Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস

পরিবার ও সমাজে প্রবীণদের জন্য করণীয়

Icon

মনজু আরা বেগম

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিবার ও সমাজে প্রবীণদের জন্য করণীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস। ছবি: সংগৃহীত

Advertisement

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবার এ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘The Journey to Age Equality’; বাংলায় যাকে বলা হয়েছে ‘বয়সের সমতার পথে যাত্রা’। সম্ভবত এর মানে দাঁড়ায় প্রবীণদের দূরে না রেখে সব বয়সের মানুষের সঙ্গে সমযাত্রা।

অর্থাৎ প্রবীণদের যেন সমাজে আলাদা চোখে দেখা না হয়। সবার সঙ্গে যেন সমানভাবে সমান উদ্যমে চলতে পারে এবং সে মর্যাদাটুকু যাতে প্রবীণরা পায়। মানবজীবনের স্বাভাবিক গতি প্রবাহে অলঙ্ঘনীয়, অবশ্যম্ভাবী ও অনিবার্য সময় হচ্ছে বার্ধক্য।

কোনো মানুষই চায় না তার জীবনে বার্ধক্য আসুক। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়ম অস্বীকার করার ক্ষমতা কারও নেই। আজ যে নবীন, সময়ের বিবর্তনে কাল তাকে প্রবীণ হতেই হবে। কিন্তু এ অমোঘ বাস্তবতাকে অনেকে স্বীকার করে নিতে চায় না। আর চায় না বলেই পরিবার ও সমাজে প্রবীণরা আজ অপাঙক্তেয় বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। মাথাপিছু আয় বাড়ছে। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার ফলে প্রবীণের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন।

বিশ্বে ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী লোকসংখ্যা প্রায় ৬০ কোটির বেশি এবং ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে এবং ২০৫০ সাল নাগাদ ২০০ কোটিতে গিয়ে দাঁড়াবে। জনসংখ্যাবহুল বাংলাদেশে প্রবীণদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে; যা অতীতের যে কোনো সময়ের তুলনায় দ্রুততম গতিতে বাড়ছে।

বাংলাদেশে প্রবীণের সংখ্যা ১ কোটি ৪০ লাখ বলা হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

পরিবার ও সমাজে তারা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসা সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তারা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন।

এক সমীক্ষায় জানা যায়, পারিবারিক সহায়তা, পেনশন ও বয়স্ক ভাতার আওতাধীন প্রবীণ ছাড়াও এ দেশের প্রায় দুই-তৃতীয়াংশ প্রবীণ জনগোষ্ঠী অযত্ন-অবহেলার শিকার। এ জনগোষ্ঠী তাদের জীবনের ন্যূনতম প্রয়োজন মেটাতে অক্ষম।

ফলে অনেকেই ভিক্ষাবৃত্তির মতো পেশা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। অধিকাংশ প্রবীণের কর্মক্ষমতা লোপ পাওয়ায় পরিবারের সন্তান বা অন্য সদস্যের ওপর নির্ভরশীল হওয়ায় তারা প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার শিকার হন।

যারা সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন, অবসর গ্রহণের পর পেনশনের টাকার ওপর নির্ভরশীল হয়ে তাদের জীবন কাটাতে হয়। নিজের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য থাকে না। অনেক সময় পছন্দের খাবার খেতে ইচ্ছা করলেও লজ্জায় মুখে কিছু বলতে পারেন না।

এই যে মানসিক কষ্ট, এটা অনেক পরিবারের সদস্য বুঝতে চেষ্টা করেন না বা করলেও না বোঝার ভান করে এড়িয়ে যান, যা প্রবীণদের মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। প্রবীণদের মানসিক কষ্ট বা যন্ত্রণা নবীনরা বুঝতে চায় না।

তারা বুঝতে চায় না, পরিবার ও সমাজকে তারা অনেক কিছু দিয়েছে। আজ তারা দিতে পারছে না বলে তাদের অবহেলা বা অনাদর করার কোনো সুযোগ নেই। এ অবস্থায় তাদেরও একদিন আসতে হবে- এ বাস্তবতাকে তারা আমলে নেয় না। আর নেয় না বলেই প্রবীণরা পরিবার ও সমাজে অবহেলার শিকার হচ্ছে।

পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে পারিবারিক বন্ধন অত্যন্ত সুদৃঢ়। কিন্তু সময়ের পরিক্রমায় এ বন্ধনগুলো ধীরে ধীরে ঢিলে হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট হয়ে যাচ্ছে। এর ফলে প্রবীণরা আরও বেশি একাকিত্বের যন্ত্রণা ও অবহেলার শিকার হচ্ছেন।

বাবা-মায়ের প্রতি সন্তানদের যে দায়িত্ব ও কর্তব্য; তা অধিকাংশ সন্তানই পালন করেন না। সন্তানরা তাদের অবস্থান ধরে রাখতে না পারার কারণে ছেলের বউরাও শ্বশুর-শাশুড়ির প্রতি অন্যায় আচরণ করেন এবং অবহেলার চোখে দেখেন।

এ দৃশ্য আমাদের সমাজে একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ বের করতে হবে। তা না হলে পরিবার ও সমাজে প্রবীণরা আরও বেশি নিগৃহীত ও নির্যাতনের শিকার হবেন।

