তারকাদের সংসার ভাঙার নেপথ্যের কারণ কী
Advertisement
এফ আই দীপু
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পর্দায় প্রেম, বাস্তবে ভালোবাসা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সুখী দাম্পত্যের ছবি প্রকাশ-সব মিলিয়ে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কিন্তু সেই পরিচিত মুখগুলোর সংসার যখন ভেঙে যায়, তখন প্রশ্ন ওঠে, এত ভালোবাসা, পরিচিতি ও আর্থিক সচ্ছলতার পরও কেন টেকে না সম্পর্ক? বাংলাদেশের বিনোদন অঙ্গনে একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসায় বিষয়টি আবারও আলোচনায়। তবে এসব ভাঙনের পেছনে একটি নির্দিষ্ট কারণ খোঁজার চেয়ে সম্পর্কের জটিলতা, পেশাগত বাস্তবতা, পারস্পরিক বোঝাপড়া ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্নগুলো বিশ্লেষণ করা জরুরি।
* আলোচনার কেন্দ্রে ব্যক্তিজীবন
গত এক দশকে দেশের বিনোদন অঙ্গনে বিয়েবিচ্ছেদ হয়েছে উল্লেখ্যযোগ্য সংখ্যক তারকার। ২০১৫ সালে সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল সুজানার বহুল আলোচিত বিয়ে মাত্র ৮ মাসের মাথায় ভেঙে যায়। সংগীতশিল্পী মিলা ও তার স্বামী বৈমানিক পারভেজ সানজারির সংসারে বিচ্ছেদ ঘটে ২০১৭ সালে, বিয়ের মাত্র কয়েক মাসের মাথায়। একই বছর গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরীর সংসারও ভাঙে বিয়ের ৬ বছরের মাথায়। অভিনেত্রী নোভা ফিরোজ ও নির্মাতা রায়হান খানের দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও অবসান ঘটে ২০১৭ সালে। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে শোবিজের অন্যতম জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার। একই বছর শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারও ভাঙে। ২০২০ সালে সংসার ভাঙে অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের। যদিও তারা তা প্রকাশ করেন ২০২২ সালে। অভিনেত্রী জিনাত সানু স্বাগতা ও রাশেদ জামানের বিচ্ছেদ হয় ২০২১ সালে, ২০২২ সালের শেষে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের বিয়ে হয় ২০২২ সালে এবং ব্যাপক নাটকীয়তার পর ২০২৩ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এটা ছিল পরীমণির তৃতীয় বিয়ে। ২০২৪ সালে সংসার ভাঙে চিত্রনায়িকা মাহিয়া মাহী ও রকিব সরকারের। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। অভিনেতা অপু ও সংবাদপাঠিকা মোমোর বিয়ে বেশ কয়েক বছর আগে ভাঙলেও ২০২৫ সালের ডিসেম্বরে তা প্রকাশ্যে আসে। ২০২৫ সালে সংগীতশিল্পী সালমা ও আইনজীবী সাগরের সংসার ভেঙে যায়। এটি ছিল সালমার দ্বিতীয় বিয়ে। আর সর্বশেষ কদিন সংসার ভাঙার ঘোষণা দেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। এ ছাড়া এ সময়ের মধ্যে নিলয় আলমগীর ও আনিকা কবির শখের বিয়ে বিচ্ছেদ এবং শবনম বুবলী ও শাকিব খানের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব বিনোদন অঙ্গনে বেশ আলোচিত হয়েছে। তবে প্রতিটি সম্পর্কের ইতিহাস আলাদা। কোনো দম্পতি বিচ্ছেদের কারণ প্রকাশ্যে জানিয়েছেন, কেউ আবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নীরব থেকেছেন। মূলত সংসার ভাঙার ঘটনায় দুই পক্ষের তর্কবিতর্কে যেসব বিষয় উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মনের অমিল, বনিবনার অভাব, বোঝাপড়ার ঘাটতি ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য ও মানসিক অশান্তি। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই কেউ সঠিক কারণ প্রকাশ করেন না। বরং বলেন, সংসারে বিচ্ছেদ ঘটলেও আমাদের সম্পর্ক বন্ধুর মতোই থাকবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় থাকবে। অর্থাৎ বাইরে থেকে একটি সম্পর্ক যত সুখী মনে হোক, তার ভেতরের বাস্তবতা ভিন্ন হতে পারে।
