টাইগার নয়, দুর্বৃত্তদের নিশানায় ছিলেন আমির খান!
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায়। তদন্তে উঠে আসছে, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য নাকি ছিলেন আরেক বলিউড তারকা আমির খান। তাকে নাগালে পাওয়া কঠিন হওয়ায় পরে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয় বলে সন্দেহ করছে পুলিশ। তবে এ তথ্য এখনো তদন্তাধীন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তদন্তকারীদের ধারণা, অভিযুক্তরা প্রায় এক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করে আমির খানের চলাফেরা পর্যবেক্ষণ করেছিলেন। এমনকি অন্তত তিনবার তার বাসভবনের আশপাশেও গিয়েছিলেন তারা। কিন্তু আমিরের ব্যস্ত শুটিংয়ের সূচি এবং তার চলাচলের অনিশ্চয়তার কারণে তাকে কাছে পাওয়ার সুযোগ মেলেনি।
এরপর হামলাকারীরা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেন বলে পুলিশের সন্দেহ। প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার নিয়মিত রোববার জুহুর একটি পার্কে ফুটবল খেলতে যেতেন। তার এই নিয়মিত যাতায়াতের বিষয়টি হামলাকারীদের নজরে এসেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের ধারণা, অভিযুক্তরা এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ব্যবহার করে কথিত সহযোগীদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছিলেন। হামলার খবর প্রকাশ্যে আসার পর তাদের দ্রুত এলাকা ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, পালানোর সময় অভিযুক্তরা একাধিকবার যাতায়াতের মাধ্যম পরিবর্তন করেন। মোটরসাইকেল, ট্রেন ও ক্যাব ব্যবহারের পর তারা বাসে করে গুজরাটের সুরাটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরে রাজস্থানের কোটায় তাদের আটক করা হয়। তদন্তের অংশ হিসাবে সুরাট থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি জীবন্ত কার্তুজ উদ্ধারের কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিভিন্ন রাজ্য থেকে মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন হামলাকারীদের অস্ত্র, অর্থ কিংবা অন্যান্য সহায়তা দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কথিত অপরাধচক্রের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
তবে আমির খানকে প্রাথমিক লক্ষ্য করার দাবি, হামলার পরিকল্পনা এবং অভিযুক্তদের সঙ্গে অপরাধচক্রের সম্ভাব্য যোগসূত্র-সবকিছুই এখন পুলিশের তদন্তাধীন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ঘটনার পেছনে কারা ছিলেন এবং বলিউড তারকাদের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত এগিয়ে নিচ্ছে মুম্বাই পুলিশ।
