আবাসন ব্যবসায় সালমান
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের তারকা সালমান খানের নাম এবার যুক্ত হলো ভারতের আবাসন ব্যবসায়। ভারতের পাঞ্জাবে বিলাসবহুল বহুতল আবাসন প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা। ‘অনিবার্য পরিস্থিতির’ কথা জানিয়ে ভিডিও বার্তায় শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি নিয়ে উদ্বেগের মধ্যে তার এই অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবে প্রস্তাবিত এ প্রকল্পে ছয়টি বহুতল টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিন ও চার শয়নকক্ষের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পাশাপাশি আধুনিক জীবনযাপনের নানা সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটিতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি ভারতীয় রুপি।
প্রকল্পটির প্রচারে সালমানের উপস্থিতি না থাকলেও ভিডিও বার্তায় তিনি আয়োজকদের প্রতি শুভকামনা জানিয়েছেন। শারীরিকভাবে অনুষ্ঠানে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, দূরে থাকলেও তার আন্তরিক শুভেচ্ছা সবার সঙ্গে রয়েছে।
সালমানের অনুপস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে তার নিরাপত্তা পরিস্থিতির কারণেও। দীর্ঘদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে। বিশেষ করে কৃষ্ণসার হরিণ শিকার মামলা ঘিরে বিষ্ণোই গোষ্ঠীর বিরোধিতার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সালমানের অনুপস্থিতির সঙ্গে নির্দিষ্ট কোনো হুমকির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
প্রকল্পটির প্রচারে ‘এসকে টাওয়ারস’, ‘দ্য সালমান টাওয়ারস’ কিংবা ‘সালমান খান টাওয়ারস’-এমন কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জ্যাকব অ্যান্ড কো এবং জিবি রিয়েলটির সঙ্গে সংশ্লিষ্ট প্রচারমূলক উদ্যোগের কথাও সামনে এসেছে।
পাঞ্জাবের এ প্রকল্পের পাশাপাশি মুম্বাইয়েও নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। বান্দ্রার চিম্বাই এলাকায় সমুদ্রের মুখোমুখি একটি আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার খবর রয়েছে। তবে নতুন ভবনটি তৈরি হলে সালমান বা তার পরিবার বর্তমান বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে উঠবেন কি না, তা নিশ্চিত নয়।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও সালমানের আগ্রহ নতুন নয়। তবে পাঞ্জাবের এই বিলাসবহুল আবাসন প্রকল্প তার ব্যবসায়িক পরিচয়ে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার বিষয়, তারকার নাম ঘিরে তৈরি আগ্রহ বাস্তবে প্রকল্পটির সাফল্যে কতটা ভূমিকা রাখে।
