ঈদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু
ঈদ এলেই ঢালিউডে শুরু হয় সিনেমা মুক্তির হিড়িক। তারকাবহুল একাধিক সিনেমা একই সময়ে প্রেক্ষাগৃহে জায়গা করে নিতে চায়। অথচ বছরের অন্যান্য সময় নতুন সিনেমার তেমন দেখা মেলে না। এতে একদিকে যেমন দর্শকের ওপর বাড়তি খরচের চাপ পড়ে, অন্যদিকে একই সময়ে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় প্রযোজকদের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে। সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহ, মাল্টিপ্লেক্সের উচ্চ টিকিটমূল্য এবং দর্শক টানার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সব সিনেমা কি কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারে? নাকি ঈদকেন্দ্রিক এই মুক্তির প্রবণতা সিনেমার সামগ্রিক বাজারকেই সংকুচিত করছে? প্রশ্ন উঠছে, সারা বছর সিনেমা মুক্তির সুযোগ থাকা সত্ত্বেও ঈদেই কেন এত সিনেমা মুক্তির প্রতিযোগিতা? বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।
এফ আই দীপু
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরাবরের মতো আসন্ন রোজার ঈদেও সিনেমা মুক্তির চিরচেনা সেই পুরোনো চিত্রের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এখন থেকেই মুক্তির আওয়াজ দিয়ে প্রচারণা শুরু করেছে একাধিক সিনেমা। তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত ‘নিঃস্ব’ (নায়িকা ইধিকা পাল), সিয়াম আহমেদ অভিনীত ‘আবার দেখা হলো’ (নায়িকা নাজিফা তুষি), আফরান নিশো অভিনীত ‘খলনায়ক’ (নায়িকা তমা মির্জা ও মেহজাবীন চৌধুরী), শরীফুল রাজ অভিনীত ‘প্রেমিক’ (নায়িকা বিদুষী বর্ণিতা) এবং নবাগত রানা অভিনীত ‘নসীব’। ঈদের আগ মুহূর্তে এ তালিকায় আরও সিনেমা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, উৎসবকে ঘিরে এবারও বড় পর্দায় জমবে তারকাদের লড়াই। কিন্তু এ লড়াই শেষ পর্যন্ত দাঁড়ায় হতাশায়।
ঈদে সিনেমা মুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এ সময় দর্শকের মধ্যে বিনোদনের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। দীর্ঘ ছুটি, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এবং উৎসবের আমেজ মানুষকে প্রেক্ষাগৃহমুখী করে। বিশেষ করে ঈদের দিন ও পরবর্তী কয়েক দিনে সিনেমা দেখাকে অনেকেই বিনোদনের অন্যতম অনুষঙ্গ হিসাবে বিবেচনা করেন। ফলে প্রযোজক ও পরিবেশকদের জন্য ঈদ হতে পারে বড়সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর একটি কার্যকর সময়। তারকাদের নতুন সিনেমা ঘিরে প্রচারণা, আলোচনা ও দর্শকের আগ্রহও এ সময় তুলনামূলক বেশি থাকে। একটি সিনেমা ভালো ব্যবসা করলে তা নির্মাতা ও প্রযোজকদের পাশাপাশি পুরো সিনেমাশিল্পের জন্য ইতিবাচক বার্তা দেয়।
কিন্তু সমস্যা তৈরি হয় যখন একই সময়ে অতিরিক্ত সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু হয়। দেশে ঈদের সময় সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা প্রায় ১২০ থেকে ১৪০টির মধ্যে সীমাবদ্ধ থাকে। মাল্টিপ্লেক্সে পর্দার সংখ্যা আরও সীমিত। ফলে একাধিক সিনেমা একসঙ্গে মুক্তি পেলে প্রতিটি সিনেমার পর্যাপ্ত প্রদর্শনী নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নতুন বা তুলনামূলক কম তারকাখ্যাতির সিনেমাগুলো প্রদর্শনীর সুযোগ পেতে হিমশিম খায়। দর্শক টানার প্রতিযোগিতায় বড় তারকার সিনেমাগুলো এগিয়ে থাকলেও অন্যগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। গত এক দশকে এ চিত্রই লক্ষ করা গেছে।
