Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

শতফুল ফুটতে দাও

মানুষের জীবন রক্ষায় প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার

Icon

ড. মাহবুব উল্লাহ্

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানুষের জীবন রক্ষায় প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার

Advertisement

বিশ্বব্যাপী করোনার মহাসংক্রমণ চলছে। এর শুরু হয়েছিল ২০১৯-এর ডিসেম্বরে চীনে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মারাত্মকভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। শুধু উহানে নয়, সংক্রমণ গোটা হুবেই প্রদেশে ছড়িয়ে পড়ে।

যদিও প্রাথমিকভাবে চীন সরকার করোনার সংক্রমণ ঘটেছে এমন কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু কয়েক দিনের মধ্যেই চীনের নীতিনির্ধারকরা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উপলব্ধিতে আসেন। তারা উহানে এবং হুবেই প্রদেশে করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে। বলা যায় অনেকটা যুদ্ধ পরিস্থিতির মতো। চীনের অন্যান্য প্রদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, সাধারণ চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনিশিয়ানদের উহানে জড়ো করা হয়।

তারা সাধ্যাতীত পরিশ্রম করে এবং জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা প্রদান করেন। আক্রান্তদের সংখ্যা এতই বেশি ছিল যে সপ্তাখানেকের মধ্যে দুই দুইটি বিশাল মেকশিফট হাসপাতাল তৈরি করে ফেলা হয়। চীনের এ দৃষ্টান্ত দেখে গোটা বিশ্ব অভিভূত হয়ে পড়ে। বিশ্ব মিডিয়াতে চীনের এ উদ্যোগের খবর ব্যাপকভাবে প্রচার পায়। উহানে অত্যন্ত কঠোরভাবে লকডাউন কার্যকর করা হয়। চীনের স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী।

বাংলাদেশের ওয়ার্ডের মতো স্থানীয় সরকারের অধীনে রয়েছে কমিউনিটি সংগঠন। লকডাউনের সময় সাধারণ নাগরিকদের কাউকেই আপন আপন বাসগৃহ থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি। কমিউনিটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের তালিকা সংগ্রহ করে এবং সময়মতো সেগুলো তাদের পৌঁছে দেওয়া হয়। এর ফলে উহানের রাস্তাগুলো সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়ে। কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী উহানের মতো বিশাল শহরে দেখা যায়নি।

চীনা চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আধুনিক চিকিৎসার সঙ্গে তাদের ঐতিহ্যবাহী চিকিৎসার সম্মিলন ঘটিয়েছিল। গবেষণায় দেখা গেছে, চায়ের মধ্যে চার ধরনের উপাদান আছে যেগুলো করোনা সংক্রমণকে দুর্বল করে দেয়। সেজন্য হাসপাতালগুলোতে হাজার হাজার রোগীকে দিনে ৪ বেলা চা পরিবেশন করা হতো। এ ছাড়া নিয়মিত খাবার পরিবেশনের ব্যাপার তো ছিলই।

এক রোগী ডাক্তারদের অনুরোধ করল সে উহানের আকাশে অস্তায়মান সূর্যের আলো দেখতে চায়। নার্সরা তার চাকাওয়ালা বেডটিকে রাস্তায় নিয়ে এলো, যাতে সে আকাশ দেখতে পায়। রোগের চিকিৎসার সময় একটু মানসিক প্রশান্তি পাওয়া যে মনকে কীভাবে সতেজ করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই। বাংলাদেশের সংবাদপত্রেও এই রোগীটির হাসপাতালের বেডে শয্যায়মান অবস্থায় আকাশ দেখার ছবি প্রকাশিত হয়েছিল। শুধু রোগীদের চিকিৎসাই নয়, রোগের ভাইরাসটির জিন নিরূপণের জন্য বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। সে গবেষণা সফলও হয়েছে। এর পাশাপাশি টিকা আবিষ্কারের চেষ্টাও অব্যাহত ছিল।

বর্তমানে চীনের সিনোভ্যাকের টিকা বিশ্বের অনেক দেশে ব্যবহৃত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় চীনের কৌশল বেশ কার্যকর। সংক্রমণ চিহ্নিত করা এবং এর বিস্তার রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নির্ধারক নয়। তাই সবসময় নজর রাখা হয়, কেউ সংক্রমিত হলো কিনা এবং সে কাদের সংস্পর্শে এসেছে। সে অনুযায়ী কোয়ারেন্টিনসহ অন্যান্য ব্যবস্থাদি গ্রহণ করা হয়।

উহানে চিকিৎসা প্রক্রিয়ার সমাপ্তি পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে হাসপাতালে আসেন রোগীদের দেখতে এবং তাদের বিদায় জানাতে। হাসপাতাল থেকে বের হয়ে তিনি উহানের জনশূন্য রাজপথ ধরে বেশ কিছুটা হাঁটলেন। পথের দুপাশে ফ্ল্যাটগুলো থেকে বাসিন্দারা হাত নেড়ে তাকে অভিবাদন জানাল। কিন্তু কেউ লকডাউনের নির্দেশ ভঙ্গ করে নিচে নেমে এলো না। প্রেসিডেন্ট শির সঙ্গে ৫-৬ জন সঙ্গী ছিলেন মাত্র।

উহান ও হুবেই প্রদেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেখানেই কর্মরত ডাক্তার ও অন্য কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হলো। তারা যখন গাড়িতে করে একের পর এক যাচ্ছিলেন, তখন রাস্তার দুপাশে দণ্ডায়মান নিরাপত্তাকর্মীরা তাদের স্যালুট জানাচ্ছিল। বেশ কিছুকাল চীন করোনা সংক্রমণ থেকে মুক্ত ছিল। গত ২-৩ দিনের সংবাদপত্র থেকে জানা যাচ্ছে, চীনের উত্তর পশ্চিমাঞ্চলে কিছু সংক্রমণ দেখা দিয়েছে। এ সংক্রমণের আমদানি ঘটেছে মিয়ানমার ও থাইল্যান্ড থেকে।

বাংলাদেশে চীনের একটি মেডিকেল টিম এসেছিল। তারা আমাদের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট দিয়ে গেছে। এটি স্বাস্থ্য বিভাগের কাছে থাকার কথা। স্বাস্থ্য বিভাগের নতুন ডিজি বলেছেন, তিনি রিপোর্টটি দেখেননি। এ রকমই অগোছালো আমাদের প্রশাসনিক ব্যবস্থা। চীনের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোগীর অত্যধিক চাপ মোকাবিলা করার জন্য সেনাবাহিনী ফিল্ড হাসপাতাল তৈরি করবে। করোনার প্রথম ঢেউয়ের সময় বসুন্ধরা গ্রুপ তাদের কমিউনিটি হলগুলোকে হাসপাতালে রূপান্তরিত করেছিল।

কিন্তু ততদিনে প্রথম করোনার ঢেউ দুর্বল হয়ে পড়ায় এগুলো ব্যবহৃত হয়নি। এখন এগুলো কী অবস্থায় আছে খোঁজ নেওয়া দরকার। সংক্রমণ যে হারে বাড়ছে তার তুলনায় ডাক্তার ও নার্স রয়েছে কিনা, সেটাও ভাবার বিষয়। করোনায় আক্রান্ত হয়ে আমাদের প্রায় ১৫০ জনের মতো ডাক্তার মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মত্যাগ কৃতজ্ঞ জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রথমদিকের তুলনায় ডাক্তাররা অনেক বেশি সাহসিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। প্রথমদিকে তাদের আত্মরক্ষার জন্য পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও (পিপিই) ছিল না। এ সমস্যা কাটিয়ে ওঠা হয়েছে।

৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার একটি দৈনিকের রিপোর্টে লেখা হয়েছে, ‘দেশের সংক্রমণ পরিস্থিতি এখন কেমন, দুটি তথ্যেই তা পরিষ্কার। গত ২৯ মার্চ থেকে প্রতিদিন ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে দুদিন ধরে শনাক্তের সংখ্যা ৭ হাজারের বেশি। অন্যদিকে ৬ দিন ধরে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে চলা মহামারিতে এমন পরিস্থিতি এর আগে দেখা যায়নি।’ পরিস্থিতি যে কত সংকটজনক তা বলার অপেক্ষা রাখে না। ঢাকা শহরের হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই বলা চলে। নতুন রোগী ভর্তি হতে পারছে না।

একই দৈনিকের প্রথম পাতায় ওপরের দিকে তিন কলামজুড়ে একটি ছবি ছাপা হয়েছে। ছবিটির ক্যাপশন হলো, ‘অক্সিজেনের মাত্রা কমে গেলে গত রোববার রাতে রাজধানীর বাসাবোর বাসিন্দা ৬২ বছর বয়সি মার্জিয়ানা বেগমকে ভর্তি করানো হয় মুগদা জেনারেল হাসপাতালে। আইসিইউ না পাওয়ায় তাকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন সন্তানেরা, গতকাল সকালে।’ এ গতকাল হলো সোমবার, ৫ এপ্রিল, ২০২১। আল্লাহ মেহেরবান। আশা করব এ সংকটাপন্ন রোগী অন্য কোনো হাসপাতালে আইসিইউ বেড খুঁজে পান। তাহলে তার সন্তানেরা কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবেন। আইসিইউ না পাওয়ার ফলে এবং হাইফ্লো অক্সিজেন সরবরাহ না থাকার ফলে অনেক রোগীকেই মৃত্যুবরণ করতে হয়েছে।

খুলনার প্রধান হাসপাতালটিতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল। বেসরকারিভাবেও এগুলোর কয়েকটি অনুদান পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যবশত হাইফ্লো অক্সিজেনের কয়েকটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়াতে এগুলো ব্যবহার করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহলকে জানালেও সাড়া মেলেনি। বাংলাদেশে উন্নয়নের নামে অনেক কাজ হয়। কিন্তু কিছুকাল না যেতেই দেখা দেয় নানা সমস্যা। পাকা ভবনের মতো অবকাঠামো নির্মিত হলে ড্যাম সৃষ্টি হতে থাকে। কিংবা ছাদ দিয়ে পানি লিক্ করতে থাকে।

লিফট অকেজো হয়ে পড়ে। সমস্যার কথা বলে শেষ করা যায় না। এসব সমস্যার জন্য দুর্নীতি এবং ভুল ডিজাইন বহুলাংশে দায়ী। তবে একটি সম্পদ সৃষ্টি হওয়ার পর তার যথাযথ রক্ষণাবেক্ষণ হওয়া প্রয়োজন। কিন্তু এ দেশে রক্ষণাবেক্ষণ খুবই অবহেলিত। করোনার মতো ভয়াবহ রোগে রোগী যখন রক্ষণাবেক্ষণের অভাবে অক্সিজেন না পায়, তখন এর চেয়ে দুঃখের কী আছে! সরকারের উচিত হবে কেন্দ্রীয়ভাবে মেকানিকদের একটি টিম তৈরি করে প্রয়োজনীয় খুচরা যন্ত্রপাতিসহ এদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো।

এ জরুরি সেবা নিশ্চিতকরণে একটি ছোটখাটো হেলিকপ্টার ব্যবহার করলে সেবাটি দ্রুত পাওয়া সম্ভব। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার সমস্যা হলো আমলাতান্ত্রিক জটিলতা এবং নিয়ম-নীতির মান্যতা নিশ্চিত করতে অনেক সময় চলে যায়। নিজের কাজ নয় বলে আমলারা অনেক জরুরি বিষয় ফাইল চাপা দিয়ে রাখে। ব্যক্তি খাতে মুনাফা হারানোর ভয় থাকে বলে কোনো কাজকে অবহেলা করা হয় না।

সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী সংসদে লকডাউনের কথা বললেও পরে যে সরকারি নির্দেশ জারি করা হয় তাতে লকডাউনের উল্লেখ ছিল না। ৫ এপ্রিল সোমবার থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু হাটে ঘাটে অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন। মাস্ক ব্যবহার করতে বাধ্য করার জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকারি নির্দেশনায় বলা হয়েছিল দপ্তর ও সংস্থাগুলো নিজস্ব যানবাহন ব্যবহার করে অফিস যাত্রীদের আনা-নেওয়া করবে। কিন্তু সে ব্যবস্থা হয়নি বলে যানবাহন না পেয়ে কর্মস্থলগামী মানুষ বিক্ষোভ করেছে।

এ সমস্যারও অনেকটাই সমাধান হতে পারত যদি বড় প্রতিষ্ঠানগুলো বেসরকারি মোটরযান চুক্তিভিত্তিক ভাড়া করত। অথচ এ সামান্য বুদ্ধিটিও মাথায় আসেনি। তবে অনেক প্রতিষ্ঠানের নিজস্ব বাস আছে। সেগুলো নিশ্চয়ই ব্যবহারে আছে। সরকারি কর্মচারীদের অর্ধেক অংশ পালাক্রমে তাদের দায়িত্ব পালনের কথা। হয়তো দেখা যাবে ডিউটি রোস্টার তৈরি হয়নি বলে বিভ্রাট সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে অনেক লোক নদীপথে নিজ নিজ বাড়িতে গেছেন। ভিড়ের জন্য লঞ্চগুলোতে কোনো ঠাঁই ছিল না। এর ফলে সংক্রমণ আরও মারাত্মকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে এবং রাজধানী শহর থেকে গ্রামাঞ্চলে বিস্তার ঘটতে পারে।

করোনার প্রথম ঢেউ যখন দুর্বল হয়ে পড়ে তখন অনেকে ভেবেছিল করোনার বালা চলে গেছে। কিন্তু অল্প ক’দিনের মধ্যেই করোনা ভয়াবহভাবে ফিরে এসেছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, দেশে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের করোনা ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই প্রবেশ করেছে। এ কারণেই হয়তো করোনা এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এবং এত মানুষের প্রাণ হরণ করছে।

এখন আর হেলাফেলা করার কোনো সুযোগ নেই। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন ও বাধ্য করতে হবে। কীভাবে বাধ্য করা যায় তা সরকারকে বলে দেওয়ার প্রয়োজন নেই। মাস্ক ব্যবহার, দৈহিক দূরত্ব বজায় রাখা, নিয়ম করে হাত ধোয়া এবং কোথাও ভিড়-জটলা সৃষ্টি না করলে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতির দিকে যাবে। করোনায় একটি মৃত্যু রোধের ব্যয় কত? এই ব্যয় স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে বাধ্য করার ব্যয়, চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যয়, মানুষের কর্মসংস্থান হ্রাস পাওয়ার ফলে আয় হারানোর ক্ষতিজনিত ব্যয়, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যয়।

একজন অর্থনীতিবিদ যদি এ হিসাবটা করেন তাহলে হয়তো বড় একটা অঙ্কের খরচ দাঁড়িয়ে যাবে। কিন্তু এ খরচের চেয়ে একটি মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। বলা যায়, অমূল্য। মানুষের জীবনের মূল্য কত, তা নির্ণয় করার জন্য অর্থনৈতিক পদ্ধতি আছে। অর্থনীতির ছাত্র হয়েও এসব পদ্ধতির প্রতি আমার খুব একটা আস্থা নেই। সরকারকে বিধিনিষেধ কার্যকর করার জন্য প্রবল ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামতে হবে। মাত্র সাত দিনে কোনো ফল পাওয়া যাবে না। বিধিনিষেধের সময়কাল দুই-তিন সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করার কথা ভাবতে হবে। যারা দিনে আনে দিনে খায়, তাদের জন্য খাদ্য সাহায্যের ব্যবস্থা করতে হবে। এ মুহূর্তের প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার।

ড. মাহবুব উল্লাহ : শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ

Advertisement

করোনা

Advertisement

আরও পড়ুন

ঢাকা : এক নগরের দীর্ঘশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন

ঢাকা : এক নগরের দীর্ঘশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন অর্থহীন

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন অর্থহীন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং ইরান যুদ্ধের ভবিষ্যৎ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং ইরান যুদ্ধের ভবিষ্যৎ

হালফিল বয়ান বিচ্ছিন্ন ঘটনা ও বিপদের যোগসূত্র

বিচ্ছিন্ন ঘটনা ও বিপদের যোগসূত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম