ডুপ্লিকেট নন, পানির নিচে লড়াই নিজেই করলেন রাশমিকা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ‘ন্যাশনাল ক্রাশ’ নামে পরিচিত। ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা’ ও ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘মাইসা’। অ্যাকশন-নির্ভর এ সিনেমায় শুধু অভিনয় নয়, ঝুঁকিপূর্ণ স্টান্টেও নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন দক্ষিণী এ তারকা। সিনেমার প্রায় সাড়ে তিন মিনিটের পানির নিচের লড়াইয়ের একটি দৃশ্যে তিনি কোনো ডুপ্লিকেট বা বডি ডাবল ব্যবহার করতে রাজি হননি বলে জানিয়েছেন নির্মাতা। পুরো দৃশ্যটি নিজেই করেছেন রাশমিকা। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় নারীকে কেন্দ্র করে এমন পানির নিচের অ্যাকশন দৃশ্যের এটি প্রথম উদাহরণ।
সিনেমাটির পরিচালক রাবীন্দ্র পুল্লে জানান, পানির নিচে লড়াইয়ের দৃশ্যের মহড়া দেওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, স্থলে যেমন বারবার অনুশীলন করা যায়, পানির নিচে তেমনভাবে লড়াইয়ের মহড়া দেওয়া সম্ভব নয়। ফলে অভিনেত্রীকে দৃশ্যটির জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। রাশমিকা এ দৃশ্যের শুটিংয়ে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে ছিলেন। কয়েকদিনের প্রস্তুতি ও শুটিংয়ের পর ক্যামেরার সামনে পুরো অ্যাকশনটি নিজেই সম্পন্ন করেন। এ সময় শারীরিকভাবে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে অভিনেত্রীকে। ‘মাইসা’র শুটিং চলাকালে তার নিতম্বের টেন্ডনে চোট লাগে এবং চিকিৎসকদের পরামর্শে প্রায় ছয় সপ্তাহ কাজ থেকে বিরতিও থাকতে হয়। সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী গন্ড আদিবাসী নারীর চরিত্রে। এ চরিত্রের জন্য ইতালি ও থাইল্যান্ডে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। পরিচালক জানিয়েছেন, ‘সীতা রামম’ সিনেমায় রাশমিকার চোখের অভিব্যক্তিতে যে তীব্রতা দেখেছিলেন, সেটিই তাকে ‘মাইসা’র জন্য অভিনেত্রী বেছে নিতে অনুপ্রাণিত করে।
পানির নিচের লড়াই, ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ ঝাঁপ এবং জঙ্গলের অ্যাকশন-সব মিলিয়ে ‘মাইসা’তে রাশমিকাকে দেখা যাবে একেবারেই নতুন অবতারে।
