মিঠুনের আগমনে ‘হুড়োহুড়ি’
কিং খানও হয়ে গেলেন ফটোগ্রাফার
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডে তারকাদের খ্যাতির গল্প নতুন নয়। তবে একই সেটে যখন শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্ত, কাজল, রানি মুখার্জি, রেখাসহ ৩২ তারকার সমাবেশ-তখনো যদি একজনের আগমনে শুরু হয় হুড়োহুড়ি, তাহলে সেই তারকার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। এমনই এক মজার স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন নির্মাতা ফারাহ খান।
২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ সিনেমার বহুল আলোচিত গান ‘দেওয়ানগি দেওয়ানগি’র শুটিংয়ে ঘটেছিল ঘটনাটি। গানে একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা। কিন্তু মিঠুন চক্রবর্তীর সেটে প্রবেশ যেন মুহূর্তেই বদলে দেয় পুরো পরিবেশ। ফারাহ খান বলেন, মিঠুনকে দেখার জন্য আলো-শ্রমিক থেকে শুরু করে সেটের সবাই ছুটে আসেন। এমনকি পরিস্থিতি একপর্যায়ে এতটাই বিশৃঙ্খল হয়ে যায় যে, একজন নারী দর্শক অজ্ঞানও হয়ে যান।
ফারাহ জানান, ঘটনাটি ঘটেছিল মিঠুনের টেলিভিশন নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর সঙ্গে যুক্ত হওয়ারও আগে। মিঠুনের জনপ্রিয়তার সেই দৃশ্য এতটাই বাস্তব ছিল যে, পরে সেটিই গানের অংশ হিসাবে ব্যবহার করা হয়।
আরও মজার ঘটনা ঘটে শাহরুখ খানকে ঘিরে। মিঠুনের সঙ্গে ছবি তুলতে অনেকে নিজেদের মোবাইল ফোন শাহরুখের হাতে দিয়ে দেন! অর্থাৎ, সেটে তখন বলিউডের ‘কিং খান’ও যেন হয়ে গিয়েছিলেন ফটোগ্রাফার।
গানের নাচের দৃশ্যেও ছিল মজার মুহূর্ত। মিঠুনের নাচের স্টেপ অনুসরণ করতে গিয়ে শাহরুখ তাল মেলাতে পারছিলেন না। তখন মিঠুন নিজেই তাকে নাচের ভঙ্গি শেখাতে শুরু করেন। এমনকি মজা করে মাথায় টোকাও দেন। সেই স্বতঃস্ফূর্ত মুহূর্তটিই শেষ পর্যন্ত জায়গা করে নেয় গানটিতে।
এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। এটি আগামী দিওয়ালিতে মুক্তি পাবার কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমে মেয়ে সুহানা খানকে বড় পর্দায় অভিষেক করছেন তিনি। যদিও ওটিটিতে এরইমধ্যে সুহানার অভিষেক হয়েছে। ‘কিং সিনেমায় আরও দেখা যাবে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদেরও।
