সোলজারের অপেক্ষায় বেকার তানজিন তিশা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি অভিনয়ের চেয়ে তার বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বলা হয়ে থাকে, শাড়ির প্রতি অভিনেত্রীর দারুণ নেশা। আর এতেই যত বিপত্তি। মাস দুয়েক আগে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা দামের জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগের পর ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে তার বিরুদ্ধে মামলা করেন সানায়া চৌধুরী নামে এক ফ্যাশন ডিজাইনার। দ্বিতীয় মামলায় পিবিআই অভিযোগের সত্যতা না পেলেও বাদীপক্ষের আপত্তিতে আদালত সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মামলা তুলে নিতে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভুল তথ্য প্রচারের অভিযোগেও নতুন আইনি জটিলতায় পড়েছেন তিশা। তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন। তবে নেটদুনিয়ায় অভিনেত্রীর সমালোচনায় মত্ত নেটিজেনরা। এসবকিছুর মধ্যে অভিনয় দিয়ে আলোচনায় আসার চেষ্টা করলেও সেখানে আটকে আছেন তানজিন তিশা। কারণ, হাতে কাজ নেই। অনেকটাই বেকার বলা যায়। কেন?
নাটকে অভিনয় দিয়েই তিশার ক্যারিয়ার শুরু। সিনেমায় ও অভিনয়ের ইচ্ছা ছিল তার। সমসাময়িক অনেকে আগেই সিনেমায় নাম লেখালেও তিনি এসেছেন দেরিতে। প্রথম সিনেমায়ই নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে। কারণ, ‘সোলজার’ নামে এ সিনেমার শুটিং থমকে আছে। তবু অন্য কোনো বড় কাজে যুক্ত হচ্ছেন না তিশা। সিনেমাটি শেষ না হওয়া পর্যন্ত নতুন প্রজেক্টে সই করবেন না বলে জানিয়েছেন তিনি। তিশা বলেন, ‘আমার শিডিউল ওপেন আছে। শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। সোলজার আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’ ফলে অভিনেত্রীকে আপাতত বেকার জীবনই কাটাতে হচ্ছে। কারণ, সিনেমার শুটিং ওপেন রাখার কারণে নাটকেও যুক্ত হতে পারছেন না।
গত বছরের অক্টোবরে শুটিং শুরু হয় সিনেমাটির। মুক্তির সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল চলতি বছরের ডিসেম্বর। কিন্তু অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় শুটিং, গানের দৃশ্যধারণও বাকি। শোনা যাচ্ছে, কয়েকজন শিল্পী পারিশ্রমিক পাননি। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘পারিশ্রমিক নিয়ে জটিলতা রয়েছে বলে শুনেছি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি তেমন কথা হয়নি। ভুলভ্রান্তি থাকলে মিটিয়ে শুটিং শুরু হোক, সেটাই চাই।’
এদিকে শাকিবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বারবার শিডিউল নেওয়ার পরও নির্মাতা সাকিব ফাহাদ শুটিং করতে পারেননি। অথচ এ সময় দুই-তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। এ নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা ফোন ধরেননি। এর মধ্যে শাকিব ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে আরও দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ফলে ‘সোলজার’-এর ভবিষ্যৎ আরও অনিশ্চিত।
জানা গেছে, এ সিনেমার জন্য কলকাতার একটি সিনেমা ছেড়ে দিয়েছিলেন তিশা। টানা চার মাস অন্য কাজও করেননি। এখন ব্যবসা ও শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেই শাড়িকাণ্ডের মামলায় তাকে আদালতে আসা-যাওয়ার মধ্যে থাকতে হচ্ছে। অনেকের মতে, নাটক ছেড়ে সিনেমায় আসার সিদ্ধান্ত তিশার জন্য ভুল হয়েছে। তাদের ধারণা, শেষ পর্যন্ত তাকে নাটকেই ফিরতে হবে। কারণ, দেশের সিনেমার অবস্থা এখন মোটেই অনুকূলে নয়।
