Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

কৃষিকেও গুরুত্ব দিতে হবে

Icon

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশে জিডিপিতে কৃষির অবদান ১৪.২৩ শতাংশ। অন্যদিকে কলকারখানাগুলো অবদান রাখছে ৩৩.৬৬ শতাংশ এবং বাকি ৫২.১১ শতাংশ অন্যান্য সেক্টর থেকে জিডিপিতে যোগ হচ্ছে। ‘দ্য গ্লোবাল ইকোনমি’র তথ্য অনুযায়ী বিশ্বের ১৬১টি দেশের মধ্যে জিডিপিতে কৃষি খাতের অবদান রাখা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৩তম। প্রথম অবস্থানে রয়েছে সিয়েরা লিয়ন এবং ১৬১তম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। জিডিপিতে কৃষির অবদানের মধ্যে শস্য, লাইভস্টক, মৎস্য ও বনায়ন থেকে যোগ হচ্ছে যথাক্রমে ৫৫, ১৪, ২২ ও ৯ শতাংশ। আমাদের দেশের প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর নিরলস প্রচেষ্টায় জিডিপিতে কৃষির অবদান গত ১০ বছর ধরে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। জিডিপিতে কৃষি খাতের এই জোরালো অবদান কিভাবে চলমান রাখা যায় সেদিকে আমাদের নজর দেয়া অত্যন্ত জরুরি।

প্রাণঘাতী করোনার সময় মাঠ থেকে ফসল সংগ্রহ করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রণালয় দ্রুত গতিতে কম্বাইন্ড হারভেস্টর সরবরাহের মাধ্যমে হাওড় অঞ্চলসহ অন্যান্য এলাকার ধান শতভাগ কাটতে কৃষকদের সহায়তা করেন। বর্তমানে করোনা নামক দুর্যোগটি চলমান থাকায় এই মহামারী যাতে কৃষির ওপর ব্যাপক কোনো প্রভাব ফেলতে না পারে তার জন্য একটি দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা করা উচিত। ওই পরিকল্পনাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে করোনার মতো অন্য কোনো সংকট সৃষ্টি হলেও তা কৃষির খাতের ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে।

বাংলাদেশে মোট ফসলি জায়গা ১,৫০,৩৪০৭১ হেক্টর। বিভিন্ন সময়ে বন্যা, খরা, লবণাক্ততা, পোকামাকড়, বিভিন্ন রকম দূষণসহ নানা কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। তারপরও সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৮ সালে প্রায় ৩৬ মিলিয়ন টন ধান উৎপন্ন হয়, যেখানে আমাদের মোট জনসংখ্যার জন্য চাহিদা ছিল ২৯ মিলিয়ন টন। ওই হিসাব অনুযায়ী ওই বছর প্রায় ৭ মিলিয়ন টন অতিরিক্ত ধান উৎপাদিত হয় বাংলাদেশে। ধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য হওয়ায় নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশে করোনা মহামারীর সময়ও খাদ্য সংকট সৃষ্টি হয়নি। নিঃসন্দেহে এটি একটি সৌভাগ্যের বিষয়।

মৎস্য উৎপাদনেও বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশে গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি এবং হাঁস রয়েছে যথাক্রমে প্রায় ২৫.৭, ০.৪৩, ১৪.৮, ১.৯, ১১৮.৭ এবং ৩৪.১ মিলিয়ন। দানাজাতীয় ফসল, সবজি, মৎস্য ও লাইভস্টকে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। পাশাপাশি ভিটামিন, মিনারেল্স, শর্করাসহ অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে। ওই উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিধায় সেগুলো মানবদেহের জন্য সাধারণত সব সময় প্রয়োজন।

