ঠান্ডায় অসাড় জাহ্নবী তবু শুটিংয়ে উচ্ছ্বসিত
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুষারঢাকা পাহাড়, চারদিকে বরফের আস্তরণ আর হাড় কাঁপানো ঠান্ডা। এমন পরিবেশেই নতুন একটি প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুটিংয়ের অভিজ্ঞতা এতটাই উপভোগ করেছেন যে, ঠান্ডায় শরীর অসাড় হয়ে গেলেও মন ভরে আছে আনন্দে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে প্রাকশিত সেই ছবিগুলোতে বরফে ঢাকা পাহাড়ের মনোরম পটভূমিতে দেখা গেছে তাকে। তবে কোথায় শুটিং হয়েছে, তা প্রকাশ করেননি অভিনেত্রী। ছবির সঙ্গে মজার ছলে লিখেছেন, ‘কেউ আমাকে একটু চিমটি কাটুন! সত্যিই বলছি, যত জোরেই চিমটি কাটুন না কেন, কিছুই অনুভব করব না। কারণ, ঠান্ডায় আমি এখনো অসাড় হয়ে আছি। তবে আমরা যা শুট করেছি, তা ভেবে মনটা আনন্দে ভরে আছে।’
জাহ্নবীর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে নতুন প্রজেক্টটি কী, কিংবা কোন চরিত্রে দেখা যাবে তাকে-তা জানতে আগ্রহী অনুরাগীরা। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি প্রয়াত মা শ্রীদেবীর স্মৃতিও নতুন করে সামনে এনেছেন জাহ্নবী। এবারের হ্যালোইনে ১৯৮৬ সালে মুক্তি পাওয়া শ্রীদেবীর জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র আইকনিক সাজে হাজির হয়েছিলেন তিনি। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরি (ওরহান আওয়াত্রামণি) সেজেছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের আদলে। তাদের সেই সাজে উঠে এসেছিল সিনেমাটির স্মরণীয় মুহূর্ত।
ছবিগুলো শেয়ার করে জাহ্নবী লিখেছিলেন, হ্যালোইন উপলক্ষ্যে সিনেমার অন্যতম আইকনিক মুহূর্ত পুনর্নির্মাণ করতে চেয়েছেন তিনি। তিনি জানান, হ্যালোইন এখন শুধু ভৌতিক সাজের উৎসব নয়; প্রিয় চরিত্র ও পপ সংস্কৃতির স্মরণীয় মুহূর্তকে শ্রদ্ধা জানানোরও উপলক্ষ্য। জাহ্নবীর এ পোস্টে মন্তব্য করে বোন খুশি কাপুর লিখেছিলেন, ‘তুমিই এবার হ্যালোইন জিতে নিয়েছ।’
