বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা
গাজায় নারী-শিশুসহ ৭ জন নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের গাজায় শীতকালীন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির কারণে বালির বাঁধ ধসে পড়ায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে; তাদের মধ্যে চারজনই শিশু। এর পাশাপাশি ইসরাইলের হামলা অব্যাহত আছে। রোববার ইসরাইলি হামলায় নারীসহ অন্তত দুজন নিহত হন। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, রোববার দেইর আল-বালাহ এলাকায় বেশ কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সিভিল ডিফেন্সের দলগুলো এখনো জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গাজা উপত্যকাজুড়ে আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী বাসস্থান ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সিটি থেকে আল জাজিরার ইব্রাহিম আল-খালিলি জানান, অনেক ফিলিস্তিনি বাধ্য হয়ে যেসব অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন, সেগুলো প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, ‘সর্বশেষ এই ঝড়টি দেখিয়ে দিয়েছে যে, তাদের সুরক্ষাব্যবস্থা কতটা নাজুক। মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি আর তীব্র বাতাসে সেই আশ্রয়স্থলগুলো তছনছ হয়ে গেছে, যা মজবুত করার জন্য পরিবারগুলো দিনের পর দিন পরিশ্রম করেছিল।’
ইসরাইলি হামলায় নিহত ২, আহত ১২ : বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, রোববার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় এক নারীসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১২ জন। এটি ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন। নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের একটি দলের ওপর ইসরাইলি হামলায় এ দুজন নিহত হন।
এছাড়া উত্তর গাজায় বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬১০ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৮১৯ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলের দুই বছরব্যাপী গণহত্যামূলক যুদ্ধের পর এ যুদ্ধবিরতি চুক্তিটি সই হয়। যুদ্ধে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হন। উপত্যকার বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