বর্তমান বিশ্বে প্রাণঘাতী কোভিড-১৯ রোগের সংক্রমণের কারণে বিশ্বের কোনো কোনো দেশে কৃষি ফসল উৎপাদনসহ স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ভবিষ্যতে এতে বিপুল জনসংখ্যার দেশ বাংলাদেশেও এর প্রভার পড়তে পারে। সম্প্রতি বাঘ নামক প্রাণীটিও প্রাণঘাতী কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এভাবে যদি মানুষ থেকে ভাইরাসটি প্রাণীতে ছড়ায় তাহলে তা নতুন করে নানা ধরনের সংকট সৃষ্টি করতে পারে। সমুদ্র থেকে মৎস্য আহরণসহ গবাদি পশু পালন ও ফসল উৎপাদন সর্বক্ষেত্রেই মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কোভিড-১৯ অদৃশ্য হওয়ায় সর্বক্ষেত্রেই মানুষকে সতর্কতার সঙ্গে কৃষিকাজ করতে হবে। বিভিন্ন সশ্যের বাজার দর ও স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে কেউ যাতে কৃষিকাজে উৎসাহ হারিয়ে না ফেলে সেজন্যও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

কোভিড-১৯ এর মতো আরও বহু রকমের মহামারীর সম্মুখীন হয়েছিল গোটা বিশ্ব। ইউরোপে টিবির প্রার্দুভাব দেখা দিয়েছিল ১৬০০-১৮০০ সালের দিকে। ওই রোগে ইংল্যান্ডে প্রতি চারজনে একজন ও ফ্রান্সে প্রতি ছয়জনে একজন মানুষ মারা গিয়েছে। অন্যদিকে ১৮ শতকের দিকে গুটিবসন্তের প্রাদুর্ভাবে প্রতি বছরে প্রায় অর্ধমিলিয়ন মানুষ মারা গিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গোটা বিশ্বে প্রায় ১৫ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছিল গুটি বসন্তে। ব্যাকটেরিয়াবাহিত রোগ প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল চৌদ্দ শতকের মধ্যবর্তী সময়ে। ওই রোগে পাঁচ বছরে প্রায় ২৫ মিলিয়ন মানুষ মারা যায়। আঠার শতকের দিকে কলেরা ও ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবে গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। উনিশ শতকের দিকে পোলিও মহামারী দেখা দিয়েছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে। প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৮-১৯১৯) গোটা বিশ্বে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিল। এছাড়া এইড্স, মার্স, সার্স ও সোয়াইন ইনফ্লুয়েঞ্জারের মতো প্রাণঘাতী জীবাণুও পৃথিবীতে আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে।

প্রতিটি মহামারীর সময় নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহের বিষয়টি ছিল ফ্রন্টলাইনে। কোভিড-১৯ অন্যান্য মহামারীর প্রাদুর্ভাবের তুলনায় অনেকটাই ব্যতিক্রম ও মারাত্মক। ফলে নিরাপদ খাদ্য উৎপাদনসহ সরবরাহের জন্য কৃষিবিজ্ঞানী ও কৃষক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে যদিও দিনরাত কাজ করে যাচ্ছেন, তবু ভবিষ্যতে কোভিড-১৯ এর মতো প্রাণঘাতী মহামারী মোকাবেলা করার শক্তি ও সাহস সঞ্চয়ের জন্য সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।

কৃষিক্ষেত্রেও করোনা আতঙ্ক বিরাজমান সারাবিশ্বে। বিশেষজ্ঞদের মতে মহামারী যদি দীর্ঘদিন চলমান থাকে, তাহলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। ফলে পৃথিবীতে ৩ কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে না খেয়ে মারা যেতে পারে। এমতাবস্থায় কৃষিকেও ফ্রন্টলাইনে বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কোভিড-১৯ মহামারীসহ অন্যান্য দুর্যোগের সময় দেশকে খাদ্য সংকট থেকে বাঁচাতে হবে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে করোনা দুর্যোগের এই শিক্ষা ভবিষ্যতে অন্য যেকোনো ধরনের সংকট মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

যদিও এখন পর্যন্ত বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যতে কৃষির ওপর চলমান করোনার প্রভাব মোকাবেলা করার জন্য সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। ওই পরিকল্পনায় কয়েকটি বিষয়ের দিকে নজর দেয়া যেতে পারে-

