Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উৎসব উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে এসেছে তিনটি সিনেমা। প্রতি বছর টিভিতে এবং গত কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও দেখা গেছে দুর্গাপূজা নিয়ে বিভিন্ন আয়োজন। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। সাধারণত ঈদের সময় চ্যানেলগুলোতে সপ্তাহজুড়ে যে জমকালো আয়োজন দেখা যায়, নাটক, সিনেমা, গান আর বিশেষ অনুষ্ঠানের যে ধুমধাম থাকে, এবারের পূজায় সেই পরিবেশ চোখে পড়ছে না। পূজা উপলক্ষ্যে টেলিভিশন, ওটিটি, ইউটিউব ও প্রযোজনা সংস্থাগুলো কী কী নাটক ও গান সাজিয়েছে, তা নিয়েই বিস্তারিত থাকছে এ প্রতিবেদনে।

Advertisement

Icon

সাহিদ আহমেদ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রতি বছর ঈদে টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচি সাজায়। ছুটির প্রতিটি দিন নতুন একক নাটক, টেলিফিল্ম, তারকাদের নিয়ে আড্ডা আর সরাসরি গানের আসর থাকে। নতুন কনটেন্ট প্রকাশের প্রতিযোগিতায় নামে ওটিটি প্ল্যাটফর্মগুলোও। কিন্তু এবারের দুর্গাপূজায় সেই চিত্র অনেকটাই ভিন্ন। বেশিরভাগ চ্যানেলে আয়োজন সীমিত। কোথাও আছে বিশেষ নাটক, কোথাও শুধু সিনেমা বা টেলিফিল্ম। তবু উৎসব ঘিরে চ্যানেলগুলো একেবারে হাত গুটিয়ে বসে নেই। চ্যানেল আই, এটিএন বাংলা, আরটিভি, এনটিভি ও মাছরাঙা টেলিভিশনে থাকছে পূজার বিশেষ নাটক ও অনুষ্ঠান। এসব আয়োজনের মূল বিষয় ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকা, গ্রাম ও শহরের পূজার পরিবেশ আর পরিবারের মানুষের সম্পর্কের টানাপোড়েন। বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, আলাদা করে পূজার নাটক না থাকলেও উৎসবের দিনগুলোয় তারা বিশেষ নাটক ও সিনেমা প্রচার করবে। চ্যানেল আইও বিশেষ দিনে নাটক ও টেলিফিল্ম দেখাবে।

পূজার নাটকের তালিকায় মাছরাঙা টেলিভিশনে থাকছে ‘রাধিকা’। বিজয়া দশমীর রাতে, ২১ অক্টোবর সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। আমানুল হক হেলালের রচনায় এটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী ও জয়রাজসহ আরও অনেকে। আরটিভি ও এনটিভিতেও থাকছে বিশেষ অনুষ্ঠান। এখন টিভিও পূজা উপলক্ষ্যে ‘উমা এলো’ নামে উৎসবের আমেজে সাজানো বিশেষ আয়োজন দেখাচ্ছে।

পূজা উপলক্ষ্যে তুলনামূলক গোছান আয়োজনের কথা জানিয়েছে দীপ্ত টিভি। অষ্টমী, নবমী ও দশমী-এ তিন দিন ‘দীপ্ত শারদোৎসব’ নামে বিশেষ অনুষ্ঠান দেখাবে চ্যানেলটি। অষ্টমী ও নবমীর সকাল ৮টায় থাকছে ‘দীপ্ত প্রভাতী’। অষ্টমীর পর্বে অংশ নেবেন শিল্পী অনন্যা আচার্য্য, নবমীর পর্বে চম্পা বণিক। দশমীর সকাল ৮টায় প্রচার হবে নাচ, গান ও কবিতায় সাজানো অনুষ্ঠান ‘বিজয়া : নজরুলের কথায় ও সুরে’। রাতের আসরেও রয়েছে গান। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমীর রাত ১১টা ৩৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘শারদ সুরের রাত’-এ গাইবেন প্রিয়াংকা গোপ। ২০ অক্টোবর নবমীর রাতে একই সময়ে গান শোনাবেন অণিমা রায়। পূজার তিন দিন দীপ্ত টিভির পর্দায় বাংলা সিনেমারও আয়োজন আছে। ১৯ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে দেখান হবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক ও শহীদুজ্জামান সেলিম। একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব খান ও বুবলী অভিনীত ‘নোলক’। ২০ অক্টোবর সকালে ‘মন যেখানে হৃদয় সেখানে’ দেখানো হবে, যেখানে শাকিব খানের সঙ্গে আছেন অপু বিশ্বাস, ববিতা ও নিরব। ওই দিন দুপুরে থাকছে রায়হান রাফি পরিচালিত শাকিব খান-মিমি চক্রবর্তী-নাবিলা-চঞ্চল চৌধুরী অভিনীত ‘তুফান’। বিজয়া দশমীর দিন, ২১ অক্টোবর সকালে প্রচার হবে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, যাতে আফরান নিশো ও তমা মির্জা অভিনয় করেছেন। দুপুরে দেখানো হবে শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’। তবে এসব পুরোনো সিনেমা, নতুন নির্মাণ নয়। আরও একটি বিষয়, ঈদের মতো প্রতিদিন নতুন নাটকের সারি কোনো টিভি চ্যানেলেই নেই।