* তাহলে কেন ভাঙে তারকাদের সংসার
পুরোনো এবং সাম্প্রতিক বিয়ে বিচ্ছেদের বেশ কয়েকটি ঘটনার বিশ্লেষণ করলে এর সম্ভাব্য কয়েকটি কারণ সামনে আসে।
ব্যতিক্রম হচ্ছে না।
► ব্যস্ত ক্যারিয়ার ও একসঙ্গে সময় কাটানোর সংকট : বিনোদন অঙ্গনের পেশাগত জীবন সাধারণ চাকরির মতো নির্দিষ্ট সময়সূচিতে চলে না। শুটিং, আউটডোর, কনসার্ট, বিদেশ সফর, রাতজাগা কাজ ও প্রচারণা-সব মিলিয়ে তারকাদের জীবন প্রায়ই অনিয়মিত। একজনের কাজের ব্যস্ততা যখন অন্যজনের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন একসঙ্গে সময় কাটানো, পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আবেগগত সংযোগ বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
► খ্যাতি, অহংবোধ ও ক্ষমতার ভারসাম্য : তারকাদের পরিচিতি, জনপ্রিয়তা ও আর্থিক স্বাধীনতা তাদের ব্যক্তিজীবনেও প্রভাব ফেলতে পারে। দুজনের একজন বেশি জনপ্রিয় হলে কিংবা একজনের পেশাগত সাফল্য অন্যজনের তুলনায় বেশি দৃশ্যমান হলে সম্পর্কের মধ্যে অনিরাপত্তা তৈরি হতে পারে। কখনো সিদ্ধান্ত গ্রহণে একতরফা কর্তৃত্ব, কখনো সঙ্গীর কাজ বা পরিচিতিকে ছোট করে দেখা সম্পর্ককে দুর্বল করে।
► সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত জীবনের চাপ : তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় চলে আসে। ছবি, মন্তব্য, সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা অনলাইনে দেওয়া কোনো পোস্ট নিয়ে শুরু হতে পারে জল্পনা। ভক্তদের প্রত্যাশা, গুজব এবং অনবরত নজরদারি দম্পতির ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করতে পারে। এর সঙ্গে যুক্ত হয় ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসার আশঙ্কা। সাধারণ দাম্পত্যের বিরোধ যেখানে পরিবার বা বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তারকাদের ক্ষেত্রে তা কখনো জনসমক্ষে আলোচিত হয়। ফলে সমস্যা সমাধানের বদলে বাইরের মানুষের মতামত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
► অবিশ্বাস, যোগাযোগের ঘাটতি ও পরিবারের হস্তক্ষেপ : দাম্পত্যে সন্দেহ, অসম্পূর্ণ যোগাযোগ, প্রত্যাশার অমিল এবং দীর্ঘদিনের অভিমান ধীরে ধীরে দূরত্ব বাড়াতে পারে। কেউ হয়তো সঙ্গীর কাছ থেকে বেশি সময় ও মনোযোগ চান, অন্যজন চান ব্যক্তিগত পরিসর। কেউ চান পরিবারের সঙ্গে বেশি সম্পৃক্ততা, অন্যজন চান নিজেদের সিদ্ধান্তে স্বাধীনতা। আলোচনার মাধ্যমে সমাধান না হলে ছোট মতপার্থক্যও বড় সংকটে রূপ নিতে পারে।
* মনোরোগ বিশ্লেষণ : আবেগের টানাপোড়েন ও মানসিক দূরত্ব
প্রখ্যাত সাইক্রিয়ট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট ডা. আহসান উদ্দিন আহমেদ মনে করেন, মানুষের জীবনে আবেগের পাশাপাশি যৌক্তিক বিবেচনাও প্রয়োজন। সম্পর্কের সংকটে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি বুঝে সমাধান খোঁজা জরুরি। তিনি বলেন, ‘মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে, দীর্ঘদিনের অভিমান, নিরাপত্তাহীনতা, প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি, অতিরিক্ত সন্দেহ কিংবা নিজের চাহিদা প্রকাশ করতে না পারা সম্পর্ককে দুর্বল করতে পারে। তারকাদের ক্ষেত্রেও এসব মানবিক অভিজ্ঞতা প্রাসঙ্গিক। পেশাগত চাপ ও জনসমক্ষে পরিচিত থাকার বাড়তি বোঝা কখনো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’
তিনি মনে করেন, কোনো তারকার সম্পর্ক ভেঙেছে বলেই তার মানসিক সমস্যা রয়েছে-এমন সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ অনুচিত। মনোরোগ বিশেষজ্ঞের মূল্যায়ন ছাড়া কাউকে মানসিক রোগে আক্রান্ত বলা যায় না। একইভাবে, প্রতিটি বিচ্ছেদকে ব্যর্থতা হিসাবেও দেখা উচিত নয়। নির্যাতন, দীর্ঘস্থায়ী মানসিক অশান্তি কিংবা অসম্মানজনক সম্পর্ক থেকে বেরিয়ে আসা কখনো ব্যক্তির সুস্থতা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হতে পারে।
অন্যদিকে, অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘দাম্পত্যজীবনে একে অপরকে মেনে নেওয়া এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। নাহলে সংসার টিকবে না। পারস্পরিক সমন্বয় ও সহনশীলতা সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’
* বিচ্ছেদ মানেই কি ব্যর্থতা
বাংলাদেশের সমাজে বিবাহবিচ্ছেদ নিয়ে এখনো নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সামাজিক বিচার ও ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তির চাপ বেশি হতে পারে। অথচ একটি সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব কখনোই শুধু একজনের নয়। একইভাবে সম্পর্ক ভেঙে যাওয়ার দায়ও প্রমাণ ছাড়া কোনো একজনের ওপর চাপিয়ে দেওয়া যায় না।
দাম্পত্যে সহিংসতা, জবরদস্তি কিংবা দীর্ঘস্থায়ী নির্যাতন থাকলে শুধু সামাজিক সম্মানের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ দেওয়া উচিত নয়। আবার সমাধানযোগ্য মতপার্থক্যের ক্ষেত্রে খোলামেলা আলোচনা, পারস্পরিক সমঝোতা এবং প্রয়োজনে দম্পতি কাউন্সেলিং সহায়ক হতে পারে।
বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের সংসার ভাঙার পেছনে খ্যাতি, ব্যস্ততা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ব্যক্তিস্বাধীনতাকে এককভাবে দায়ী করা যায় না। সম্পর্কের ভেতরের বোঝাপড়া, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, যোগাযোগ এবং ব্যক্তিগত পরিস্থিতির সমন্বয়েই দাম্পত্যের গতিপথ তৈরি হয়।
এটা ঠিক, তারকাদের বিচ্ছেদ নিয়ে ভক্ত-দর্শকের কৌতূহল অনেক বেশি। এটা থাকতেই পারে। কিন্তু অসমর্থিত গুজব ছড়ানো, ব্যক্তিগত জীবন নিয়ে অপমানজনক মন্তব্য করা কিংবা এক পক্ষকে আগেভাগে দোষী সাব্যস্ত করা দায়িত্বশীল আচরণ নয় বলে মনে করে বিশেষজ্ঞরা। মনে রাখা জরুরি, তারকাদের পর্দার পরিচিতি যতই উজ্জ্বল হোক, ব্যক্তিগত জীবনে তারাও সাধারণ মানুষের মতো সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যান। তাই শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্কটি যেন সম্মানজনক, নিরাপদ ও মানসিকভাবে সুস্থ থাকে। ভালোবাসা সম্পর্কের সূচনা করতে পারে, কিন্তু সেটিকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন পারস্পরিক দায়িত্ববোধ, শ্রদ্ধা, যোগাযোগ এবং একে অপরের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা।