করোনাসহ নানা দুর্যোগের কারণে কী পরিমাণ ফসল, সবজি, মাছ ও মাংস উৎপাদন ব্যাহত হতে পারে তার একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান কৃষি সম্প্রসারণ, মৎস্য ও পশুসম্পদ অধিদফতরের সহায়তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে তৈরি করা উচিত। যেহেতু দুর্যোগের সময় দৈনিক শ্রমিক পাওয়ার ক্ষেত্রে সংকট সৃষ্টি হয় এবং তা ঝুঁকিপূর্ণ সেহেতু আগে থেকেই কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে এবং এসব যন্ত্রের মজুদও বাড়াতে হবে। সার, বীজ ও কীটনাশক কৃষিকদের মধ্যে বিনামূল্যে অথবা সুলভ মূল্যে অনুমোদিত ডিলারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষকদেরকে বিনা সুদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়ার ব্যবস্থা করা, যা পরবর্তী সময় ফসল বিক্রি করে সংশ্লিষ্টরা ওই ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবেন। অন্যদিকে মৎস্য ও পশু সম্পদ অধিদফতরের সহায়তায় খামারিদের মধ্যে পর্যাপ্ত টেকনিক্যাল সহায়তা অব্যাহত রেখে তাদের মধ্যেও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখতে হবে। ফলে মানুষের মধ্যে প্রাণিজ আমিষের সরবরাহের ঘাটতি থাকবে না।

সার্টিফাইড খাদ্য উৎপাদন ও ফার্মারস মার্কেটের বিষয়টিও নজরে আনতে হবে। প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে সরকারিভাবে ফার্মারস মার্কেট চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। ওই মার্কেটে কৃষক ও উৎপাদকরা নির্ধারিত দামে সেসব বিক্রি করবেন। প্রতিটি কৃষিপণ্য স্থানীয় বাজারে কত টাকা বিক্রি হয়ে শহরের ফার্র্মাস মার্কেটে যাচ্ছে তা প্রতিটি স্থানের মূল্য লেখা থাকবে। ফলে শহরের একজন ক্রেতা কত বেশি দামে ক্রয় করল তা সহজেই বুঝতে পারবে। আর একটি বিষয়ে খুবই জোর দেয়া উচিত, সেটি হল- প্রতিটি কৃষিপণ্যের গায়ে লেখা থাকবে ‘সার্টিফাইড ফুড’। যদি কেমিক্যাল ব্যবহার ছাড়া কোনো সব্জি/মাছ/পশু উৎপাদিত হয়, তাহলে লিখা থাকবে ‘অরগানিক ফুড’। অন্যান্য ক্ষেত্রে ‘ইন-অরগানিক ফুড’ লেখা থাকবে। বর্তমানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় ফুড সার্টিফিকেশনের বিষয়টিও গুরুত্ব বহন করে।

পরিশেষে বলা যায়, ‘নিরাপদ খাদ্য উৎপাদন’ যদি খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত হয়, তাহলে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোভিড-১৯ এর মতো মহামারী মোকাবেলা করা সহজ হবে। ফলে হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ কমে যাবে। একটি দেশের চিকিৎসা খরচসহ জাতীয় খরচও কমে যাবে। ফলে দেশে জিডিপি প্রবৃদ্ধির হারও বেড়ে যাবে। সঠিকভাবে যদি বিষয়টি উপস্থাপন করা যায় তাহলে বলতে হয় যে, ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর মতো আমাদের দেশের কৃষক ও কৃষিবিজ্ঞানীসহ সংশ্লিষ্টরাও ফ্রন্টলাইনে থেকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : সহযোগী অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকমুখী পুলিশের রূপরেখা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জাতীয় ভূমিকা পুনর্বিবেচনা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জাতীয় ভূমিকা পুনর্বিবেচনা

ইতিহাসের ক্রন্দন ও উপকূলের ন্যায্যতা

ইতিহাসের ক্রন্দন ও উপকূলের ন্যায্যতা

অন্যমত অর্থনীতির চালিকাশক্তিগুলোকে কাজে লাগাতে হবে

অর্থনীতির চালিকাশক্তিগুলোকে কাজে লাগাতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম