Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানে সামরিক অভিযানের অন্যতম হোতা মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসিত করার প্রক্রিয়া এগোচ্ছে। তাকে অভিশংসনের উদ্যোগে সরাসরি সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো তাকে আগলে রাখছেন। যুদ্ধের রাজনৈতিক মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধের দায় কার কাঁধে চাপবে, তা নিয়ে রিপাবলিকান শিবিরেও শুরু হয়েছে টানাপোড়েন। খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের।

রোববার এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’-এ দেওয়া সাক্ষাৎকারে জেফরিস বলেন, হেগসেথকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে তিনি পুরোপুরি সমর্থন জানাচ্ছেন। চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন জানালেন প্রতিনিধি পরিষদের শীর্ষ এ ডেমোক্র্যাট নেতা। জেফরিস বলেন, ‘তথাকথিত প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে একটি বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। পিট হেগসেথকে বিদায় নিতে হবে।’

রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছেন। প্রস্তাবে তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে, ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। ম্যাসি জানান, সোমবারের মধ্যেই তিনি প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের উদ্যোগের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

ডেমোক্র্যাটদের উদ্দেশে ট্রাম্প বলেন, রাজনৈতিক বিরোধিতার পরিবর্তে তাদের দেশের গুরত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত। এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা নিয়ে ভ্যান্সের মন্তব্যেরও সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, সামরিক সংঘাতের পক্ষে ভ্যান্সের আরও জোরালো অবস্থান নেওয়া উচিত ছিল।

এর আগে গত ৪ নভেম্বর এক্স-এ এক দীর্ঘ পোস্টে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করেন ভ্যান্স। সেখানে তিনি ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য ছিল, যুদ্ধের কারণে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের পক্ষে অবস্থান নিতে চাইলে এর রাজনৈতিক মূল্যও স্বীকার করতে হবে।

ট্রাম্প অবশ্য ভ্যান্সের ওই বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হয়েছে বলে মনে করেন না। তিনি বলেন, ভ্যান্সের মন্তব্যের অধিকাংশই সঠিক ছিল। তবে যুদ্ধের সিদ্ধান্ত আবারও নেওয়া উচিত কি না, সে বিষয়ে তার স্পষ্ট সমর্থন জানানো প্রয়োজন ছিল। ট্রাম্পের ভাষ্য, ভ্যান্সের উচিত ছিল বলা যে একই পরিস্থিতি তৈরি হলে প্রশাসন আবারও যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এ প্রশ্নের উত্তর হওয়া উচিত ‘হ্যাঁ’।

কংগ্রেস ও হোয়াইট হাউজের সংঘাত বাড়ার আশঙ্কা : মধ্যবর্তী নির্বাচনের পর প্রথম কয়েকদিন ট্রাম্পকে তুলনামূলক নীরব মনে হলেও এখন হোয়াইট হাউজের অবস্থান স্পষ্ট। প্রশাসন সংঘাতের পথেই এগোতে চাইছে। রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সম্ভবত তা পারবেন না। কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময় করবেন। এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা রিপাবলিকান নেতা ও দাতাদের হুমকিমূলক চিঠি পাঠিয়েছেন। এসব ঘটনায় বিচার বিভাগকে তদন্তের নির্দেশও দেন তিনি। ডেমোক্র্যাটদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তাদের কারাগারে পাঠানোর দাবি জানান।

ডেমোক্র্যাটদের সামনেও চ্যালেঞ্জ : ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুদলের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে। তবে ডেমোক্র্যাটদের জন্যও পরিস্থিতি সহজ হবে না। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কংগ্রেসের তদন্তের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে তুলে ধরছে। ট্রাম্প একে ‘ওয়েপনাইজেশন অ্যান্ড লফেয়ার’ বলে অভিহিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

‘কিং মেকার’ মামদানি

‘কিং মেকার’ মামদানি

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম