পুনরায় দলের স্বপদে বহাল করা হয়েছে। দলীয় পদ ফিরে পেয়ে তিনি আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে মেঘনাঘাট ও আষাঢ়ীয়ারচর এলাকায় বেপরোয়া হয়ে ওঠে।

শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেঘনা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, ‘তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। মেঘনা গ্রুপ আমার জমি দখল করেছে। প্রতিবাদ করায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। এখন তারা আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’ সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। আষাঢ়ীয়ারচর এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি টহল। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাত্র এক আলোকবর্ষ দূরে

মাত্র এক আলোকবর্ষ দূরে

হরমুজে এক দিনে পাঁচ জাহাজে বিস্ফোরণ

হরমুজে এক দিনে পাঁচ জাহাজে বিস্ফোরণ

অর্থনৈতিক সম্মেলনে গভর্নর ব্যাংকের ছোট ঋণ দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে

ব্যাংকের ছোট ঋণ দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম