বাবার চোখে ছেলে
এক অনন্য গর্বের গল্প
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। বাবা ফেরদৌস ওয়াহিদও প্রখ্যাত পপশিল্পী। সম্প্রতি ছেলেকে নিয়ে জীবনের নানা বাঁকের গল্প শুনিয়েছেন বাবা। হাবিব ওয়াহিদের কৈশোর, ব্যারিস্টারি পড়তে যাওয়া এবং সংগীতে ফেরার গল্প বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, ব্যারিস্টারি পড়তে চাইলে ছেলেকে বলেছিলেন, ‘তোমার এটা হবে না, তোমাকে সংগীত নিয়েই আবার ফিরে আসতে হবে।’ বাবার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়। ফিরেও এসেছেন ছেলে। পড়াশোনা শেষে দেশে ফিরে হাবিব বাবাকে বলেন, ‘তুমি ঠিকই বলেছিলে, আমি শেষ পর্যন্ত মিউজিকের টানেই আটকে গেলাম।’ এরপর গানেই পুরোপুরি মন দেন হাবিব।
ফেরদৌস ওয়াহিদ জানান, ছোটবেলা থেকেই সুরের প্রতি টান ছিল হাবিবের। চার বছর বয়স থেকে বাবার গানের মহড়ায় থাকত সে। আশির দশকের শুরুতে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে বাবার গানের আয়োজনে কঙ্গো বাজিয়ে প্রথম প্রতিভার জানান দেয় শিশু হাবিব। অষ্টম শ্রেণিতে পড়ার সময় একটি রেকর্ডিংয়ে তালের এক মাত্রার ভুল ধরে সবাইকে চমকে দেয় সে। ছেলের একাগ্রতা দেখে আমেরিকা থেকে কিবোর্ড এনে দেন তিনি।
হাবিবের কাজের আদর্শ গড়ার পেছনে মায়ের শিক্ষার কথাও জানান ফেরদৌস ওয়াহিদ। মা বলতেন, ‘যা করার সেরাটি বেছে নাও। সেরাই যদি না হতে পারো, তাহলে লাভ কী?’ ফেরদৌস ওয়াহিদের মতে, এ শিক্ষাই ছেলেকে নিখুঁত কাজে যত্নবান করেছে। তিনি বলেন, ‘শুরু থেকেই হাবিব ধীরস্থিরভাবে কাজ করে, ভুলের সুযোগ রাখে না। কুরুচিপূর্ণ বা অশ্লীল কথার গান না করার নীতিতেও সে অটল।’
এদিকে প্রতিটি গান তৈরির পর তার সঙ্গে হাবিব পরামর্শ করেন বলেও জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘ছোট ছোট আশা’ গানটি কার কণ্ঠে মানাবে, তা নিয়ে আমার পরামর্শেই কুমার বিশ্বজিৎকে দিয়ে গাওয়ানো হয়। এ ছাড়া একবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তার ‘ভালোবাসবো’ গানটি টানা ৬১ বার শুনেছিল আমাকে। আমিও বেশ মনোযোগ দিয়ে শুনেছি। ভুলটা বের করার চেষ্টা করেছি। কিন্তু সেটা আমার কাছে তার নিখুঁত একটি কাজ বলে মনে হয়েছে।’ ফেরদৌস ওয়াহিদ মনে করেন, ২০০০-এর দশকের শুরুতে বাংলা গানকে নতুন আঙ্গিকে শ্রোতার কাছে ফিরিয়ে আনতেও বড় ভূমিকা রেখেছে হাবিব। এ ছাড়া ছেলের কণ্ঠে ও সংগীতায়োজনে শাহ আবদুল করিমের ‘মায়া লাগাইছে’ কিংবা হালের ‘মহাজাদু’ গানের আধুনিক রূপও সংগীতপ্রেমীদের মন জয় করেছে বলে বাবার বিশ্বাস।
পাঁচ দশকের সংগীতজীবনে ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘আমি এক পাহারাদার’-এর মতো অসংখ্য গান উপহার দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করার পেছনেও আছে তার ভূমিকা। এখনো তিনি নতুন নতুন গান তৈরি করে শ্রোতাদের উপহার দেন। মাঝে সিনেমাও পরিচালনা করেছেন। অন্যদিকে হাবিব বর্তমানে নতুন কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।
