জোলির সম্পত্তির সাম্রাজ্য!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের ঝলমলে জগতে নিজের অভিনয় দিয়ে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি সম্পত্তি বিনিয়োগেও বেশ সমৃদ্ধ অ্যাঞ্জেলিনা জোলি। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এমনকি এশিয়ার দেশ কম্বোডিয়ায়ও রয়েছে তার বাড়ি। জীবনের নানা অধ্যায়, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এসব সম্পত্তি। সময়ের সঙ্গে কিছু বিক্রি করেছেন, কিছু আবার এখনো ধরে রেখেছেন এ অভিনেত্রী।
২০০৩ সালে কম্বোডিয়ার গ্রামীণ এলাকায় একটি ঐতিহ্যবাহী বাড়ি কেনেন জোলি। দেশটি থেকে তার বড় ছেলে ম্যাডক্সকে দত্তক নেওয়ার এক বছর পর এ বাড়ি কেনেন তিনি। বাড়িটির প্রতি জোলির বিশেষ আবেগ রয়েছে। ২০১৯ সালে একটি সুগন্ধির বিজ্ঞাপনচিত্রে বাড়িটির ঝলকও দেখিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও রয়েছে তার সম্পত্তির দীর্ঘ ইতিহাস। ২০১৭ সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিসিল বি ডিমিলের ঐতিহাসিক বাড়িটি প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলারে কেনেন জোলি। ছয় শয়নকক্ষ, সুইমিং পুল, লাইব্রেরি, জিম ও অতিথিশালাসহ বিশাল এ বাড়িটি বিচ্ছেদের পর তার পারিবারিক আবাস হয়ে ওঠে। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাড়িটি ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করেন তিনি।
ফ্রান্সের প্রোভঁস অঞ্চলে অবস্থিত শাতো মিরাভালও জোলির সম্পত্তির তালিকায় উল্লেখযোগ্য। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে ২০১২ সালে প্রায় ছয় কোটি ডলারে সম্পত্তিটি কেনেন তিনি। সেখানে রয়েছে ঐতিহাসিক প্রাসাদ, আঙুর বাগান ও জলপাইয়ের বাগান। ২০১৪ সালে এখানেই বিয়ে করেছিলেন তারা। পরে সম্পত্তিটির মালিকানা নিয়ে দুজনের মধ্যে আইনি বিরোধ শুরু হয়।
এ ছাড়া নিউ অরলিন্সে ব্র্যাড পিটের সঙ্গে কেনা বাড়ি, সাবেক স্বামী বিলি বব থর্নটনের সঙ্গে কেনা বেভারলি হিলসের প্রাসাদ এবং নিউইয়র্কের অ্যাপার্টমেন্টও রয়েছে তার সম্পত্তির ইতিহাসে। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন, নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে এখন তার এক ছেলে থাকেন।
এ ছাড়া স্পেনের মায়োর্কা দ্বীপেও জোলি একটি বিলাসবহুল ভিলা কিনেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। জোলির সম্পত্তির গল্প শুধু বিলাসিতার নয়; বরং তার ব্যক্তিগত জীবন, পারিবারিক স্মৃতি ও জীবনের নানা বাঁকেরও প্রতিচ্ছবি।
