Logo
Logo
×

Advertisement

বাতায়ন

চেতনায় বুদ্বুদ

ওরা কারা এবং কেন এত মাতব্বরি

Icon

বদিউর রহমান

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওরা কারা এবং কেন এত মাতব্বরি

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এ দেশের রাজনৈতিক দল এবং জনগণ ছাড়াও অন্য বেশ কিছু লোকের এত বেশি আনাগোনা ও হম্বিতম্বি এখন বেশ চোখে পড়ার মতো। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, ওরা কারা এবং কেন তাদের এত মাতব্বরি? এই যে, আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস যেভাবে নির্বাচন নিয়ে কথা বলে চলেছেন, যেভাবে তারা নির্বাচনে অনিয়ম, জোর-জবরদস্তি কিংবা অন্যায় কিছু হলে সংশ্লিষ্টদের আমেরিকা যাওয়ার ভিসা দেবে না জানিয়ে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি করেছে-এ পর্যন্ত না হয় মেনে নেওয়া যায়।

হ্যাঁ, বিশ্বে গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই বড় মোড়ল হিসাবে আমেরিকার একটা দায়িত্ব রয়েছে, তারা সে দায়িত্ব পালনে যথেষ্ট সজাগ থাকবে-এটাই স্বাভাবিক। কিন্তু নিজ দেশে গণতন্ত্রের জন্য যা ঘটে, নির্বাচনে যেভাবে অঘটন ঘটে, সেটা যেন তাদের বিবেচ্য নয়। এই যে ট্রাম্প-বাইডেনের গত নির্বাচনে যা ঘটে গেল, যেভাবে ক্যাপিটল হিলে লোকজন ঢুকে গেল, যেভাবে স্পিকারের আসনে কেউ হাজির হয়ে গেল-তা কিন্তু তাদের চোখে পড়ে না।

মানবাধিকার নিয়ে হামবড়াভাবে কত কথাই না তারা বলে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার আসামিদের আশ্রয় দেওয়া নিয়ে তাদের কোনো রা নেই। বড় হলে তাদের যেন দোষ নেই, তারা যা করে তা যেন সব সময় জায়েজ। ইরানে জিম্মি উদ্ধারে গিয়ে কার্টার বেকায়দায় পড়ার পর বরেণ্য সাংবাদিক জহুর হোসেন চৌধুরী তখন তার ‘দরবার-ই জহুর’ কলামে মজা করে লিখেছিলেন, কার্টারের অণ্ডকোষ ফাটা বাঁশে আটকাইয়া গিয়াছে। ফাটা বাঁশে ওটা আকটানোর দ্বিবিধ অসুবিধাও তিনি উল্লেখ করেছিলেন।

অবশ্য জহুর হোসেন চৌধুরী বলে কথা, এখন কী আর আমাদের কোনো সাংবাদিক আমেরিকাকে নিয়ে এমন ধারালো কথা বলতে সাহস পাবেন? একটু-আধটু ধারালো কথা যা-ই শোনা যায়, তা আমরা শেখ হাসিনার মুখ থেকেই শুনি। বঙ্গবন্ধুর মতো চেতনায় নিজের মানসম্মান তিনিই ধরে রাখতে চান। তার দোহারি ওবায়দুল কাদেরও আমেরিকাকে তোয়াজে যেন ব্যস্ত। সম্প্রতি বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং বাস পোড়ানোর পর এই ‘খেলা হবে’র কাদের সাহেবও বিএনপির ওপর ভিসানীতি প্রয়োগের কথা বলেন।

কী অস্বাভাবিক এদের রাজনীতি! এক দিকে বিদেশিদের কাছে বিএনপির নালিশের বিরুদ্ধে সদা-সোচ্চার, আবার বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগের জন্য তিনিই আমেরিকার সাহায্য চান। ভিসানীতি ঘোষণার সঙ্গে সঙ্গে পিটার হাসের সঙ্গে তাদের অফিসে কি আওয়ামী লীগের কেউ যাননি? কেন এত ব্যস্ততা? তাহলে পিটার হাস মাতব্বরি করবেন না কেন?

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই আমেরিকা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সপ্তম নৌবহর পাঠিয়েছিল-সে কথা কি আমরা ভুলে গিয়েছি? আমরা কি ১৯৭৪-এর দুর্ভিক্ষের পেছনে আমেরিকার খাদ্য চালান অন্যত্র খালাসের কথা ভুলে গেলাম? হেনরি কিসিঞ্জার যে আমাদের তলাহীন ঝুড়ি বলেছিল-সেটা কি এখনো প্রায়ই উচ্চারিত হয় না? হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক সময়ে বদলায়, রাজনীতির মতো এ সম্পর্কেও কেউ চিরশত্রু নয়, কেউ চিরবন্ধুও নয়। আমরা দেখেছি, বঙ্গবন্ধু সরকারের প্রচণ্ড বিরোধিতা করার পরও অনেকে পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছেন।

দেশীয় রাজনীতিতে যদি এটা সম্ভব হয়, তাহলে আন্তর্জাতিক সম্পর্কে আমেরিকা-চীন আমাদের বন্ধু হতে দোষ কোথায়? সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়-এমন সুন্দর বৈদেশিক নীতিতে আমরা এক সময়ের শত্রুকেও সহজে মিত্র করে নিতে পারি। এতে দোষের কিছু দেখি না। কিন্তু বন্ধুত্বের একটা সীমারেখা তো থাকবে, নাকি? আমি বন্ধুকে আমার ড্রয়িং রুম পর্যন্ত সসম্মানে নেব, সব খাতির-আত্তি অবশ্যই করব, কিন্তু আমার স্ত্রীর বেডরুমে কি নিয়ে যাব? আমাদের আমেরিকা বন্ধু যেন আমাদের বেডরুমেই ঢুকে যেতে চায় এখন।

নির্বাচন আমাদের, দেশ আমাদের, ঝগড়াঝাটিও আমাদেরই, কিন্তু পিটার হাসরা যেন আমাদের থেকেও আমাদের মঙ্গল নিয়ে বড় বেশি উদ্বিগ্ন। কিন্তু কেন? কারণ একটাই-আমরা দুর্বল, আমরা গরিব। আমাদের যেন আত্মসম্মান নেই, তাদের ছাড়া যেন আমাদের চলে না। আমাদের রাজনীতিকরাই তাদের এত বেশি তোয়াজ করেন যে, তারা আমাদের পেয়ে বসেছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে পিটার হাসের আর কাজী হাবিবুল আউয়ালের যে অবস্থান টেলিভিশনে দেখলাম, তাতে মনে হলো পিটার হাস আমাদের প্রধান নির্বাচন কমিশনার থেকেও বড়, উপরে। হাস কথা বলেন, পাশে একটু পেছন করে দাঁড়িয়ে আউয়াল। অথচ আউয়ালের কথা বলার সময়ে একইভাবে হাসকে দেখা গেল না।

কেন এমন হবে? আমরা কি কেবল শুয়েই যাব? কী দরকার ছিল হাসের কথা বলার সময়ে আউয়ালের এমন একটু পেছন করে পাশে দাঁড়িয়ে থাকার? তাই যদি প্রটোকল হয়, তবে আউয়ালের কথা বলার সময় হাসকে কেন একইরূপে দাঁড় করিয়ে রাখলেন না? আমাদের মানসম্মান-মর্যাদা যদি আমরা নিজেরাই রাখতে না পারি, তবে তো অন্যেরা আরও একটু জেঁকে বসবেন, নাকি?

আমি সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশি। আমার নীতি হলো-মেশামেশি ভালো, কিন্তু মাখামাখি ভালো না। আমাদের রাজনীতিকরা বিপক্ষকে ঘায়েল করার জন্য বিদেশিদের এত বেশি মাখামাখিতে নিয়ে যান যে, তারা আমাদের বড় কারও পিঠে হাত চাপালেও আমরা যেন ধন্য হয়ে যাই। তাদের দূতাবাসে, হাইকমিশনে এক কাপ চা যেন আমাদের ইজ্জতকে শতগুণ বাড়িয়ে দেয়, তাদের কোনো অনুষ্ঠানে একটু দাওয়াত পাওয়া যেন আমাদের পরম আরাধ্য। এই-ই যদি মনমানসিকতা হয়, তবে তো তাদের আরও বাড় বাড়বে। আমরা ছোট থাকতে শিক্ষকের কাছে একটি গল্প শুনেছিলাম। যে গরুর হাল টানতে টানতে কাঁধে ক্ষত হয়ে গিয়ে আটালি পোকার জন্ম হয়েছে, সে গরুর কাঁধে শালিক পাখি বসলে চুপ করে মাথা আরও নামিয়ে দেয়। কেননা শালিক তার ক্ষতস্থান কাঁধের আটালি পোকা ঠুকরে-ঠুকরে খাওয়ার সময় গরুর একটু আরাম লাগে, ক্ষতস্থানে চুলকানোর একটু ভিন্ন আমেজের সুখসুখ অনুভূতি হয়। আর যে গরুর কাঁধে এখনো জোয়ালই পড়েনি, ক্ষত হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে গরুর কাঁধে শালিক বসলে গরু এমনভাবে মাথা ঝাড়া দেয় যে শালিক ভয়ে পালায়।

আমাদের অনেক রাজনীতিকের কি কাঁধে ক্ষত হয়ে আটালি পোকার জন্ম হয়েছে যে, তারা বিদেশিদের কাঁধে বসতে দিয়ে সুখসুখ ভাব পেয়ে থাকেন? বিদেশিদের এত মাতব্বরির কেন’র উত্তর কি কিছুটা হলেও এতে পাওয়া যাবে? গণতন্ত্রে পরিশীলিত হতে সময় লাগে, এখন যারা গণতন্ত্রের এত বাহাদুরি করেন, তাদের অতীত কি আমরা জানি না? আমাদেরও সময় প্রয়োজন, তাই বলে কি বিদেশিদের এত মাতব্বরি আমাদের হজম করে চলতে হবে? আমাদের মানইজ্জত আমাদেরই রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই কিন্তু। সরকারি কাজে দুবার জাপান গিয়েছিলাম।

কার্যোপলক্ষ্যে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার একটা বেঠক হবে। তারা যে কর্মকর্তার সঙ্গে আমার বৈঠক দিল, তিনি প্রটোকলে আমার বেশ নিচে। তারা তো তেমন চাইতেই পারে, আমরা মানব কিনা সেটা হলো বিবেচ্য। বললাম, ওই বৈঠকে আমি যাব না, আমার সঙ্গে আসা উপসচিব যাবেন। বললাম আমার দেশে গেলে আমরা তোমাদের কী প্রটোকল দেই, তা মনে নেই? বাধ্য হয়ে তারা ডিজির সঙ্গে আমার প্রোগ্রাম করল। আপনি কতটুকু নিজের সম্মানবোধ রাখতে সক্ষম সেটা বড় বিবেচ্য, সবাই শক্তের ভক্ত, নরমের জম যে!

গরিব হওয়ার বড় জ্বালা আছে। গরিবের বউ সবার ভাবী-বলে না! কিন্তু আলেকজান্ডারের কাছে পুরু হওয়া তো যায় অন্তত, নাকি? এই যে ১২ দূতাবাস, হাইকমিশন এক হিরো আলমকে নিয়ে যে কাণ্ড ঘটাল, তা কি ধনী কোনো দেশে হলে সম্ভব হতো? রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করল, আমেরিকা কিংবা জাতিসংঘ কী করতে পারছে? এই যে রাশিয়ার পর আমেরিকা আফগানিস্তান দখল করে নিল, তখন তাদের নীতি-গণতন্ত্র কোথায় ছিল? এই যে ইরাককে আমেরিকা ধ্বংস করে দিল, তার কি কোনো বিচার হলো? জোর যার মুল্লুক তার-এ নীতিতে চলে আমেরিকা।

কই মিয়ানমারে যে সেনাশাসন এলো, আমেরিকা কী করতে পারল? ফিলিস্তিনিদের নাস্তা-নাবুদে ইসরাইলের জন্য আমেরিকা কী না করছে-তখন গণতন্ত্র আর তাদের মানবাধিকার কোথায় থাকে? সিরিয়ার করুণ অবস্থায় আমেরিকা কিংবা অন্য উন্নত দেশ, ইইউ কী করছে? ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময়ে তাদের কী ভূমিকা ছিল? অস্ত্র বিক্রয়ের ব্যবসায়ে তারা বরং যুদ্ধ উসকে দেয়, নয় কি?

বাগানে হাঁটার সময়ে কেউ কেউ আমাকে বলে, শেখ হাসিনা যে আমেরিকার বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেন, আমেরিকা যদি আফগানিস্তানের মতো জোর করে বাংলাদেশ দখল করে নেয়, তখন ভারত-চীন-রাশিয়া কতটুকু এগিয়ে আসবে? আমার জবাব, আমাদের রাজনীতিকরা সেনাশাসন এলে যেমন তাদের সঙ্গে যায়, তাদের সমর্থন দেয়, তেমনি আমেরিকার বাংলাদেশ দখলেও যদি আমাদের রাজনীতিকদের, যারা বানর কর্তৃক পিঠা ভাগের উসিলা খোঁজে তারা যদি একই কায়দায় সমর্থন দেয়, তখন ভারত-চীন-রাশিয়া কী করবে? ভূরাজনীতিতে বড়ই লোভনীয় বাংলাদেশ কেউ চাইতেই পারে, দেখতে হবে আমরা তা মানব কিনা। দেশ যে আমাদের!

বদিউর রহমান : সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান

Advertisement

নির্বাচন বিদেশী

Advertisement

আরও পড়ুন

সামরিক আধুনিকায়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা

সামরিক আধুনিকায়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা

বাইফোকাল লেন্স হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন রাজনৈতিক চাল

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন রাজনৈতিক চাল

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সাক্ষাৎকার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম