জন লেননের সম্পত্তির হিসাব নিয়ে দুই ছেলের মতবিরোধ
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংগীত জগতের কিংবদন্তি জন লেননের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তৈরি হয়েছিল পারিবারিক বিরোধ। সেই বিরোধের কেন্দ্রে ছিলেন তার বড় ছেলে জুলিয়ান লেনন। বাবার শেষ উইলে সম্পত্তির বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়ে দীর্ঘ ১৬ বছর আইনি লড়াই চালিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৯৯৬ সালে সৎমা ইয়োকো ওনোর সঙ্গে সমঝোতায় পৌঁছান জুলিয়ান। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এ সমঝোতায় তিনি পেয়েছিলেন প্রায় ২ কোটি পাউন্ড, যা তখনকার হিসাবে প্রায় ৩ কোটি ডলার। তবে প্রকৃত অর্থের পরিমাণ কখনো প্রকাশ করা হয়নি।
১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন বিটলস তারকা জন লেনন। এর প্রায় এক বছর আগে, ১৯৭৯ সালের ১২ নভেম্বর নিজের শেষ উইলে স্বাক্ষর করেছিলেন তিনি। ওই উইলে স্ত্রী ইয়োকো ওনোকে সম্পত্তির বড় অংশের দায়িত্ব দেওয়া হয়। বাকি সম্পদ রাখা হয় একটি পারিবারিক ট্রাস্টে। প্রথম স্ত্রী সিনথিয়া পাওয়েলের সন্তান জুলিয়ানকে উইলে সরাসরি উল্লেখ না করায় পরবর্তী সময়ে বিরোধের সূত্রপাত হয়।
জুলিয়ানের বয়স যখন পাঁচ বছর, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। ১৯৬৮ সালে সিনথিয়ার সঙ্গে জনের বিবাহবিচ্ছেদ হয়। বাবার সঙ্গে দূরত্বপূর্ণ সম্পর্কের কথা পরবর্তী সময়ে একাধিকবার জানিয়েছেন জুলিয়ান। জনের মৃত্যুর পর সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৯৯৬ সালে ইয়োকোর সঙ্গে সমঝোতা হয় তার। যদিও বহুল প্রচারিত ২ কোটি পাউন্ড পাওয়ার খবরটি এক সাক্ষাৎকারে নাকচ করেছিলেন জুলিয়ান। তার দাবি ছিল, প্রকৃত অর্থের পরিমাণ এর চেয়ে অনেক কম।
সম্প্রতি উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জনের ছোট ছেলে শন লেননের মন্ত্রব্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আলোচনার জবাবে শন জানান, বাবার সম্পত্তি থেকে তিনি ও জুলিয়ান প্রায় সমান অংশ পেয়েছেন। এমনকি জুলিয়ানের ট্রাস্টের পরিমাণ সামান্য বেশি বলেও দাবি করেন তিনি। এদিকে সম্পত্তির বিরোধের বাইরেও বাবার স্মৃতি আগলে রাখার চেষ্টা করেছেন জুলিয়ান।
