শতফুল ফুটতে দাও
ক্ষমতার স্বরূপ সন্ধানে
ড. মাহবুব উল্লাহ্
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জন কেনেথ গলব্রেইথ ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর। তিনি এক সময় ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন। ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে গিয়ে এশীয় দেশগুলোর জনগণ ও তাদের সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। তিনি অনেক মৌলিক গ্রন্থের লেখক। অর্থনীতির দর্শনের দিক থেকে তিনি একজন প্রগতিশীল র্যাডিক্যাল অর্থনীতিবিদ হিসাবে একাডেমিক জগতে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
কয়েক বছর আগে এ অর্থনীতিবিদের ব্যাপক পরিচিতি ছিল। তিনি যা লিখে গেছেন, সেসব সমকালীন বিশ্ব প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। তার শেষ বয়সের লেখাগুলোর মধ্যে The Anatomy of Power গ্রন্থটি সমাজ, অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষণের জন্য আজও আবশ্যিক বিবেচনা করা হয়।
আমরা কথায় কথায় ক্ষমতা শব্দটি উচ্চারণ করি। কিন্তু ক্ষমতা বলতে কী বোঝায়, ক্ষমতার রকম-ফের, ক্ষমতার উৎস ও প্রয়োগ সম্পর্কে খুব কমই ভাবি। মানবসভ্যতার ইতিহাসে যুগে যুগে কালে কালে ক্ষমতা প্রসঙ্গটি এসেছে। বার্ট্রান্ড রাসেল মনে করতেন ক্ষমতার সঙ্গে গৌরবের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্ষমতা মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষার পরিচয়বাহী। মানুষ ক্ষমতার শৃঙ্গে আরোহণ করতে চায়।
মানুষ মনে করে, এ জগতে ঈশ্বরের সর্বোচ্চ পুরস্কার হলো ক্ষমতা। রাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী ক্ষমতাবান ব্যক্তি। এ সম্পদটি কেউ ব্যাপকভাবে অর্জন করে এবং কেউ কেউ ততটা করতে পারে না। রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ অধিকতর ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় এবং অন্যরা এক সময় প্রচুর ক্ষমতা ভোগ করলেও কালক্রমে সেটি হারিয়ে ফেলেন। ক্ষমতাবান গোষ্ঠীর মধ্যে রয়েছে করপোরেশন ও ট্রেড ইউনিয়ন।
বহুজাতিক করপোরেশনগুলো ভয়াবহ রূপে ক্ষমতাবান। এ ছাড়া যারা বেতার ও টেলিভিশন চালান তারাও অত্যন্ত ক্ষমতাবান। এসব প্রচারযন্ত্রে বাধাহীনভাবে, বুদ্ধিমত্তার সঙ্গে কথামালা তুলে ধরতে পারলে সমাজের ওপর ক্ষমতা বিস্তার করা সম্ভব হয়। কোনো কোনো সাংবাদিকের কলমকে মানুষ বিপজ্জনক মনে করে।
যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন এর প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করা হতো। দেশ দুটিকে বলা হতো পরাশক্তি। ব্রিটেনও একসময় বৃহৎ শক্তি ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের পর ব্রিটেন উপনিবেশগুলো হারিয়ে তার অতীত মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও তার শিল্পক্ষমতা জার্মানি ও জাপানের কাছে হারিয়ে কিছুটা হলেও দুর্বল হয়েছে। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সম্পর্কে তেমন কোনো মতপার্থক্য দেখা যায় না। সবার দৃষ্টিতে এরা যে ক্ষমতাবান সে ব্যাপারে কোনোরূপ সন্দেহ পোষণ করা হয় না। মনে করা হয় এ রাষ্ট্রগুলো স্বভাবজাতভাবে ক্ষমতাবান।
প্রখ্যাত জার্মান সমাজতত্ত্ববিদ এবং রাজনীতিবিজ্ঞানী ম্যাক্স বেভার (১৮৬৪-১৯২০) ক্ষমতার বিষয়টি সম্পর্কে গভীরভাবে মুগ্ধতা পোষণ করতেন। কারণ বিষয়টি অত্যন্ত জটিল। তিনি প্রায় সবার কাছে গ্রহণযোগ্য ক্ষমতার একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতা হলো, ‘The Possibility of imposing one's will upon the behaviour of other persons. অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার মতামত ইচ্ছা অনিচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দিয়ে তাদের আচরণকে পরিবর্তন করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে ক্ষমতাবান মনে করতে হবে।
ক্ষমতার বিষয়টিকে এভাবে সংজ্ঞায়িত করলে আমরা বুঝতে পারি এ বিশ্ব সংসারে ক্ষমতার কত রূপ ও বৈশিষ্ট্য আছে। একটি পরিবারে প্রধান তার ইচ্ছা পরিবারের সদস্যদের ওপর চাপিয়ে দিতে পারে। পরিবারপ্রধানের এ ক্ষমতায় ইদানীংকালে চিড় ধরেছে। যেমন পরিবারের তরুণ-তরুণী সদস্যরা নিজেদের পছন্দের ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। অনেক সময় পিতা-মাতা নিজেদের অসহায় মনে করেন। পিতৃতান্ত্রিক সমাজে পিতৃতান্ত্রিক ক্ষমতা ধসে পড়ার উপক্রম হয়েছে।
ছোটখাটো বিষয়গুলো বাদ দিলে দেখা যাবে ক্ষমতার বিষয়টি মামুলি নয়। প্রশ্ন ওঠে, কীভাবে একজন ব্যক্তি অন্যদের ওপর তার ইচ্ছা চাপিয়ে দেয়। কীভাবে অন্যদের চাপিয়ে দেওয়া ইচ্ছার ব্যাপারে আনুগত্য আদায় করে নেওয়া হয়। হতে পারে দৈহিক শাস্তি, আর্থিক পুরস্কারের অঙ্গীকার, বুঝিয়ে শুনিয়ে রাজি করা অথবা গভীরভাবে শক্তি প্রয়োগ করা, যাতে তারা অন্যের ইচ্ছা মেনে নিতে বাধ্য হয়।
ক্ষমতার উৎস বোঝার জন্য আমাদের ভাবতে হবে। যিনি অন্যদের ওপর নিজ ইচ্ছা চাপিয়ে দিতে পারেন, তা কীভাবে সম্ভব হয় সে সম্পর্কেও আমাদের জানতে হবে। ইচ্ছা চাপিয়ে দেওয়ার লাইসেন্স কীভাবে পাওয়া সম্ভব? এ লাইসেন্স দিয়েই অন্যদের ওপর ব্যক্তিবিশেষের শাসন ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আমাদের জাতীয় ইতিহাসে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের মতামতকে অপ্রয়োজনীয় করে তোলা হয়েছিল তার বহু নজির আছে।
১৯৫৮ সালে সামরিক শাসন জারির পর ১৯৬২ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামীয় এক উদ্ভট গণতন্ত্র চালু করলেন। জনগণের প্রতিনিধি নির্বাচনে তাদের ইচ্ছা অনিচ্ছাকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে ৪০ হাজার করে ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী নির্বাচনের ব্যবস্থা করা হয়। এ ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী রাষ্ট্রপতি, এমএনএ ও এমপিএ নির্বাচন করত।
মুষ্টিমেয় কিছু লোক গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা পেয়ে নির্বাচন প্রার্থীকে ব্ল্যাকমেইল করার সুযোগ পেয়ে যায়। আইয়ুব খান দু’জন বিচারপতিকে সংবিধানের খসড়া প্রণয়নের কমিশনে অন্তর্ভুক্ত করলেও তাদের সুপারিশ গ্রহণ করা হয়নি। আইয়ুব খান জনগণের বুদ্ধিমত্তাকে অত্যন্ত মূল্যহীন মনে করতেন। তার একটি পরিচিত বক্তব্য ছিল, Pakistan needs a democracy suited to the genius of its people.
এক এগারোর সময় মঈন উ আহমদ বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে এমন ধরনের গণতন্ত্রই চালু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি পারেননি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক গ্রন্থে মঈন উ আহমদ নিজের চামড়া বাঁচানোর জন্য প্রণব মুখার্জির শরণাপন্ন হয়েছিলেন বলে তার বর্ণনা রয়েছে।
২০১৪ ও ২০১৮-এ যে নির্বাচন হয় তাতে জনগণের অংশগ্রহণ ছিল না বললেই চলে। ফলে যে সংসদ ও সরকার গঠিত হয় তার মধ্যে জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না এবং এখনো নেই। তাহলে কীভাবে একটি সরকার কার্যকর বাধার সম্মুখীন না হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। যারা রাষ্ট্রতত্ত্ব নিয়ে আলোচনা করেন তাদের আলোচনার গভীরে যে ব্যাখ্যা আমরা পাই, তাতে দেখা যায় যদি কেউ কোনো জনগোষ্ঠীর ওপর বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই ক্ষমতা অব্যাহত রাখতে পারে সেই সরকারই কার্যকর শাসনক্ষমতা প্রতিষ্ঠা করেছে বলে ধরে নেওয়া যায়।
মধ্যযুগে এভাবেই বল প্রয়োগ করে শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং তার সম্প্রসারণ করা হতো। তখন তো গণতন্ত্র ছিল না। পৃথিবীর বিরাট অংশ বড় বড় সাম্রাজ্য ব্যবস্থায় বিভক্ত ছিল। সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন একজন রাজা কিংবা বাদশাহ। তারা ক্ষমতায় থাকত অনুগত রাজদরবার এবং সৈন্য বাহিনীর সহযোগিতায়।
যেসব হাতিয়ারের বলে ক্ষমতা প্রয়োগ করা হতো এবং যেগুলো থেকে এ ক্ষমতার উৎপত্তি হতো, সেগুলোর মধ্যে রয়েছে বিশাল জটিলতা। ক্ষমতার কিছু ব্যবহার তখনোই করা সম্ভব হতো যখন ক্ষমতা লুকিয়ে রাখা হতো। যারা ক্ষমতা বজায়ে সহায়তা করেছে তারা নিজেরাই বুঝত না যে, তারাই হচ্ছে ক্ষমতার পাহারাদার।
আধুনিককালের শিল্পায়িত সমাজে সাধারণ মানুষের অন্য কারোর ইচ্ছা মেনে নেওয়ার ব্যাপারটি পরিবর্তনশীল। অতীতে ক্ষমতা বজায় রাখার জন্য যা কিছু করা হতো তা এখন অচল হয়ে পড়েছে। এখন ক্ষমতার বৈধতার বিষয়টি বেশ গুরুত্ব পায়। তবে আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচ ব্যবহার করে স্বৈরাচারী শাসকরা বেশ কিছুকাল ক্ষমতায় থাকতে পারে।
এ বিশ্বে একদল পণ্ডিত রয়েছেন যারা চান না, মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়ুক। তারা চান জ্ঞানহীনরা জ্ঞানের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকুক। এ ধরনের প্রয়াস কিছুতেই গ্রহণযোগ্য নয়। ক্ষমতার ব্যাপারে সর্বজনগ্রাহ্য অবস্থার মাধ্যমে এবং ইতিহাসের দৃষ্টান্তগুলো ব্যবহার করে বোঝার চেষ্টা করা উচিত। ক্ষমতার স্বরূপ সাধারণ কাণ্ডজ্ঞান দ্বারাই বোঝা সম্ভব। জন গলব্রেইথ তিন ধরনের ক্ষমতার কথা বলেছেন, যথাক্রমে-Condign Power, (কঠোর ক্ষমতা প্রয়োগ), Compensatory (ক্ষতিপূরণমূলক ক্ষমতা) ও Conditioned Power (অভ্যস্ত করার ক্ষমতা)। Condign Power ব্যক্তি কিংবা গোষ্ঠীকে যথেষ্ট পরিমাণে পীড়াদায়ক এবং কষ্টদায়ক অবস্থার মধ্যে ফেলে আনুগত্য স্বীকারে বাধ্য করে।
এক কথায় বলা যায়, জোর-জুলুমের মাধ্যমে মানুষকে ক্ষমতাধরের কাছে নতি স্বীকারে বাধ্য করা। দাস প্রথার যুগে দাসরা যদি কাজে গাফিলতি করত তাহলে তাদের বেত্রদণ্ড দেওয়া হতো। দাসরা এ অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করত। একই রকমভাবে সমুদ্রগামী সেকালের নৌকায় দাঁড়িদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় বাইতে হতো। এরাও ছিল দাস শ্রমিক।
তাহলে দেখা যাচ্ছে, Condign Power ব্যবহার করে অর্থাৎ শারীরিক যন্ত্রণা দেওয়ার মাধ্যমে মানুষকে হুকুম মানা এবং বশ্যতা স্বীকারে বাধ্য করা হতো। অপরদিকে Compensatory Power ঠিক তার বিপরীত। পুরস্কারের লোভ দেখিয়ে মানুষকে কাজ করতে বাধ্য করা হতো। সেটা পছন্দনীয় হলেও তার মধ্যে শোষণ ও পীড়নের উপাদান ছিল। এখনো কৃষক সমাজে নানা রূপে কাজ করিয়ে নেওয়ার জন্য প্রণোদনার ব্যবহার আছে। এবার করোনা মহামারি হওয়ার পর আমরা প্রণোদনা শব্দটির বহুল ব্যবহার দেখেছি। Conditioned
Power-এর অর্থ হলো বুঝিয়ে সুজিয়ে, পিঠে হাত বুলিয়ে অথবা সামাজিক অঙ্গীকার মানার নৈতিকতার কথা বলে মানুষকে দিয়ে কর্মোদ্ধারের একটি বহুল ব্যবহৃত পন্থা। একটি রাষ্ট্র গোটা শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তার কাজে লাগার মতো মানুষ তৈরি করে। এভাবেই Conditioned Power-এর চর্চা হয়। Conditioned Power-কে সভ্য সমাজের উপযোগী ক্ষমতা কাঠামো নির্মাণ মনে হলেও তা আসলে মানবিক নয়। হার্ভার্ট মারকুসে পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলোতে এমন এক ব্যবস্থা চালু করেছে যার ফলে মানুষ একদিকে প্রচুর কাজ করে এবং অন্যদিকে ভেতর থেকে ক্ষয় হয়ে যায়। এটাকে মারকুসে সর্বোচ্চ সহ্যমাত্রা ব্যবহার করে শোষণ বলে উল্লেখ করেছেন।
Conditioned Power-এর প্রয়োগ এখন পুঁজিবাদী শোষণের একটি ভয়াবহ রূপ, কিন্তু এ ভয়াবহতা মানুষের উপলব্ধিতে আসে না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও রোবটের ব্যবহার মানুষের কর্ম সংস্কৃতিতে কী পরিবর্তন আনে তা গভীরভাবে বুঝতে হবে। প্রযুক্তির এ উন্নয়ন দৈহিক শ্রমের প্রয়োজনীয়তাকে প্রয়োজনহীন করে তুলবে। মানুষ কি তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং নান্দনিক বিষয়গুলো চর্চায় মনোযোগী হবে? কারণ প্রযুক্তি দৈহিক শ্রমকে প্রয়োজনহীন করে তুলবে।
ড. মাহবুব উল্লাহ : শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ
