ইতিহাসের ক্রন্দন ও উপকূলের ন্যায্যতা
ড. এম. আমীরুল হক পারভেজ চৌধুরী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘দূরের আর্তনাদের নদীর, ক্রন্দন কোন ঘাটের ভ্রুক্ষেপ নেই, পেয়েছি আমি আলিঙ্গনের সাগর।’ আলমগীর কবির পরিচালিত সীমানা পেরিয়ে চলচ্চিত্রের এই গানের পঙ্ক্তি যেন আজও উপকূলের মানুষের বেদনা ও আর্তনাদের প্রতিধ্বনি। ৫৬ বছর পেরিয়ে গেলেও ১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্রন্দন থামেনি। সময় বদলেছে, বদলেছে জনপদ; কিন্তু উপকূলের মানুষের দুর্যোগ, অনিশ্চয়তা ও বেঁচে থাকার সংগ্রাম আজও অব্যাহত।
১৯৭০ সালের ১২ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে। বিশ্ব আবহাওয়া সংস্থার হিসাবে এ ঘূর্ণিঝড়ে প্রাণহানি পাঁচ লাখ পর্যন্ত পৌঁছেছিল। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ভোলা, তৎকালীন নোয়াখালী ও পটুয়াখালীসহ বিস্তীর্ণ জনপদ পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। তজুমদ্দিন ও মনপুরার অসংখ্য মানুষের প্রাণহানি, নিশ্চিহ্ন বসতভিটা এবং নদী-সাগরে ভেসে থাকা মানুষের মরদেহ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষ্য বহন করে। এক রাতেই নিঃস্ব হয়েছিল অসংখ্য পরিবার।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘মনপুরা ৭০’ শিল্পকর্ম সেই বিপর্যয়ের এক অনন্য মানবিক দলিল। মনপুরায় ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি প্রত্যক্ষ করে মানুষের কান্না এবং সমুদ্রের খাঁড়িতে গবাদিপশু ও মানুষের মরদেহ পড়ে থাকার যে বর্ণনা তিনি দিয়েছেন, তা আজও শিউরে ওঠার মতো। অন্যদিকে, এ ঘূর্ণিঝড়ের মানবিক ও সামাজিক বাস্তবতা চলচ্চিত্রেও স্থান পেয়েছে। আলমগীর কবিরের ১৯৭৭ সালের ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রে নির্জন দ্বীপে আটকে পড়া বিত্তশালী পরিবারের এক তরুণী ও দরিদ্র এক তরুণের বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণিবিভাজন, সহমর্মিতা ও মানবিক সম্পর্কের গভীর তাৎপর্য ফুটে উঠেছে। প্রকৃতির কাছে সামাজিক পরিচয় ও শ্রেণিগত অহংকার যে কত অসহায়, চলচ্চিত্রটি সেই সত্যই তুলে ধরে।
১২ নভেম্বরের বিপর্যয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর উদাসীনতা ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থতা রাষ্ট্রীয় বৈষম্যকে আরও প্রকট করে তোলে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এ ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত না হলে পশ্চিম পাকিস্তানকে বিদায় জানানোর রাজনৈতিক বার্তা দিয়েছিলেন তিনি। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা প্রত্যক্ষ করার পর ২৩ নভেম্বর ঢাকার পল্টনের জনসভায় তিনি আবারও পশ্চিম পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ জানিয়ে স্বাধীন পূর্ব পাকিস্তানের ঘোষণা দেন। এভাবে ঘূর্ণিঝড়ের মানবিক বিপর্যয় বাঙালির রাজনৈতিক অধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করার অন্যতম অনুঘটক হয়ে ওঠে।
আজ ৫৬ বছর পরও সেই ইতিহাসের শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ভূমিক্ষয়, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলের মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় নগণ্য হলেও এর ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির বোঝা বহন করতে হচ্ছে উপকূলের মানুষকেই। এখানেই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এ প্রেক্ষাপটে তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন-কপ৩১। ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের জলবায়ু কর্মপর্ব অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে জলবায়ু অঙ্গীকারের বাস্তবায়ন, অভিযোজন, অর্থায়ন, সহনশীলতা ও ক্ষয়ক্ষতি মোকাবিলা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের জন্য এ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। উপকূলীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার ভিত্তিতে ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার দাবি জোরালো করতে হবে।
জলবায়ু অভিযোজন মানে শুধু বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ নয়; এর সঙ্গে যুক্ত নিরাপদ পানির নিশ্চয়তা, জলবায়ু-সহনশীল কৃষি, টেকসই মৎস্যব্যবস্থা, বিকল্প কর্মসংস্থান, উপকূলীয় বনায়ন, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ বসতি গড়ে তোলা। এসব পরিকল্পনায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা, জ্ঞান ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলা উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। প্রায় পাঁচ কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকূলের সঙ্গে সম্পর্কিত। কৃষি, মৎস্য, সামুদ্রিক সম্পদ, নৌপরিবহণ ও জাতীয় অর্থনীতিতে উপকূলের অবদান অপরিসীম। অথচ উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে উপকূলের মানুষের অধিকার ও নিরাপত্তা প্রত্যাশিত গুরুত্ব পায় না।
এ বাস্তবতায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি নিছক একটি দিবস প্রতিষ্ঠার দাবি নয়; এটি ইতিহাসের প্রতি দায়বদ্ধতা, লাখো মানুষের আত্মত্যাগের স্বীকৃতি এবং উপকূলবাসীর অধিকার প্রতিষ্ঠার জাতীয় অঙ্গীকার। ২০১৫ সালে উপকূল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ দাবির প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে নতুন প্রজন্ম উপকূলের ইতিহাস জানার পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাবে। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ‘বিশ্ব উপকূল দিবস’ প্রতিষ্ঠায় বাংলাদেশ উদ্যোগ নিতে পারে।
১৯৭০ সালের ঘূর্ণিঝড় আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য রেখে গেছে-জয়নুল আবেদিনের তুলিতে মানুষের আর্তনাদ, মওলানা ভাসানীর কণ্ঠে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং আলমগীর কবিরের চলচ্চিত্রে দুর্যোগের মধ্যেও মানবিক সম্পর্কের জয়গান। এই তিন অনুষঙ্গ মনে করিয়ে দেয়-উপকূল শুধু ভৌগোলিক সীমারেখা নয়; এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও জাতীয় আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।
সত্তরের ঘূর্ণিঝড় তাই শুধু অতীতের শোকাবহ ঘটনা নয়; এটি বর্তমানের শিক্ষা এবং ভবিষ্যতের সতর্কবার্তা। ইতিহাসের কাছে আমাদের দায় শুধু নিহতদের স্মরণ করা নয়, উপকূলের মানুষের জীবন, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও। ১২ নভেম্বর শুধু স্মরণের দিন নয়, উপকূলের মানুষের অধিকার, নিরাপত্তা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জাতীয় অঙ্গীকারের দিন। ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষিত হোক। এ স্বীকৃতি হোক ইতিহাসের প্রতি শ্রদ্ধা, উপকূলবাসীর প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং জলবায়ু ন্যায়বিচারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার।
ড. আমীরুল হক পারভেজ চৌধুরী : উপকূল গবেষক; প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপকূল ফাউন্ডেশন
