হরমুজে এক দিনে পাঁচ জাহাজে বিস্ফোরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালিতে শনিবার এক দিনে পাঁচটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে এসব জাহাজে আগুন ধরে যায়। ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজে পুঁতে রাখা নৌ-মাইন বিস্ফোরিত হয়ে এসব জাহাজে আগুন ধরেছে। সম্প্রতি এক দিনে এতসংখ্যক জাহাজে আগুন লাগার ঘটনা এটাই প্রথম। ইরানে নতুন হামলা চালাতে ইসরাইল যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করার প্রেক্ষাপটে এসব জাহাজে বিস্ফোরণ ঘটল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরব ও ইয়েমেনে হুথিদের মধ্যে লড়াই অব্যাহত আছে। সৌদি জোট বলেছে, তারা রাজধানী রিয়াদ ও অন্যান্য অঞ্চলের দিকে ছোড়া হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর তাইজে সৌদিসমর্থিত সরকার বাহিনীর সঙ্গে হুথিদের ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। সরকারি বাহিনী বলছে, হুথিদের বিভিন্ন লক্ষ্যে শনিবার এক দিনে তারা শত শত হামলা চালিয়েছে।
ইয়েমেনি সরকারি বাহিনীর এক মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইরানসমর্থিত হুথিদের লক্ষ্য করে তারা ৭২৩টি হামলা ও অভিযান পরিচালনা করেছে। মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, এসব অভিযানের মধ্যে রয়েছে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা, ৮৯টি রকেট হামলা ও ৫৪১টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের অবস্থান, জমায়েতস্থল, যানবাহন ও যুদ্ধ সরঞ্জাম। মারিব ও আল-জওফ অঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল-নুজাইলি জানান, মাঠপর্যায়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সাম্প্রতিক এসব অভিযানে হুথিদের ৩২১ জন যোদ্ধা ও নেতা হতাহত হয়েছেন; তাদের ১১৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেশম দ্বীপের কাছে মার্কিন ড্রোন ভূপাতিত : ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা মার্কিন গোয়েন্দা ও যুদ্ধ ড্রোনের সংখ্যা ক্রমাগত বাড়ছে; যার মধ্যে এমকিউ-১ এবং এমকিউ-৯ মডেলের ড্রোনও রয়েছে। আইআরজিসি জানিয়েছে, পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপের আকাশে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোনকে শনাক্ত করে ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে দুপুর আড়াইটার দিকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। বিবৃতিতে ড্রোনটিকে মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-১ সিরিজের একটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন হিসাবে উল্লেখ করা হয়েছে। একে শত্রুপক্ষের গোয়েন্দা অভিযানের আরেকটি ব্যর্থতা বলে অভিহিত করেছে আইআরজিসি। তাদের তথ্য অনুযায়ী, এ নিয়ে তাদের হাতে ধ্বংস হওয়া মার্কিন এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়াল ১৭টিতে। এছাড়া তারা এ পর্যন্ত ৫৬টি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করেছে।
