শতফুল ফুটতে দাও
কেমন আছে স্বদেশ
ড. মাহবুব উল্লাহ্
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১৭৮৯ সালে ফরাসি বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের ফলে ফরাসি দেশ তথা ফ্রান্স রাজতন্ত্রের শাসন থেকে মুক্তি পায়। ফ্রান্সে এ বিপ্লবের ফলে বুর্জোয়া বিকাশের সুযোগ সৃষ্টি হয়। তবে ১৭৮৯-এর পরেও ফ্রান্সে অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটে। বিপ্লবের কাছাকাছি সময়ে ফ্রান্সে খাদ্যের দাবিতে ভুখা মিছিল হয়। ক্ষুধার্ত জনতা রুটির দাবিতে মিছিল করছিল। তাদের মিছিলের স্লোগান শুনে রানি মেরি আঁতোয়া জিজ্ঞাসা করেছিলেন, লোকজন কী দাবি করছে? তাকে জানানো হয়েছিল, লোকজন রুটি দাবি করছে। মেরি আঁতোয়া লোকজনের দাবির কথা শুনে বললেন, ওরা রুটি খেতে পারছে না তো কী হয়েছে? তারা রুটির বদলে কেক তো খেতে পারে। এই গল্পটি সজ্জনেরা প্রায়ই বলে থাকেন যখন খাদ্যের অভাবে জনগণ বিক্ষোভ করে।
সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসকশ্রেণির একটি অত্যন্ত আপত্তিকর বৈশিষ্ট্য হলো জনগণের দুঃখ-দুর্দশায় হৃদয়হীনভাবে পরিহাস করা। শাসকশ্রেণি ভোগবিলাসী জীবনে অভ্যস্ত থাকে। কিছু কিছু ক্ষেত্রে তাদের বিলাসিতা কদর্য রূপে প্রকাশ পায়। ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসির বাড়াবাড়ি রকমের বিলাসী অভ্যাস ইথিওপীয়দের বিক্ষুব্ধ করে তুলেছিল। হাইলে সেলাসি তার পোষা কুকুরকে সোনার থালায় মাংস খেতে দিতেন। কল্পনা করা যায় কিভাবে একজন সম্রাট ঐশ্বর্যবিলাসের জীবনযাপন করে, যখন তার প্রজারা খাবার না পেয়ে হাড্ডিসার প্রায় কংকালে পরিণত হয়!
কোনো গণতান্ত্রিক দেশে শাসকশ্রেণির কোনো কোনো সদস্যের কাছ থেকে এ ধরনের হৃদয়বিদারক আচরণ আশা করে না। সত্যিকারের গণতান্ত্রিক দেশে কোনো দায়িত্বশীল মন্ত্রী অথবা কর্মকর্তা উৎকট পরিহাস করার সাহস পায় না। তারা খুব ভালো করেই জানে তাদের আপত্তিকর বক্তব্য স্বাধীন সংবাদপত্র ফাঁস করে দেবে। মিডিয়াতে যদি কারও দায়িত্বহীন মন্তব্য প্রকাশ পায়, তাহলে তার গণবিচ্ছিন্নতা প্রকট হয়ে ওঠে।
গণতান্ত্রিক ব্যবস্থায় যারা দেশ পরিচালনা করেন, তাদের আচার-আচরণ এবং বোল-চাল বৃহত্তর মিডিয়া জনগণের নজরে নিয়ে আসে। ফলে তাদের পক্ষে পরবর্তী নির্বাচনে ভোট পাওয়া কঠিন হয়ে পড়ে। গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো স্বাধীন মিডিয়া। স্বাধীন মিডিয়া ছাড়া কোনো রকমের গণতন্ত্র বিকশিত হতে পারে না। যেসব শাসক স্বাধীন মিডিয়ার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলে, তারা আর যাই হোক, গণতান্ত্রিক মন-মানসিকতাসম্পন্ন নন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। দ্রব্যমূল্য স্থিতিশীল থাকলে জনগণ স্বস্তিবোধ করে। তারা অর্থনৈতিক অনিশ্চয়তা থেকেও রেহাই পায়। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন লাগামহীনভাবে বাড়তে শুরু করে তখন পরিচিত কলাকৌশল প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে বাধ্য হয়। এই পরিবর্তন আর যাই হোক সুখকর নয়।
ভোগ্যপণ্যের বাজারে যখন আগুন লাগে, তখন একভাবে জীবনযাপনে অভ্যস্ত মানুষগুলোকে আরও কষ্টের জীবনযাপন পদ্ধতি খুঁজে বের করতে হয়। এমনিতেই তৃতীয় বিশ্বের গরিব মানুষ খুবই কষ্টের জীবনযাপন করে। তারা গভীর পানিতে ডুবন্ত অবস্থায় কোনোরকমভাবে পানির স্তরের ওপরে নাকটা ভাসিয়ে রাখে, যাতে জীবনরক্ষা পায়। আমরা দাস প্রথার কথা শুনেছি। দাস প্রথা একটি অত্যন্ত অমানবিক জীবনব্যবস্থা। দাস প্রথা বিশ্বের নানা দেশে নানা রকমের বৈশিষ্ট্য নিয়ে টিকে ছিল। এখন পুঁজিবাদের জামানাতেও দাস প্রথা ভিন্ন চেহারা নিয়ে টিকে আছে।
