চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ অপেক্ষা, নাম পরিবর্তন, মুক্তি নিয়ে অনিশ্চয়তা-সব মিলিয়ে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে জল্পনার শেষ নেই। এবার সেই জল্পনায় নতুন মোড়। চীনের উপস্থাপনা নিয়ে আপত্তির পর সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সংশোধিত সংস্করণটি সরকারি ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, সিনেমাটির আগের সংস্করণে ভারত-চীন সংঘাতের উপস্থাপনাকে ঘিরে আপত্তি ওঠে। বিশেষ করে চীনকে যেভাবে দেখানো হয়েছিল, সেটি নিয়ে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ ছিল বলে দাবি করা হয়েছে। এরপর নির্মাতারা সিনেমাটির বেশ কিছু অংশ নতুন করে শুট করেন। সংশোধিত সংস্করণে ভারত-চীন সম্পর্ককে তুলনামূলক ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং চীনের সরাসরি উল্লেখও বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সবশেষে সংশোধিত সিনেমাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং গত সপ্তাহে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটির গল্পের অনুপ্রেরণা ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ। সিনেমাটিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
‘মাতৃভূমি’ অবশ্য শুরু থেকেই এই নামে ছিল না। সিনেমাটির প্রথম নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। নাম পরিবর্তনের পাশাপাশি সিনেমাটির বিষয়বস্তু ও উপস্থাপনায়ও এসেছে পরিবর্তন।
