মায়ের মুখে হাসি ফোটাতে পলাশের ফেসবুক আইডি হ্যাক করলেন ভক্ত!
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রঙিন দুনিয়ার তারকাদের নিয়ে ভক্তদের এক একজনের এক একরকম স্বপ্ন থাকে। পর্দায় দেখা প্রিয় মুখগুলো দেখে ভক্তদের কেউ ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে থাকেন। ঠিক এমনই এক ঘটনা ঘটিয়েছিল অভিনেতা জিয়াউল হক পলাশের এক ভক্ত। ক্যানসারে আক্রান্ত মায়ের মুখে একটু হাসি দেখার আশায় প্রিয় অভিনেতার ফেসবুক আইডি হ্যাক করেছিলেন সৌদি আরবপ্রবাসী এক ভক্ত। ওই ঘটনার নেপথ্যের গল্প জানিয়েছেন জিয়াউল হক পলাশ নিজেই। তিনি বলেন, ‘তখন রাজধানীর কাওলায় ঝুম বৃষ্টির মধ্যে নাটকের শুটিং করছিলাম। একইসময় সেখানে আরেকটি কাজ করছিলেন তৌসিফ মাহবুব ও সাফা কবীর। শুটিংয়ের মাঝেই হঠাৎ দেখি আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে।’ বিষয়টি প্রথমে সহকর্মী তৌহিদকে জানান পলাশ। নির্মাতা কাজল আরেফিন অমিকেও জানানো হয়। ঘটনার ১০-১২ দিন পর হ্যাক হওয়া আইডি থেকে অমির কাছে বার্তা আসে। তাতে হ্যাকার দাবি করেন, পলাশ যখন অমির কাছে থাকবেন, তখন যেন তাকে ভিডিওকল দেওয়া হয়।
পরে অমির অফিসে গিয়ে কথা বললে হ্যাকার জানান, নিজের আইডি থেকে বার্তা পাঠিয়ে তিনি অ্যাকাউন্টের পলাশকে তার আইডির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবেন। কথামতো ওই দিন রাতেই আইডি ফেরত দেন তিনি। পলাশ আরও জানান, ‘আইডি ফিরে পেয়ে ফেসবুকের আদার মেসেজেস ফোল্ডার খুলে চমকে গেলাম। দেখি, দীর্ঘদিন ধরে প্রতিদিন ওই ভক্ত আমাকে বার্তা পাঠাতেন। কখনো নাটক মুক্তির পর প্রতিক্রিয়া জানাতেন, কখনো ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের প্রতিদিনের খবর লিখে পাঠাতেন।’
পলাশ জানান, ওই ভক্তের মা ক্যানসারের শেষ ধাপে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার যন্ত্রণায় সারা দিন তিনি হাসতেন না। শুধু টিভিতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রের দৃশ্য এলেই তার মুখে হাসি ফুটত। সেই ভক্ত বহুবার তার মাকে পলাশের সঙ্গে দেখা করাতে চেয়েছিলেন। কিন্তু বার্তাগুলো ফিল্টারে পড়ে থাকায় পলাশ তা দেখতে পাননি। যোগাযোগের কোনো পথ না পেয়ে অভিমান ও জেদ থেকেই পলাশের নজর কাড়তে তার আইডি হ্যাক করেন ওই ভক্ত।
আইডি ফেরত পাওয়ার পর সৌদি আরবের ওই ভক্তের সঙ্গে আড়াই ঘণ্টারও বেশি সময় কথা হয় পলাশের। আলাপের একপর্যায়ে মায়ের অসুস্থতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পলাশ বলেন, ‘আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আম্মুর সঙ্গে আমি দেখা করব।’ জবাবে বিষণ্ন কণ্ঠে ভক্তটি বলেন, ‘ভাই আম্মা তো নাই, আম্মা তো মারা গেছে।’ এ কথা শুনে স্তব্ধ হয়ে যান পলাশ। ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করে। অভিনেতা বলেন, ‘এই যে ভক্তরা এত ভালোবাসা ধারণ করেন, নিঃস্বার্থ ভালোবাসা, এটি বোধহয় একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় পুরস্কার।’ শুধু ‘কাবিলা’ চরিত্র দিয়ে সাধারণ মানুষের এত আবেগ ও ভালোবাসা পাওয়াকে তিনি জীবনের অন্যতম প্রাপ্তি মনে করেন।