অন্যদিকে, দর্শকদের জন্যও ঈদে একাধিক সিনেমা দেখা সহজ নয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। দেশের বিভিন্ন অঞ্চলে গুদামঘরের মতো সিঙ্গেল স্ক্রিনগুলোতে মধ্যবিত্তের জন্য সিনেমা দেখা মানেই নরকযন্ত্রণা ভোগ করা। তাদের জন্য একমাত্র মাধ্যম ‘বড়লোকের মাল্টিপ্লেক্স’। এ মাল্টিপ্লেক্সে একটি পরিবারের সিনেমা দেখতে যাওয়া, টিকিট কেনা, যাতায়াত ও খাবারসহ সব মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমা দেখা সম্ভব নয়। ফলে দর্শককে পছন্দের সিনেমা বেছে নিতে হয়। এতে কয়েকটি সিনেমা দর্শক পেলেও বাকিগুলো প্রত্যাশিত দর্শকসংখ্যা থেকে বঞ্চিত হয়।
এখানে প্রযোজকদের বিনিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসময় এসে একটি সিনেমা নির্মাণে যদি ৩ থেকে ১০ কোটি টাকা (তারকা ও প্রোডাকশনের মান অনুযায়ী) ব্যয় হয়, তাহলে সেই অর্থ তুলে আনতে প্রেক্ষাগৃহের আয় ছাড়া প্রচার, পরিবেশনা ও অন্যান্য খরচের হিসাব বিবেচনায় নিতে হয়। অথচ সংবাদমাধ্যমে অনেক সময় সিনেমার ব্যবসা নিয়ে বড় অঙ্কের দাবি শোনা গেলেও প্রকৃত আয়, প্রযোজকের হাতে আসা অর্থ এবং নিট লাভের হিসাব স্পষ্ট থাকে না। বড় অঙ্কের ব্যবসার প্রচারণা আর প্রকৃত মুনাফা যে এক বিষয় নয়, সেটিও দর্শক ও সিনেমাসংশ্লিষ্টদের বোঝা জরুরি।
অতীতের ঈদকেন্দ্রিক সিনেমার ব্যবসার দিকে তাকালেও বিষয়টি আলোচনায় আসে। বছর কয়েক আগে ‘প্রিয়তমা’ তুলনামূলক কম বাজেটে, প্রায় আড়াই কোটি টাকায় নির্মিত হয়ে বড় ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। অন্যদিকে, ‘বরবাদ’-এর মতো আলোচিত ও হিট সিনেমার ক্ষেত্রেও প্রযোজকের বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত লাভের প্রশ্ন উঠেছে। এ ছাড়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর মতো সিনেমাও তুলনামূলক কম বাজেটের কারণে ব্যবসায়িক হিসাবের আলোচনায় এসেছে। এসব উদাহরণ থেকে বোঝা যায়, শুধু তারকা, প্রচারণা কিংবা ঈদে মুক্তি পেলেই একটি সিনেমা লাভজনক হয়ে ওঠে না। নির্মাণ ব্যয় ও আয়ের মধ্যে ভারসাম্য থাকাও জরুরি।
এর সঙ্গে রয়েছে পাইরেসির ঝুঁকি। সিনেমা মুক্তির পরপরই অবৈধভাবে অনলাইনে ছড়িয়ে পড়লে প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব সিনেমা শুরুতে পর্যাপ্ত প্রদর্শনী পায় না, সেগুলোর জন্য ক্ষতির আশঙ্কা আরও বেশি। ফলে একই সময়ে অনেক সিনেমা মুক্তি দিয়ে সীমিত বাজারে দর্শক ভাগাভাগি করার প্রবণতা প্রযোজকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।
প্রশ্ন হচ্ছে, তাহলে সমাধান কী? বিশেষজ্ঞরা বলেছেন, সংশ্লিষ্টদের উচিত ঈদকেন্দ্রিক মুক্তির প্রবণতা থেকে বেরিয়ে সারা বছর পরিকল্পিতভাবে সিনেমা মুক্তির সংস্কৃতি গড়ে তোলা। উৎসবের বাইরে দর্শক টানার মতো সিনেমা নিয়মিত মুক্তি পেলে প্রেক্ষাগৃহ সচল থাকবে, দর্শকেরও পছন্দের সিনেমা দেখার সুযোগ বাড়বে। প্রযোজকরা একই সময়ে অতিরিক্ত প্রতিযোগিতায় না গিয়ে নিজেদের সিনেমার জন্য আলাদা দর্শক তৈরি করতে পারবেন। পাশাপাশি নির্মাণ ব্যয়ের সঙ্গে বাজারের সামর্থ্যরে সামঞ্জস্য রাখা এবং সিনেমার প্রকৃত ব্যবসায়িক হিসাব প্রকাশের সংস্কৃতিও জরুরি।
ঈদে সিনেমা মুক্তি অবশ্যই ইতিবাচক। উৎসবের বাড়তি দর্শকপ্রবাহ কাজে লাগানো সিনেমাশিল্পের জন্য লাভজনক হতে পারে। কিন্তু সেই সুযোগকে কেন্দ্র করে সবাই একই সময় প্রেক্ষাগৃহে ভিড় করলে শেষ পর্যন্ত লাভবান হওয়ার বদলে ক্ষতির মুখে পড়তে পারেন অনেকেই। সিনেমা শুধু ঈদের বিনোদন নয়, এটি সারা বছরের শিল্প ও ব্যবসা। তাই ঈদের কয়েক দিনের প্রতিযোগিতার বদলে বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি এবং দর্শক তৈরির উদ্যোগই হতে পারে ঢালিউডের টেকসই বাণিজ্যিক ভবিষ্যতের পথ।
