মৃগীরোগে আক্রান্ত শিশুদের অনুদান দিলেন বেন অ্যাফ্লেক
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের জনপ্রিয় অভিনেতা বেন অ্যাফ্লেক আবারও প্রমাণ করলেন, তারকাখ্যাতির বাইরেও মানবিক দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ। মৃগীরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে এ অনুদান দেন তিনি।
গত ২৯ অক্টোবর দ্য কেয়ার অ্যান্ড কিউর ইনস্টিটিউটের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বেন অ্যাফ্লেক। শিশুদের মৃগীরোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মানবিক কর্মকান্ডে অবদানের জন্য সম্মানিতও করা হয় অভিনেতাকে।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে মৃগীরোগের সঙ্গে ব্যক্তিগত সম্পৃক্ততার কথা তুলে ধরেন বেন। তিনি জানান, কাছের মানুষদের এই রোগের সঙ্গে লড়াই করতে দেখেছেন। ফলে রোগটি তার কাছে কেবল চিকিৎসাবিজ্ঞানের কোনো বিষয় নয়। অভিনেতা বলেন, এমন পরিস্থিতিতে একটি পরিবারের জন্য দ্রুত সঠিক চিকিৎসক খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, ইউসিএলএর চিকিৎসকদের সঙ্গে সময় কাটিয়ে শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞদের ভূমিকা সম্পর্কে তার উপলব্ধি আরও গভীর হয়েছে।
২০০৬ সালে অ্যান্ড্রু গাম্পার্ট ও মার্ক বোরম্যান প্রতিষ্ঠা করেন দ্য কেয়ার অ্যান্ড কিউর ইনস্টিটিউট। নিজেদের সন্তানদের মৃগীরোগ নির্ণয়ের পর প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পেতে ভোগান্তির অভিজ্ঞতা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা।
প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রায় ২০ লাখ ডলার তহবিল সংগ্রহ হয়েছে। এ অর্থ দিয়ে শিশুদের মৃগীরোগ চিকিৎসায় আরও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা হবে। গত দুই দশকে প্রতিষ্ঠানটি ৫৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রশিক্ষণে সহায়তা করেছে। তাদের প্রশিক্ষিত চিকিৎসকেরা এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারের বেশি শিশুকে চিকিৎসাসেবা দিয়েছেন।
অনুষ্ঠানে বেন অ্যাফ্লেক বলেন, কার সন্তান অসুস্থ হবে, তা কারও নিয়ন্ত্রণে নেই। তবে অসুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সবারই রয়েছে।