এশিয়ার সবচেয়ে ধনী দেশ জাপানে প্রবীণদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এ প্রবণতা যাতে আমাদের মাঝে বিস্তৃত না হয়, সেদিকে সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীসহ সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের চারপাশে প্রবীণদের নিয়ে কিছু কিছু ঘটনা মনটাকে বিক্ষিপ্ত এবং অনেক ভারি করে তোলে।

গত মার্চ মাসে দিনাজপুরের বিরামপুরের ইউএনও প্রবীণদের নিয়ে একটি গণশুনানির আয়োজন করেছিলেন। যেখানে একটি ইউনিয়নের ২৫ বৃদ্ধ নারী ও ৪ জন পুরুষ অংশ নেন; যারা সবাই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত।

এসব বৃদ্ধ নারীর প্রায় সবাই যে অভিযোগটি করেছেন তা হল, সন্তানরা তাদের অবহেলা করে। পিতামাতার ভরণপোষণের দায়িত্ব তারা নেয়নি; ফলে জীবন-জীবিকার তাগিদে এসব বৃদ্ধ পিতামাতাকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয়েছে।

এত গেল দরিদ্র ও কৃষক শ্রেণির মানুষের কথা। আমাদের সমাজে অনেক মধ্যবিত্ত ও ধনিক পরিবারের সন্তানরা সামর্থ্য থাকা সত্ত্বেও বাবা-মায়ের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করেন না বা বাবা-মাকে দেখভাল করেন না। বৃদ্ধ বয়সে তাদের বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ পরিবেশে জীবনের বাকি সময় কাটাতে হয়।

আমাদের পারিবারিক বন্ধন দিন দিন শিথিল হয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে এটি আরও বিস্তৃত হচ্ছে। আকাশ সংস্কৃতি, স্মার্টফোন আসক্তি ইত্যাদি কারণে আধুনিক প্রজন্ম পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আমাদের মানবিক গুণাবলিগুলো লোপ পেতে বসেছে। উল্লেখ্য, দেশে যে কয়টি বৃদ্ধাশ্রম আছে; সেখানে অবস্থানরত অধিকাংশই মধ্যবিত্ত পরিবার থেকে আসা এবং এদের অনেকের সন্তান দেশের বাইরে অবস্থান করায় এবং বৃদ্ধ বাবা-মাকে দেখভাল না করার কারণে অনন্যোপায় হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

অনেকের কাছেই শুনতে হয়েছে, সন্তানদের অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এখন তারা নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকার কারণে বাবা-মায়ের দেখভাল করতে পারেন না। এসব অকৃতজ্ঞ সন্তান একবারও ভাবে না তাদের কাছ থেকে তাদের সন্তানরা কী শিক্ষা পাচ্ছে?

এ সন্তানরা একদিন বড় হয়ে তাদেরও অবহেলা-অনাদর করতে পারে। তাদের ঠিকানাও একদিন বৃদ্ধাশ্রম হবে, এটি নিশ্চিত করে বলা যায়। বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা যেমন অমার্জনীয়, তেমনি দণ্ডনীয় অপরাধ। ২০১৩ সালে পিতামাতার ভরণপোষণ আইনটি পাস হয়েছে। এ আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তাদের পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে।

ভরণপোষণ বলতে খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা ও বসবাসের সুবিধা এবং সঙ্গ প্রদানকে বোঝানো হয়েছে। এ আইনে সন্তান বলতে সক্ষম ও সামর্থ্যবান পুত্র-কন্যা উভয়কেই বোঝানো হয়েছে। এ আইনে বলা হয়েছে, ‘পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করিবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতামাতার একই সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে।

কোনো সন্তান তাহার পিতা বা মাতাকে বা উভয়কে তাহার বা ক্ষেত্রমতো, তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধনিবাস বা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাস করিতে বাধ্য করিবে না।’

কিন্তু এ আইন সম্পর্কে ক’জন সন্তান জানে বা মানে। আমাদের দেশে অনেক আইন আছে; কিন্তু তার প্রয়োগ নেই। এ ব্যাপারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আইনের বিধিবিধানগুলোর যথাযথ প্রয়োগ হলে পরিবার ও সমাজে প্রবীণরা কিছুটা হলেও স্বস্তি ও শান্তিতে থাকতে পারবেন। আমরা আশা করব, উন্নত বিশ্বের মতো সরকার সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাংক, বীমা, গণপরিবহন, হাসপাতাল-চিকিৎসা ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাধ্যতামূলক করবে; আন্তর্জাতিক প্রবীণ দিবসে এটাই প্রবীণ জনগোষ্ঠীর প্রত্যাশা।

মনজু আরা বেগম : লেখক ও গবেষক; সাবেক মহাব্যবস্থাপক, বিসিক

[email protected]

 

Advertisement

আন্তর্জাতিক প্রবীণ দিবস পরিবার সমাজ বৃদ্ধ

Advertisement

আরও পড়ুন

শতফুল ফুটতে দাও কঠিন সময়ে যোগ্য নেতা

কঠিন সময়ে যোগ্য নেতা

মজুরি বাড়ানোর আগে ব্যয়ের হিসাব কষুন

মজুরি বাড়ানোর আগে ব্যয়ের হিসাব কষুন

দেশীয় বিনিয়োগেই হোক নিজস্ব এআই অবকাঠামো

দেশীয় বিনিয়োগেই হোক নিজস্ব এআই অবকাঠামো

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম