রাষ্ট্রধর্ম থাকবে না ইসলাম
তিউনিসিয়ায় সংবিধান সংশোধনে ২৫ জুলাই গণভোট * আরও ৪০০ বিচারককে বরখাস্ত করবেন প্রেসিডেন্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিউনিসিয়ার সংবিধান সংশোধনে যে খসড়া করা হয়েছে, তাতে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা হচ্ছে না। মঙ্গলবার তিউনিস বিমানবন্দরের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ। তিউনিস বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, তিউনিসিয়ার পরবর্তী সংবিধানে রাষ্ট্রের ধর্ম হিসাবে ইসলাম থাকবে না। তবে সংবিধানে এমন একটি জাতির কথা উল্লেখ থাকবে, যাদের ধর্ম হবে ইসলাম। মনে রাখতে হবে জাতি ও রাষ্ট্র-দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। খবর আল-আরাবিয়ার।
গত বছরের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ার নির্বাহী ক্ষমতার নিয়ন্ত্রণ নেন কাইস সাইদ। চলতি বছরের মে মাসে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর দেশটিতে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এই প্রেসিডেন্ট। এরপরই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রক্রিয়া হিসাবে তিনি সংবিধানের এই খসড়া প্রণয়ন করেন। নতুন সংবিধান প্রতিষ্ঠায় ২৫ জুলাই গণভোটের ঘোষণা করেছেন তিনি। তবে ৩০ জুন পর্যন্ত খসড়ায় পরিবর্তন ও সংযোজনের সময়সীমা রাখা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট কাইস সাইদ কর্তৃক আয়োজিত সাংবিধানিক গণভোটের বিরুদ্ধে ফুসে উঠেছে তিউনিসিয়ার হাজার হাজার নাগরিক। তাদের দাবি, ক্ষমতা আঁকড়ে থাকতেই গণভোটের আয়োজন করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদে স্থবির হয়ে পড়েছে রাজধানী তিউনিসের বেশিরভাগ অংশ। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তিউনিসিয়ার সাধারণ শ্রমিক ইউনিয়ন।
পৃথকভাবে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে প্রধান বিরোধী জোট স্যালভেশন ফ্রন্ট এবং ইসলামপন্থি আন্নাহদাসহ বিরোধী দলও। বিক্ষোভকারীরা দাবি করছেন, প্রস্তাবিত নতুন সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকমাত্রায় বাড়ানো হয়েছে। এটি কার্যকর হলে প্রেসিডেন্টই প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা অর্জন করবেন। অর্থাৎ তখন প্রেসিডেন্টই হবেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণকে গণভোট বর্জন করতে আহ্বান জানাচ্ছেন বিরোধীরা। কাইসের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তম দল হিসাবে পরিচিত ইসলামপন্থি ‘আন্নাহদা’ পার্টিসহ অনেক বিরোধী দল এই গণভোট বয়কটের হুমকি দিয়েছে। তিউনিসিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। ১৯৬৫ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জনের পর তিউনিসিয়া এত গভীর অর্থনৈতিক সংকটের শিকার হয়নি। ক্ষুধা ও দারিদ্র্য বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তিউনিসিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও গভীর সংকটে পতিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সপ্তাহ তিনেক আগেই (১ জুন) একসঙ্গে তিউনিসিয়ার ৫৭ জন বিচারককে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। প্রতিক্রিয়ায় ৪ জুন থেকে দেশের বিচারব্যবস্থা বন্ধ করে ধর্মঘটে নামেন বিচারকরা। ১৯ জুন বিচারকরা নতুন করে হুমকি দেন-ধর্মঘট অব্যাহত থাকবে। বরখাস্ত প্রত্যাহার না করলে প্রয়োজনে অনশনে নামবেন বিচারকরা। কিন্তু এতেও ক্ষ্যান্ত হননি প্রেসিডেন্ট কায়েস। বিচারকদের ওপর ছড়ি ঘোরানোর দুরভিসন্ধি পাকা করতে এবার ৪০০ বিচারককে বরখাস্ত করার তালিকা তৈরি করেছে তার দপ্তর।
ইয়াং জাজেস অ্যাসোসিয়েশনের প্রধান মাসুদি বিচারক মুরাদ আল-মাসুদি জানিয়েছেন, ২৫ জুলাইয়ের পর বরখাস্ত করার জন্য ৪০০ জনেরও বেশি বিচারকের তালিকা করা হয়েছে। তিনি দাবি করেন, এই জটিল পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসা ছাড়া নির্বাহী কর্তৃপক্ষের আর কোনো উপায় নেই। সেই চাপ অব্যাহত রাখতে শনিবার থেকে তিউনিসিয়ার সব আদালতে ধর্মঘট আরও এক সপ্তাহ বাড়ানো এবং সাঈদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে একটি বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিচারিক কাঠামো সমন্বয় পরিষদ। বিক্ষোভের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন মাসুদি।
