অর্থনীতি ও পরিবেশের উন্নয়নে সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বব্যাংকের তথ্যমতে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সমুদ্রে বিদ্যমান সামুদ্রিক সম্পদের অবদান রয়েছে। ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির সঙ্গে সামুদ্রিক সম্পদের সংযোগ দৃশ্যমান।
সামুদ্রিক সম্পদের পরিমাণ যে কোনো দেশের সমুদ্রসীমার ওপর নির্ভর করে। সেদিক থেকে দেখা যাচ্ছে, সমুদ্র বিজয়ে বাংলাদেশে ব্লু-ইকোনমির গুরুত্ব লাগামহীনভাবে বেড়ে গেছে।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশের দখলে এসেছে।
স্বাধীন বাংলাদেশের স্থলসীমার মোট আয়তন ১ লাখ ৪৮ হাজার ৪৬০ বর্গকিলোমিটার। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের অর্জিত সমুদ্রসীমার আয়তন বিদ্যমান স্থলসীমার প্রায় সমআকৃতির।
ওই রায়ে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক আঞ্চল বাংলাদেশের দখলে এসেছে। চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে বিদ্যমান সব জলজ উদ্ভিদ ও প্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য এসেছে।
মোটা দাগে বলা যেতে পারে, বিদ্যমান স্থলভাগের বাইরেও সমুদ্র বিজয়ে অর্জিত জলসীমার মাধ্যমে আরেক বাংলাদেশের জন্ম হয়েছে। চলমান অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্বকে উড়িয়ে দেওয়া যায় না।
বিশ্বের বিভিন্ন দেশে ব্লু-ইকোনমির ব্যাপক গুরুত্ব রয়েছে। অস্ট্রেলিয়ায় জিডিপিতে ব্লু-ইকোনমির অবদান প্রায় ৪৭ দশমিক ৩ মিলিয়ন ডলার। ওই দেশের সরকার আশা করছে, ২০২৫ সালের মধ্যে জিডিপিতে ব্লু-ইকোনমির অবদান বেড়ে ১০০ মিলিয়ন ডলারে দাঁড়াবে।
এছাড়া চীন, ইউরোপীয় ইউনিয়ন, আয়ারল্যান্ড, মরিশাস ও যুক্তরাষ্ট্রের জিডিপিতেও ব্লু-ইকোনমির ব্যাপক অবদান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের জিডিপিতেও ব্লু-ইকোনমির অবদান বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সমগ্র বিশ্বে জনসংখ্যা ক্রমশ বাড়ছে। বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিও অগ্রাধিকারযোগ্য।
খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উপস্থিতিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। অনেক সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও প্রাণীতে বিভিন্ন ধরনের দুর্লভ পুষ্টি উপাদান রয়েছে। দৃশ্যমান জলাভূমি ও স্থলসীমায় বিদ্যমান প্রাকৃতিক সম্পদের মাধ্যমে ওই পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করা অসম্ভব।
সেদিক থেকে দেখা যাচ্ছে, সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও প্রাণীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। গবেষণায় দেখা যায়, সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও প্রাণী বিশ্বের প্রায় ৪৩০ কোটি মানুষের জন্য প্রায় ১৫ শতাংশ প্রোটিন জোগান দিয়ে যাচ্ছে।
পরিসংখ্যানে আরও দেখা যায়, পৃথিবীতে মানবজাতির জন্য প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানি তেলের সিংহভাগ সমুদ্র থেকে উৎপাদিত হচ্ছে। ব্লু-ইকোনমির ওপর ভিত্তি করে সমুদ্রে মৎস্য আহরণ, জাহাজ চলাচল, জৈবপ্রযুক্তি, খনিজ পদার্থ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক পণ্য উৎপাদন কারখানা, পর্যটন ও অবকাশ কেন্দ্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্র ক্রমেই বেড়ে চলছে।
আশা করা যাচ্ছে, সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে আরও নতুন নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক সম্পদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রে বিদ্যমান সামুদ্রিক সম্পদের ওপর গবেষণা অব্যাহত রয়েছে। সমুদ্র বিজয়ের পর ইতোমধ্যে বাংলাদেশও সামুদ্রিক সম্পদের ওপর গবেষণা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমুদ্রে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণিজ প্রজাতি রয়েছে। জাতিসংঘের তথ্যে দেখা যাচ্ছে, সমুদ্রে উদ্ভিদ ও প্রাণীর প্রায় ১০ মিলিয়ন প্রজাতি রয়েছে। জলজ প্রজাতির সমারোহে সমুদ্রে দৃশ্যমান জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এ সামুদ্রিক জীববৈচিত্র্য বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে।
সামুদ্রিক জলজ উদ্ভিদ নির্গত কার্বন-ডাই-অক্সাইডের শোষণ বাড়িয়ে অক্সিজেনের পরিমাণও বাড়াতে সাহায্য করছে। গবেষণায় দেখা গেছে, সমুদ্রে বিদ্যমান প্লাংটন ৫০ শতাংশের বেশি অক্সিজেন পৃথিবীতে সরবরাহ করে যাচ্ছে। অন্যদিকে মানবসৃষ্ট কার্বনের প্রায় অর্ধেক সমুদ্রে বিদ্যমান জলজ উদ্ভিদ কর্তৃক শোষিত হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে অবদান রাখছে। এ পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে ‘ব্লু-কার্বন ইকোসিস্টেম’ নামে পরিচিত। ম্যানগ্রোভ, সি-গ্রাস বেড্স, টাইডাল মার্স এবং উপকূলীয় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ কার্বন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
তাছাড়া গভীর সমুদ্রে মিলিয়ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য অণুজীব রয়েছে, যা বিজ্ঞানীরা শনাক্তকরণের জন্য নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের এসব গবেষণার মাধ্যমে সমগ্র বিশ্বে বছরে প্রায় ২০০০ নতুন প্রজাতি শনাক্ত হচ্ছে।
সমুদ্রে বিদ্যমান উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য মানবজাতির জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহেও ভূমিকা রেখে যাচ্ছে। মানবজাতিকে বিভিন্ন ধরনের জটিল রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সামুদ্রিক সম্পদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার ও অ্যান্টি ইনফ্লেমেটরি ধরনের মেডিসিন তৈরি হচ্ছে।
অন্যদিকে সামুদ্রিক সম্পদ ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিও তৈরি হচ্ছে। ফলে সনাতন পদ্ধতিতে বিদ্যমান জ্বালানি উৎপাদনের পরিবর্তে সামুদ্রিক সম্পদ ব্যবহারে আধুনিক পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদিত হচ্ছে। এ পদ্ধতিতে সমুদ্রের টাইড্স ও ওয়েভসকে ব্যবহার করায় পরিবেশের ভারসাম্য রক্ষিত হচ্ছে।
বিপুল জনসংখ্যার দেশ বাংলাদেশে সামুদ্রিক সম্পদ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে স্থলভাগের ওপর চাপ কমিয়ে বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমুদ্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ অবস্থায় সামুদ্রিক সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশের বেশি তাপমাত্রা সমুদ্র কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি ও কমানোর ক্ষেত্রে সমুদ্রের উল্লেখযোগ্য অবদানকে অস্বীকার করা যায় না। কাজেই পরিবেশের ভারসাম্য সংরক্ষণে মানবজাতির টেকসই জীবনযাপনে সমুদ্রের ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না।
অপরদিকে সমুদ্র কর্তৃক পানিচক্র নিয়ন্ত্রিত হওয়ায় খাদ্যশস্য উৎপাদন ও পরিবেশের দূষণ কমানোর ক্ষেত্রে সমুদ্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমুদ্র চিত্তবিনোদনের মাধ্যমে মানুষের মানসিক প্রশান্তিও বাড়াতে সাহায্য করে থাকে।
মানবজাতির বেঁচে থাকার জন্য সামুদ্রিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানবসৃষ্ট বিভিন্ন কারণে সামুদ্রিক সম্পদের ওপর হুমকি দিন দিন বেড়েই চলছে। অতিরিক্ত মৎস্য, উদ্ভিদ ও প্রাণিজ সম্পদ আহরণে সমুদ্রের জীববৈচিত্র্যের ওপর চাপ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য সমুদ্রে নির্গত হওয়ায় পানি দূষণ বেড়ে জলজ জীববৈচিত্র্যের ওপর হুমকি বেড়ে যাচ্ছে।
দৃশ্যত দেখা যাচ্ছে, আন্তর্জাতিক আদালতের রায়ে আমাদের সমুদ্র বিজয় হওয়ায় সামুদ্রিক সম্পদের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। মোটা দাগে বলা যায়, সমুদ্রে বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ, অণুজীব ও প্রাণী দৃশ্যমান, গবেষণার মাধ্যমে সেসব উদ্ভিদ, প্রাণী ও অণুজীব প্রজাতি নিয়মিত শনাক্তকরণ অতীব জরুরি।
যদিও গবেষকরা সামুদ্রিক প্রজাতিগুলোর ওপর গবেষণা অব্যাহত রেখেছেন, তবুও সরকার ও গবেষণা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন নতুন অণুজীব, উদ্ভিদ ও প্রাণীগুলো শনাক্তকরণ অব্যাহত রাখা উচিত। ওইসব শনাক্তকৃত প্রজাতিগুলোতে বিদ্যমান ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় সুপারিশমালাও তৈরি করা যেতে পারে।
ব্লু-ইকোনমির চলমান প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য পরিবেশের ভারসাম্যকেও গুরুত্ব দিয়ে সামুদ্রিক সম্পদ আহরণের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তাছাড়া পানি দূষণের ওপরও নিয়মিত নজর রাখা প্রয়োজন। যদি মানবসৃষ্ট বিভিন্ন কার্যক্রম ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পানি দূষণ বেড়ে যায়, তাহলে সামুদ্রিক সম্পদের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।
পরিশেষে বলা যেতে পারে, সমুদ্র পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য বিকল্প একটি বাসভূমি। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি, অর্থ, খনিজ পদার্থ, পানি ও চিত্তবিনোদন সমুদ্র থেকে পাওয়া যায়। এসব প্রয়োজনীয় উপাদান মানবজাতি সমুদ্রে বিদ্যমান প্রাকৃতিক সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভোগ করতে পারে।
দুর্লভ খনিজ পদার্থ ও ঔষধি উদ্ভিদ মানুষ প্রয়োজনে সমুদ্র থেকে আহরণ করতে পারে, যা স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়তা করবে। মোটা দাগে বলা যেতে পারে, সামুদ্রিক সম্পদ ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির উন্নয়ন ছাড়াও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে তথা জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় এবং খাদ্য ও জ্বালানি সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : সহযোগী অধ্যাপক, এনভাইয়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
