Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

‘কিং মেকার’ মামদানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। নির্বাচনে নিজে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও তিনি চান, প্রগতিশীল ও শ্রমিক সংগঠনগুলোর সমর্থন নিয়ে একজন উপযুক্ত প্রার্থীকে এগিয়ে দিতে। তার শঙ্কা, এখনকার রাজনৈতিক গতি কাজে লাগাতে না পারলে ২০২৮ সালের নির্বাচনে প্রগতিশীলরা পিছিয়ে পড়তে পারেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্য নন। তবে ২০২৮ সালের নির্বাচনে প্রগতিশীলদের প্রভাব বাড়াতে তিনি কাজ করছেন। তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, তা নিয়ে তিনি নিজেও নিশ্চিত নন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

সূত্রগুলোর ভাষ্য, ওকাসিও-কর্টেজ নির্বাচনে না দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বের হিসাব বদলে যেতে পারে। এতে দলের বামপন্থি অংশ প্রার্থীসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। মামদানির সঙ্গে কথা হয়েছে- এমন একজন জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রগতিশীল নেতাদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে দল থেকে কোনো মধ্যপন্থি প্রার্থী এগিয়ে গেলে এবং প্রগতিশীলরা তার বিরোধিতা করলে, তারা যেন দ্রুত ঐক্যবদ্ধ হতে পারেন, সেটিই তার লক্ষ্য। ওই সূত্র আরও বলেন, মামদানি চান প্রগতিশীলরা দ্রুত, কৌশলগতভাবে এবং কার্যকর উপায়ে সংগঠিত হোন। এ ক্ষেত্রে ২০২০ সালের নির্বাচনের উদাহরণ টেনেছেন তিনি। ওই নির্বাচনে জো বাইডেনের পক্ষে সমর্থন একাট্টা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। ফলে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে বাইডেনের অবস্থান শক্তিশালী হয়েছিল।

গত মাসে আন্তর্জাতিক চিত্রকর ও সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের (আইইউপিএটি) সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়রকে গ্রেসি ম্যানশনে আমন্ত্রণ জানান মামদানি। সেখানে ২০২৮ সালের নির্বাচন নিয়ে তাদের আলোচনা হয়। সূত্রগুলোর দাবি, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কাকে সমর্থন করবেন, ইউনিয়নের সমর্থন দেওয়ার প্রক্রিয়া কীভাবে কাজ করবে এবং উইলিয়ামস নিজে নির্বাচনে দাঁড়ানোর কথা ভেবেছেন কি না-এসব বিষয়ে জানতে চান মামদানি।

অ্যাক্সিওসকে উইলিয়ামস বলেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেন সব পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারেন, সে বিষয়ে তিনি ‘পূর্ণ সমর্থন’ দেন। উইলিয়ামস বলেন, ‘আমরা একজন লোহার কাজের শ্রমিককে কংগ্রেসে পাঠিয়েছি। আইইউপিএটির একজন সদস্যকে সিনেটেও পাঠিয়েছি।’ তবে উইলিয়ামস জানিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার কোনো আগ্রহ তার নেই।

সম্প্রতি ২০২৮ সালের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মামদানির সঙ্গে বৈঠক করেছেন নেলসন। শিগগিরই ফেইনের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে মেয়রের। মামদানির সঙ্গে কথা হয়েছে, এমন আরেকটি সূত্র জানায়-এ বছর নিউইয়র্কে বেশ কয়েকজন বামপন্থি কংগ্রেস সদস্যকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করেছেন তিনি। তাদের নির্বাচিত করতেও সহায়তা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

‘কিং মেকার’ মামদানি

‘কিং মেকার’ মামদানি

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম