Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিগত কয়েক দশক ধরে দেশের একেকটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর সাধারণ মানুষের জীবনকে যেভাবে হানিফ সংকেত তার ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেন, তা প্রশংসনীয়। সর্বশেষ প্রচারিত পর্বটি ধারণ করা হয়েছিল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নকশিকাঁথা শিল্প, কাসা শিল্প এবং জামালপুরের ঐতিহ্যবাহী খাবার-‘মিল্লি বা পিঠালি’ নিয়ে তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরা হয়েছে। যা ছিল প্রশংসনীয়। পান্থ কানাই ও তসিবার গান, জামালপুরকে নিয়ে রাজিব ও সিঁথি সাহার গানের সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো সম্প্রদায়ের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য, দর্শকপর্বে নির্বাচিত দর্শকদের দিয়ে কালজয়ী গান পরিবেশন, জামালপুরের গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবদানের কথা স্মরণ করা-সব মিলিয়ে অনুষ্ঠানজুড়ে ছিল নিজস্ব মাটির গন্ধ।

অনুষ্ঠানের আকর্ষণ ছিল সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি ও ব্যাধি নিয়ে তৈরি তীক্ষ্ণ বিদ্রুপাত্মক নাট্যাংশগুলো। নাট্যাংশগুলোতে অত্যন্ত বলিষ্ঠভাবে ব্যঙ্গ করা হয়েছে রাতারাতি ভাইরাল হওয়ার সস্তা প্রবণতা, অন্ধ অনুকরণের ক্ষতিকর দিক, অনলাইনে ব্যক্তিগত সোলজার বাহিনী নিয়ে সাইবার আক্রমণ এবং তোষামোদ বা তৈলমর্দন করে সুবিধা বাগিয়ে নেওয়ার ভণ্ডামিকে। অন্যের উপার্জনে বেঁচে থাকা পরজীবী মানুষের চরিত্র কিংবা সমাজে সৌজন্যবোধ ও শিষ্টাচারের অভাবে সম্পর্কে ফাটল ধরার বিষয়গুলো ছিল জীবনঘনিষ্ঠ।

পাশাপাশি অখ্যাত সব আয়োজনের বর্ষপূর্তি, পর্বপূর্তি কিংবা ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ভণ্ডামি ও ফাঁপা ফুর্তি করার মানসিকতা নাটিকাগুলোতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন ঘোড়ার হাটকে কেন্দ্র করে নির্মিত প্রতিবেদনটি ছিল ব্যতিক্রমী। এছাড়া প্রাচীন স্থাপত্য, সুদৃশ্য ক্যানাল ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত চীনের ঐতিহাসিক নগরী ‘সুজৌ’-এর ওপর নির্মিত পর্বটি ছিল তথ্যসমৃদ্ধ।

ইত্যাদির মানবিক এবং সমাজ সচেতনতামূলক প্রতিবেদনগুলোও ছিল সময়ের চাহিদা। নদীভাঙনে নিঃস্ব মানুষের হাহাকার এবং বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক বার্তার পাশাপাশি শারীরিক সীমাবদ্ধতাকে জয় করা ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির ঘুরে দাঁড়ানোর গল্প দর্শকদের আবেগাপ্লুত করেছে নিশ্চয়ই। প্রকৃতির সৌন্দর্যের মাঝে বাংলার লোকজ সংস্কৃতি, মানুষের জীবনসংগ্রাম ও ঐতিহ্যের এমন হৃদয়ছোঁয়া উপস্থাপন সত্যিই মনে দাগ কেটে যায়। বরাবরের মতো হানিফ সংকেতের উপস্থাপনাও ছিল উপভোগ্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গান হিট হওয়ার নেপথ্যে কারা

গান হিট হওয়ার নেপথ্যে কারা

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

টুকরো খবর প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম