একক নাটকের পর ধারাবাহিকেও প্রশংসিত তটিনী
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একক নাটকে একের পর এক সাফল্যের পর এবার পারিবারিক গল্পের ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির প্রচারের শুরুতেই মিলছে দর্শকের সাড়া। ইউটিউবে প্রকাশের পর প্রথম দুই পর্বই পেয়েছে লাখ লাখ ভিউ। প্রথম পর্বের ভিউ ৭৫ লাখ ছাড়িয়েছে, দ্বিতীয় পর্বও প্রকাশের ২৩ ঘণ্টার মধ্যে ৪২ লাখ অতিক্রম করেছে।
ধারাবাহিকটিতে তটিনীর চরিত্রের নাম নূরজাহান। তার সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে। এর আগে মুহাম্মদ মুস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প-২’ ও ‘সম্পর্কের গল্প’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছেন তটিনী। এবার ধারাবাহিক নিয়ে মাতাচ্ছেন দর্শক। তটিনী বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি দারুণ। আমার বিশ্বাস ছিল, এ ধারাবাহিকটির শুরু থেকেই আমি ভালো সাড়া পাব। আর তা এখন পাচ্ছিও। কৃতজ্ঞ নির্মাতার প্রতি, আমাকে এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত করার জন্য।’
তটিনীর জনপ্রিয়তার পেছনে রয়েছে একের পর এক আলোচিত একক নাটক। ‘সুহাসিনী’, ‘পথে হলো দেরী’, ‘তোমাদের গল্প’, ‘মন দিওয়ানা’ ও ‘হৃদয়ের এককোণে’র মতো নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘কাজল চোখের মেয়ে’ নাটকেও তার অভিনয় ও উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জোভান, তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানের সঙ্গে তার জুটি দর্শকের পছন্দের তালিকায় রয়েছে।
তবে শুধু জনপ্রিয়তা কিংবা ভিউয়ের হিসাবেই আটকে থাকতে চান না তটিনী। তার কাছে গল্প ও চরিত্রের গুরুত্ব বেশি। জানিয়েছেন, ভালো গল্প, বিশ্বাসযোগ্য চরিত্র এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ রয়েছে-এমন কাজই তার লক্ষ্য। প্রতিটি নাটকের সাফল্য পরের কাজের জন্য বাড়তি চাপ তৈরি করলেও সেটিকে ইতিবাচকভাবেই দেখেন তিনি।
এদিকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত নাটকেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তবে ভবিষ্যতে শৈল্পিক ঘরানার সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে তার। আপাতত ছোটপর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করাই তার প্রধান লক্ষ্য।