আমরা Human Trafficking-এর কথা জানি। এ ব্যবস্থা এক ধরনের ঘৃণ্য দাস ব্যবস্থা। ইংরেজ শাসনের প্রথম শতকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দাস প্রথা বিদ্যমান ছিল। ঔপনিবেশিক শাসনের নানা অভিঘাতে একটি লুকায়িত দাস ব্যবস্থার উদ্ভব হয়েছিল। হতদরিদ্র কৃষকরা বেঁচে থাকার জন্য টাকা ধার করত। কিন্তু এই ধারের টাকার সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকত। ফলে এসব কৃষক তাদের পুরো জীবনের শ্রম দিয়ে ঋণ পরিশোধ করতে পারত না। পিতামহের ঋণ পিতার স্কন্ধে অর্পিত হতো এবং পিতার পুত্রের স্কন্ধে অর্পিত হতো। ঋণের দায়ে এ কৃষকরা জন্ম থেকে জন্মান্তরে আবদ্ধ থাকত।
এভাবে ঋণ প্রদানকারী হয়ে উঠত প্রভু এবং ঋণ গ্রহণকারীকে প্রভুর জোয়ালে বাঁধা থাকতে হতো। বংশানুক্রমিকভাবে আজীবন এমন সব গরিব কৃষককে প্রভুর স্থায়ী মজুর হিসাবে কাজ করতে হতো। সমাজবিজ্ঞানীরা এই প্রথার নাম দিয়েছেন এগ্রেসটিক স্লেভারি। মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে। তবে দেখতে হবে এই করাটি মানুষকে মানুষের পর্যায়ে রাখছে কিনা। বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতির উন্নয়ন ঘটেছিল। কিন্তু সেই উন্নয়ন যথার্থ অর্থে টেকসই হতে পারেনি। কোনো রকমের দুর্যোগ দেখা দিলে দারিদ্র্য থেকে বের হয়ে আসা মানুষগুলো যদি আবারও দারিদ্র্যসীমার নিচে চলে যায় তাহলে দারিদ্র্য থেকে এ উত্তরণকে টেকসই বলা যাবে না। কোভিড-১৯-এর পরিস্থিতি বাংলাদেশের দরিদ্রদের দারিদ্র্য থেকে উত্তরণ চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
এই চ্যালেঞ্জ রাজনীতির পরিমণ্ডলে মুখোমুখি বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী রাজনীতিকরা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করেন, তখন সরকারপক্ষীয় দায়িত্বশীলও বলে ওঠেন, জিনিসপত্রের দাম বেড়েছে কথাটি সত্য, কিন্তু মানুষের আয়ও বেড়েছে। অর্থাৎ আয় বৃদ্ধি মানুষকে দ্রব্যমূল্যের কশাঘাত থেকে রক্ষা করে। এই রক্ষা করাটা কতটুকু স্বস্তি আনে তা বাস্তব তথ্যের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে দেখা উচিত। আমরা যতই উপসংহারের দিকে অগ্রসর হব, ততই দেখব আসলে কী হয়েছে।
ব্র্যাক ইউনির্ভাসিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস জরিপ করে দেখিয়েছে করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বেশিরভাগ মানুষ। বেশিরভাগেরই আয় পূর্বাবস্থায় ফিরে যায়নি। জরিপ থেকে জানা যায়, করোনাকালের আর্থিক দুরবস্থার মধ্যে খাবারের ব্যয় কমিয়েছে বড় অংশের মানুষ। এ পরিমাণটা ৪৩ শতাংশ। পরিস্থিতি যখন এমন, তখন ভিন্নতর কৌশলও অবলম্বন করেছে মানুষ, যেমন সঞ্চয় ভেঙে খাওয়া এবং দরকষাকষি না করে নিম্ন মজুরির কাজে যোগদান করা। আমরা অবাক হব না, যদি আমরা দেখি দুস্থ মানুষরা অন্যান্য অনেক পথে চলার চেষ্টা করছেন।
যেমন-ঋণ করা, শ্রমঘন কাজে শ্রমকে আরও নিবিড় করা; পরিবারের নির্ভরশীল সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া; তিন বেলা খাবারের পরিবর্তে দুই বেলা খাওয়া ও দুই বেলা খাবারের পরিবর্তে এক বেলা খাওয়া অর্থাৎ ভোগ ব্যয় হ্রাস করা এবং স্থায়ী সম্পদ বিক্রয় করার চেষ্টা করা। পরিবারের নির্ভরশীল সদস্যদের সরিয়ে দেওয়ার কাজটি বিভিন্নভাবে ঘটতে পারে। এই করোনাকালে বাল্যবিবাহ বেশ বৃদ্ধি পেয়েছে। বাল্যবিবাহের মাধ্যমে নির্ভরশীল মেয়ে সদস্যদের নিজ পরিবার থেকে অন্য পরিবারে স্থানান্তরিত করা হয়েছে। বাল্যবিবাহ বেড়ে যাওয়ার ফলে স্কুল থেকে ঝরে পড়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ব্র্যাকের জরিপ থেকে দেখা গেছে, মানুষের আয় পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে। গত বছর জুন মাসে যেখানে ৬৪ শতাংশ মানুষ জানিয়েছিল তাদের আয় কমেছে, সেখানে ৬ মাসের ব্যবধানে একই ধরনের পরিবর্তনের কথা বলেছে ৫৩ শতাংশ। এই পরিবর্তন আমাদের কিছু স্বস্তি দিলেও দেখা যাচ্ছে অর্ধেকের বেশি পরিবার আগের অবস্থায় ফিরতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের কিছুটা সন্তোষজনক অবস্থায় ফিরে যাওয়া অনিশ্চিত করে ফেলেছে।
যে কোনো মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষ যখন কিছুটা উন্নততর অবস্থায় উপনীত হয়ে আবার কিছু বুঝে উঠতে না উঠতে সেই মানুষগুলোকে চিরাচরিত দারিদ্র্যাবস্থায় ফিরে যেতে বাধ্য হতে হয়, তখন সেই অবস্থাটা হয় আরও কষ্টের। জরিপে প্রকাশ পেয়েছে গত ডিসেম্বরে ৪৩ শতাংশ পরিবার খাদ্যসামগ্রী কেনাকাটায় খরচ কমানোর কথা, ৩৩ শতাংশ মানুষ কম মজুরিতে কাজ নেওয়ার কথা বলেছেন। সঞ্চয় থেকে খরচ করেছেন ২৬ শতাংশ। এ পরিসংখ্যানকে গুরুতরভাবে দেখার কোনো বিকল্প নেই।
ব্র্যাকের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস ‘করোনার অতিমারিতে অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নে প্রান্তজনের কণ্ঠস্বর’ শিরোনামের জরিপটি ৩টি ধাপে বিন্যস্ত করা হয়েছিল। প্রথম ধাপে গত বছরের জুনে, দ্বিতীয় ধাপে সেপ্টেম্বরে এবং তৃতীয় ধাপে ডিসেম্বরে তথ্য সংগ্রহ করা হয়। ৪০টি উপজেলার দেড় হাজার পরিবারকে জরিপের আওতায় আনা হয়েছিল। এরা প্রধানত শহরের বস্তিবাসী, গ্রামের দরিদ্র, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং নারীপ্রধান ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার। এ ধরনের জরিপে লক্ষ্য থাকে যেসব বৈশিষ্ট্যের কারণে মানুষ দারিদ্র্যক্লিষ্ট হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে জরিপের লক্ষ্যবস্তু নির্ধারণ করা।
তবে প্রশ্ন উঠতে পারে, আঞ্চলিক দারিদ্র্যের তারতম্য নমুনা নির্ধারণে কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে। এ জরিপটি ছাড়াও দেশের আরও কয়েকটি প্রতিষ্ঠান সমজাতীয় বিষয় নিয়ে গবেষণা করেছে। এগুলোর মধ্যে রয়েছে বিআইডিএস, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ইত্যাদি। এসব প্রতিষ্ঠান ও সংস্থার জরিপ আমাদের বলে দিচ্ছে করোনাকালে মানুষের আয় কমেছে, দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে এবং মানুষের কষ্ট বেড়ে গেছে।
এ গবেষণা জরিপগুলো আমাদের বলে দিচ্ছে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণে যে সাফল্য অর্জন করেছিল, সেই সাফল্য অতিমারির অভিঘাতে কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। আপাতদৃষ্টিতে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশগুলোর সঙ্গী হলেও এ সঙ্গ কতটা স্থায়ী হবে তা নিশ্চিত করে বলা মুশকিল। উন্নয়নের ইতিহাসে উল্কার মতো ঝলসে উঠে নিভে যাওয়ার দৃষ্টান্তও আছে। অর্থনীতির কাঠামো যদি মজবুত না হয়, তাহলে এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাবে। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অর্থনীতিবিষয়ক একটি দৈনিক। দেশের অর্থনীতির এমন একটি বিষয়ের ওপর আলোকিত আলোচনা হওয়াই শ্রেয়। গ্রামের দুই ব্যক্তির মধ্যে কে বেশি জানে প্রশ্নটির সমাধান যেভাবে হয়েছিল, সে রকমটি নয়। এসব আলোচনা অ্যাকাডেমিক স্টাইলে হওয়াই বাঞ্ছনীয়। অন্যথায় গ্রামের দুই ব্যক্তির তর্কের মতো কূটতর্ক পুরো বিষয়টি বোঝার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে।
ড. মাহবুব উল্লাহ : শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ
