‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’
তাসনিয়া ফারিন
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয় করেন নাটকে। ওটিটি মাধ্যমেও প্রতিভার ঝলক দেখিয়েছেন। নয় বছর আগে নাম লিখিয়েছিলেন সিনেমায়। কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। তাই তখন সিনেমাতে দেখা যায়নি তাকে। নাটকের জনপ্রিয়তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। দুই বছর আগে ‘ফাতিমা’ নামে সেই সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর চলতি বছর ‘প্রিন্স’ নামে একটি সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসাবে পরিচয়টা নিয়ে গেছেন আরও একধাপ উপরে। নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। কিন্তু নিজ নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ফারিন। অনেকের মতে, শাকিব খানের সিনেমা, নায়িকা হিসাবে ফারিন ছিলেন শুধুই অলংকার। তার কিছু করারও ছিল না।
ইদানীং আবার এ অভিনেত্রী নামের পাশে আরও একটি বিশেষণ যোগ করেছেন। হয়েছেন প্রযোজক। ফড়িং ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। এখান থেকে শুরুতে নাটক এবং পরবর্তীতে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। ফারিন বলেন, ‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না। নিজের গান প্রযোজনা করেছি, সামনে নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। এই ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু পেয়েছি, তাই নিজের জায়গা থেকে অবদান রাখাকে দায়িত্ব মনে করি। কাজের আইডিয়া ও স্বত্ব নিজের কাছে রাখতেই প্রযোজনায় এসেছি।’
এদিকে বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি নিজের ক্যারিয়ার, আন্তর্জাতিক স্বীকৃতি, প্রযোজনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। ফারিন বলেন, ‘আমি বাঁধাধরা ছকে হাঁটতে চাই না। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি, আর নিজের মনের কথা শুনে চলি।’
ভারতের কলকাতায়ও একটি সিনেমায় অভিনয় করেছিলেন ফারিন। নাম ‘আরো এক পৃথিবী’। সেখানে যুক্ত হওয়া প্রসঙ্গে ফারিন জানান, ওটিটি সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় দেখে কলকাতার পরিচালক অতনু ঘোষ তাকে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের পস্তাব দেন। প্রথম সিনেমাতেই ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। দেশে তার অভিষেক হয়েছিল ২০২৪ সালে ‘ফাতিমা’ সিনেমা দিয়ে। ২০১৭ সালে ‘দাহকাল’ নামে শুরু হয়েছিল এটি। সাত বছর পর নতুন নামে মুক্তি পায়। ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান তিনি। বাণিজ্যিক সিনেমা প্রসঙ্গে ফারিন বলেন, ‘ক্যারিয়ারের অল্প সময়েই মানসম্মত কাজের সুযোগ পেয়েছি। কাজের পরিধি বাড়াতে ও নতুন অভিজ্ঞতার জন্যই বাণিজ্যিক সিনেমায় যুক্ত হয়েছি।’
এরপর চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় ‘প্রিন্স’। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যবসাসফল হয়নি। এরপর থেকে এ অভিনেত্রীর নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে ফারিন কিছু পোস্ট করলেই ভক্তরা জানতে চান, তার পরের কাজ কী।
নিজের জীবনযাপন নিয়ে ফারিন বলেন, ‘শোবিজের রুটিন অনিয়মিত হলেও আমি কঠোর শৃঙ্খলা মেনে চলি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে, আজও ধরে রেখেছি। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানান ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, ১০ বছরের সম্পর্ক ও দুই বছরের বেশি সময় ধরে তিনি বিবাহিত। ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাক্সিক্ষত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’
