মাইনাস তাপমাত্রায়ও দমেননি সালমান
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বরাবরই তার সাহসী ও পেশাদার মনোভাবের জন্য পরিচিত। শুটিংয়ের প্রয়োজনে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করতে পিছপা হন না তিনি। সম্প্রতি তার এমনই এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে এনেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার শুটিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা আর প্রবল বৃষ্টির মধ্যেও কাজ চালিয়ে গিয়েছিলেন এই বলিউড তারকা।
পরিচালক জানান, সিনেমাটির শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায়। দুর্গম পাহাড়ি এলাকা, বরফশীতল নদী আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে তাপমাত্রা কখনো কখনো নেমে গেছে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্টুডিওর কৃত্রিম পরিবেশের বদলে বাস্তব লোকেশনে শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করা সেনাদের জীবনসংগ্রাম পর্দায় যথাযথভাবে তুলে ধরা যায়।
সিনেমার সবচেয়ে কঠিন শুটিং লোকেশন ছিল তারো প্লেইনস। নদীর পাশের ওই এলাকায় শুটিংয়ের সময় তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে ছিল অবিরাম বৃষ্টি। এমন প্রতিকূল পরিবেশেই সেনাসদস্যদের চরিত্রে অভিনয়শিল্পীদের পাহাড়ি ঢাল বেয়ে দৌড়াতে হচ্ছিল।
পরিচালক অপূর্ব লাখিয়া জানান, সালমান খান সেখানে পৌঁছানোর আগের দিনই বিমান থেকে নেমেছিলেন। সাধারণত এমন উচ্চতায় শুটিংয়ের আগে শরীরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন হয়। কিন্তু সালমান সেই প্রস্তুতির অপেক্ষা না করেই সরাসরি শুটিংয়ে যোগ দেন।
নির্মাতা আরও জানান, হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে সালমানকে পাহাড়ি ঢাল বেয়ে ওঠানামার দৃশ্য তিনবার ধারণ করতে হয়েছিল। অথচ পুরো সময়টায় তিনি কোনো অভিযোগ করেননি। এমনকি বাড়তি অক্সিজেনের সহায়তাও নেননি। তার এই পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠা পরিচালককে মুগ্ধ করেছে।
সালমান খান ফিল্মসের প্রযোজনায় এবং অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংও। এরইমধ্যে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশ হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
