কিংবদন্তির অবসর
যেভাবে কাটে শবনমের সময়
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম। সর্বশেষ তাকে দেখা গেছে কাজী হায়াতের ‘আম্মাজান’ সিনেমায়। এরপর কেটে গেছে ২৫ বছরেরও বেশি সময়। এ সময় তার কাছে অনেক সিনেমার গল্প নিয়ে গিয়েছিলেন নির্মাতারা। কিন্তু কোনোটাতেই সেই ‘আম্মাজান’র মতো চরিত্রের গভীরতা খুঁজে পাননি। ফলে তাকে আর পর্দায়ও দেখা যায়নি। বর্তমানে রাজধানীর বারিধারার পার্ক রোডে নিজে বাসাতেই নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, নিয়মিত টিভি দেখে, পত্রিকা পড়ে, ফেসবুক স্ক্রল করে, মাঝে মাঝে বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করে, কখনো কখনো দেশের বাইরে গিয়ে সময় কাটে তার। তবে শবনম জানান, তার স্বামী প্রখ্যাত রবিন ঘোষ মারা যাওার পর তিনি আরও অনেকটাই গৃহবন্দি হয়ে গেছেন। খুব বেশি বাইরে যেতে মন সায় দেয় না। একমাত্র সন্তান রনিই তার সঙ্গী এখন। থাকতেন বিদেশে। কিন্তু মা একা হয়ে যাওয়ার পর তাকে দেখাশোনা করতে দেশেই থেকে গেছেন রনি, এমনটাই জানিয়েছেন শবনম। অভিনেত্রী বলেন, ‘একজন মা হিসাবে রনিকে নিয়ে আমি গর্বিত। এখন আসলে সময়টা বদলে গেছে। দেশে বিশেষত মা-বাবার সন্তানদের নিয়ে নানা ধরনের খবর দেখি, সেদিক বিবেচনায় আমার রনি সোনার টুকরা ছেলে। আমাকে একটুও কষ্ট করতে দেয় না। মা বলতে সে পাগল। আজ (২০ অক্টোবর) সেই আমার আদরের ছেলেটির জন্মদিন। সবাই তার জন্য দোয়া করবেন। আর সত্যি বলতে কী, ছেলের সঙ্গেই সময় কাটে আমার। মাঝে মাঝে টিভিতে সিনেমা দেখি, খবর দেখি, ফেসবুকে নানা খবরাখবর পাই। দেশ-বিদেশ সম্পর্কে কিছুটা অবগত থাকি। তবে হয়তো এ জীবনে আর সিনেমা করা হবে না। কারণ শরীর এখন আর আগের মতো ভালো নেই। কোনো না কোনো অসুখ লেগেই আছে।’ এদিকে চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ নিয়ে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনও জারি হয়েছে। অপেক্ষা এবার আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়ার।
