অপেক্ষায় ববিতা...
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয় থেকে এখনো বিরতি নেননি দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সর্বশেষ তাকে দেখা গেছে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়। তারপর কেটে গেছে এক যুগ। সেই থেকে অপেক্ষা। কখন আবারও পর্দায় দেখা যাবে তাকে। বিভিন্ন সময় অভিনয়ে বিরতির কথা শোনা গেলে আনুষ্ঠানিকভাবে কখনোই অভিনয়কে বিদায় জানানোর কথা বলেননি এ অভিনেত্রী। জানিয়েছেন, ভালো গল্প, চরিত্র ও নির্মাতার দেখা মিলছে না। তাই অভিনয় থেকে দূরে আছেন। বর্তমানে এ অভিনেত্রী অবস্থান করছেন কানাডায়। সেখানে একমাত্র ছেলের সঙ্গে কাটাচ্ছেন অবসর। তবে দেশটিতে স্থায়ী হওয়ার কোনো চিন্তা-ভাবনা নেই তার। প্রতি বছরই নির্দিষ্ট একটি সময়ে তিনি সেখানে ছেলের কাছে যান। থাকেন কয়েক মাস। এরপর আবারও দেশে ফেরেন।
অভিনয়ে ফেরার অপেক্ষা নিয়ে ববিতা বলেন, ‘বিগত প্রায় এক যুগে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন। কিন্তু কারও গল্পই আসলে আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাব। কিন্তু এটাও সত্যি আমার এখনো সিনেমায় অভিনয় করার আগ্রহ আছে। আমি তো মনেপ্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ই করে যেতে চাই। কিন্তু বিগত দশ বছরে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার সুযোগ এলো না আমার। এখনো আমি প্রতীক্ষায় আছি হয়তো একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে।’
তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘পাশের দেশে যদি তাকাই, এখনো তাদের দেশের জীবন্ত কিংবদন্তি অভিনয় শিল্পীদের কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়। গল্পের কারণেই কিংবদন্তি শিল্পী সিনেমার প্রাণ হয়ে ওঠেন। আর যারা তরুণ শিল্পী থাকেন তারা সেই শিল্পীর পাশে অভিনয় করে সিনেমাটিকে আরও অলংকৃত করে তোলেন। কিন্তু আমাদের দেশে এখনো এ ধরনের সিনেমা নির্মাণে সাহস পান না নির্মাতারা। অনেকেই আমারই মতো বহু বছর ধরে সিনেমার সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা আমাদের অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগাতে পারছি না। তাই এ সময়ে এসে আফসোস হয়, জীবনের শেষপ্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প পেলাম না, যাতে আমি মন-প্রাণ দিয়ে নিজেকে পূর্ণ নিবেদিত করে অনেক কষ্ট করে অভিনয় করতে পারি। হয়তো সেই সময় আসবে, জানি না তা কবে।’
উল্লেখ্য, ক্যারিয়ারে সাড়ে তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। চারবার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ প্রযোজক ও পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। চলতি বছর তিনি একুশে পদক ও ‘মা পদক’-এ ভূষিত হন।
