প্রেমিকার র্যাম্প অভিষেকে উচ্ছ্বসিত টিমোথি
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রেমিকার সাফল্যের মুহূর্তে পাশে থেকে তাকে উৎসাহিত করছেন প্রেমিক-এ দৃশ্য নতুন নয়। তবে হলিউডের আলোচিত জুটি টিমোথি শ্যালামে ও কাইলি জেনারের ক্ষেত্রে মুহূর্তটি ছিল একটু বিশেষ। ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে প্রথমবার র্যাম্পে হাঁটলেন কাইলি। দর্শক সারিতে বসে হাততালি দিয়ে প্রেমিকার সেই অভিষেককে উদযাপন করলেন টিমোথি। আর কাইলির সাজে সবচেয়ে বেশি নজর কাড়ল কোটি কোটি ডলারের এক বিশেষ অন্তর্বাস (বক্ষবন্ধনী)।
ভিক্টোরিয়াস সিক্রেটের এবারের ফ্যাশন শোতে কাইলির পরনে ছিল আলো ঝলমলে ‘ফ্যান্টাসি ব্রা’। এর সঙ্গে সাদা পালকের বিশাল ডানা, মিনিস্কার্ট ও স্বচ্ছ হিল তার সাজে যোগ করে আলাদা মাত্রা। র্যাম্পে আত্মবিশ্বাসী উপস্থিতিতে নজর কাড়েন এ মডেল ও ব্যবসায়ী। তবে ফ্যাশনপ্রেমীদের পাশাপাশি আলোচনায় ছিলেন টিমোথিও। প্রেমিকার র্যাম্পে হাঁটার সময় তাকে হাসিমুখে হাততালি দিতে দেখা যায়। পাশে ছিলেন কাইলির মা ক্রিস জেনারও, যিনি মেয়ের এ বিশেষ মুহূর্ত মুঠোফোনে ধারণ করেন।
ফ্যাশন শোর আকর্ষণের কেন্দ্রে থাকা ‘ফ্যান্টাসি ব্রা’র মূল্য নিয়েও তৈরি হয়েছে আলোচনা। জানা গেছে, এর দাম ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬০ কোটিরও বেশি টাকা। এর নকশায় রয়েছে হাজার হাজার প্রাকৃতিক হীরা এবং একটি উজ্জ্বল হলুদ হীরা। গয়না নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.-এর সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে বিশেষ এ নকশা। ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে ফ্যান্টাসি ব্রা বরাবরই বিশেষ আকর্ষণ। দীর্ঘ বিরতির পর আবারও এই দামি অন্তর্বাসকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ২০১৮ সালে মডেল এলসা হস্ক এটি পরে র্যাম্পে হেঁটেছিলেন।
তবে কাইলির এ উপস্থিতির গল্প শুধু দামি পোশাক কিংবা ঝলমলে র্যাম্পে সীমাবদ্ধ নয়। এত দিন টিমোথির বিভিন্ন আয়োজন ও পুরস্কার অনুষ্ঠানে কাইলিকে পাশে দেখা গেছে। এবার যেন সে দৃশ্যের উলটো প্রতিচ্ছবি-প্রেমিকার বিশেষ মুহূর্তে দর্শকসারিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করছেন টিমোথি। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন এ তারকা জুটি। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও একে অন্যের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের উপস্থিতি ভক্তদের আগ্রহ বাড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। কাইলির র্যাম্প অভিষেক আর টিমোথির উচ্ছ্বাস-দুটি মুহূর্তই জায়গা করে নিয়েছে আলোচনায়।
