শাড়ির নেশায় ডুবছেন তানজিন তিশা
পিছু ছাড়ছে না সমালোচনা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। নাটকের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমায়ও। নাম ‘সোলজার’। নায়ক শাকিব খান। এটিই অভিনেত্রীর অভিষেক সিনেমা। তবে এর কাজ আদৌ শেষ হবে কী না সেটা নিয়েও প্রশ্ন জেগেছে। সিনেমাটি নিয়ে এরইমধ্যে তৈরি হয়েছে সমালোচনা। এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার মতো ব্যক্তি জীবনেও সমালোচনা সহসাই পিছু ছাড়ছে না তানজিন তিশার। বছরখানেক আগে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা হয়। প্রথম মামলার তদন্তের ভার সিআইডির হাতে যাওয়ার একদিনের মাথায় নতুন অভিযোগ নিয়ে আদালতে গেছেন বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী। তিনি মামলা তুলে নিতে চাপ ও হুমকির অভিযোগ তুলেছেন তিশার বিরুদ্ধে। এ নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতেও বলা হয়েছে। তথ্যমতে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তিশা। অভিযোগ, পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও দেননি। ফেরত চাইলে সানায়াকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে।
শাড়ি নিয়েই তিশার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। অভিযোগ, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রচার ও দাম পরিশোধের কথা দিয়ে পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের এ মামলায় চলতি বছরের জুলাইয়ে আদালত তার নামে সমন জারি করেন। তিশা আগে অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল।
একই সময় কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’ নিয়েও বিতর্কে জড়ান তিনি। শরীফ খান নামে একজন নিজেকে সিনেমার প্রযোজক পরিচয় দিয়ে অভিযোগ করেন, চুক্তি করে অগ্রিম পারিশ্রমিক নিয়েও তিশা কাজ করেননি এবং টাকা ফেরত দিচ্ছেন না। তিশা এ অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফ খান সিনেমাটির প্রযোজকই নন।
চলতি বছরের ৩ মার্চ মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ের সময় সহ-অভিনেত্রী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ ওঠে তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন সামিয়া। যদিও তিশা সেই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, দৃশ্যের প্রয়োজনে অভিনয় করতে গিয়েই এমন মুহূর্ত তৈরি হয়েছিল, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সাংবাদিকদের সঙ্গে আচরণ নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকির একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার খবর আসে।
