শিশু নিপীড়ক ধরার টিভি শো নিয়ে প্যাটিনসনের সিনেমা
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনের নতুন সিনেমা ‘প্রাইমটাইম’ ঘিরে শুরু হয়েছে আলোচনা। ক্রাইম থ্রিলারটিতে যুক্তরাষ্ট্রের আলোচিত টিভি অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রিডেটর’-এর উপস্থাপক ও এনবিসি সাংবাদিক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রচারিত অনুষ্ঠানটিতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গোপন অভিযানের মাধ্যমে শনাক্ত করা হতো। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও অনুসন্ধানী সাংবাদিকতা, পুলিশের কার্যক্রম ও টেলিভিশন বিনোদনের নৈতিক সীমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রদর্শনীতে প্যাটিনসন বলেন, শিশু নির্যাতন অত্যন্ত ভয়াবহ অপরাধ। তবে এমন ঘটনা নিয়ে নির্মিত অনুষ্ঠান কীভাবে শক্তিশালী বিনোদনে পরিণত হয়, সেটিও ভাবনার বিষয়। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একই ধরনের ‘শিকারি ধরার’ কনটেন্ট ব্যাপক জনপ্রিয়। তবে সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বাস্তব জীবনের উপস্থাপক ক্রিস হ্যানসেন। তিনি বলেন, সিনেমাটি ‘অদ্ভুত’ এবং ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’। পরিচালক ল্যান্স ওপেনহেইম জানিয়েছেন, বাস্তব ঘটনার হুবহু প্রতিচ্ছবি নয়, বরং জনসমক্ষে শাস্তি দেখার মানুষের আকাঙ্ক্ষা অনুসন্ধান করাই ছিল সিনেমাটির উদ্দেশ্য। এদিকে চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’তে অভিনয়ের পর প্যাটিনসনের সামনে রয়েছে ‘ডিউন : পার্ট থ্রি’। ‘প্রাইমটাইম’ তাকে প্রথম অস্কার মনোনয়ন এনে দিতে পারে কি না, তা নিয়েও চলছে জল্পনা।