টিভির মতো ওটিটির চিত্রও প্রায় একই। দেশে বর্তমানে সক্রিয় ও পরিচিত দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা হাতেগোনা কয়েকটি। এর মধ্যে উল্লেখযোগ্য চরকি, বিঞ্জ, আইস্ক্রিন, বঙ্গ, বায়োস্কোপ, দীপ্ত প্লে ও টফি। কিন্তু ঈদকে কেন্দ্র করে যেভাবে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমা প্রকাশ হয়, পূজায় সেই তুলনায় তেমন কিছু নেই। এবার অনেক প্ল্যাটফর্ম নতুন নির্মাণের বদলে লাইভ টিভি সেকশনে পূজার বিশেষ নাটক ও সিনেমা দেখানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে। তবে ব্যতিক্রম দীপ্ত প্লে। প্ল্যাটফর্মটি ‘আমার দুর্গাপূজার গল্প’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন ও নাটকের আয়োজন রেখেছে। দর্শকদের বাস্তব জীবনের পূজার আবেগ, ঐতিহ্য ও বিশেষ গল্প নিয়েই সাজানো হয়েছে এ আয়োজন।

এদিকে ওটিটির তুলনায় ইউটিউবে পূজার আমেজ বেশি। বিভিন্ন চ্যানেল ও প্রযোজনা সংস্থা পূজা নিয়ে পারিবারিক গল্পের নাটক প্রকাশ করছে। জি-সিরিজ ও লেজার ভিশনের মতো প্রতিষ্ঠানগুলো তাদের ইউটিউব চ্যানেলে এমন কয়েকটি নাটক ইতোমধ্যে প্রকাশ করেছে। একই মাধ্যমে নাটকের পাশাপাশি গানেরও জোয়ার এসেছে। প্রতি বছরই বিভিন্ন শিল্পী ও প্রযোজনা সংস্থা পূজা উপলক্ষ্যে ভক্তির গান, লোকগান, আগমনী গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে। এসব গানে ঘুরেফিরে আসে দেবী দুর্গার আসা, তার জয়গান, ঢাকের বোল আর রাধা-কৃষ্ণের চিরকালের প্রেমের টান। লেজার ভিশন থেকে এসেছে লোকগানের ধাঁচের ভক্তির গান ‘কালার বাঁশির সুরে’। এতে কণ্ঠ দিয়েছেন সুমি মির্জা। অন্যদিকে পূজা উপলক্ষ্যে ১৩টি গান নিয়ে বিশেষ অ্যালবাম প্রকাশ করেছে ‘বিশ্বরঙ’। এতে কণ্ঠ দিয়েছেন পূজা, পুতুল, সন্দীপ, সিঁথি ও সালমাসহ নামি ও নবীন অনেক শিল্পী।

পূজার গানে প্রবাসী শিল্পীরাও পিছিয়ে নেই। কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার ‘অসম সমীকরণ’ শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেছেন। এর কথা ও সুর করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। এ ধরনের কনটেন্টের বড় একটি অংশ আসছে তরুণ নির্মাতা ও নতুন শিল্পীদের হাত ধরে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

টুকরো খবর শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম