Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নেটফ্লিক্সে ছাঁটাইয়ের শঙ্কা

চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করা হতে পারে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী। তবে কোন বিভাগে সবচেয়ে বেশি ছাঁটাই হবে, তা এখনো স্পষ্ট নয়।

পাক নিউজের এক প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ব্যবসায়িক কাঠামোয় বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা করছে নেটফ্লিক্স। এর অংশ হিসাবেই কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। এর মধ্যে প্রায় ১০ হাজার ৯০০ কর্মী যুক্তরাষ্ট্র ও কানাডায় কাজ করতেন। অর্থাৎ প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬৮ শতাংশই এ দুই দেশে কর্মরত ছিলেন।

নেটফ্লিক্সে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা নিট হিসাবে দুই লাখ কমে যাওয়ার পর প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সেটিই ছিল প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা কমার প্রথম ঘটনা। এরপরও বিভিন্ন সময় ছোট পরিসরে কর্মী ছাঁটাই করেছে নেটফ্লিক্স। ২০২৬ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটির বৈশ্বিক পণ্য উন্নয়ন দলের কয়েক ডজন কর্মী চাকরি হারান।

এদিকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস। গত মাসে লস অ্যাঞ্জেলেসে ব্লুমবার্গ স্ক্রিনটাইম সম্মেলনে তিনি জানান, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের প্রতিটি অঞ্চলে প্রতিষ্ঠানটির আয় দুই অঙ্কের হারে বেড়েছে। তবে প্রবৃদ্ধির গতি আরও বাড়াতে চান তারা।

সারানডোসের ভাষ্য, ব্যবহারকারীদের সম্পৃক্ততা বৃদ্ধির গতি প্রত্যাশার তুলনায় কম। ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় এ হার বেড়েছে মাত্র ২ শতাংশ। নেটফ্লিক্সের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানেও বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে দর্শনসময়ের অংশ তুলনামূলক কম বলে জানান তিনি। এসব অনুষ্ঠানে কনটেন্ট বাজেটের প্রায় ৫ শতাংশ ব্যয় হলেও মোট দর্শনসময়ের মাত্র ১ শতাংশ আসে সেখান থেকে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের আর্থিক ফলাফল বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে তৃতীয় প্রান্তিকের আয়ের পূর্বাভাস প্রত্যাশার চেয়ে কম হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে যায়। আগামী ২০ অক্টোবর বাজার বন্ধের পর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের খবর নেটফ্লিক্সের ব্যয় নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধির কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এফডিসি কি আবারও সিনেমার কেন্দ্র হতে পারবে

এফডিসি কি আবারও সিনেমার কেন্দ্র হতে পারবে

নেটফ্লিক্সে ছাঁটাইয়ের শঙ্কা চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

একক নাটকের পর ধারাবাহিকেও প্রশংসিত তটিনী

একক নাটকের পর ধারাবাহিকেও প্রশংসিত তটিনী

ফের একসঙ্গে তারা

ফের একসঙ্গে তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম