নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবার তার সৃজনশীল উদ্যোগ ‘আতেলিয়ে জোলি’কে ছড়িয়ে দিতে চান আন্তর্জাতিক পরিসরে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রা শুরু করা এ উদ্যোগের প্রথম আন্তর্জাতিক ঠিকানা হতে পারে ব্রাজিল। পাশাপাশি অস্ট্রিয়ার ভিয়েনা ও কম্বোডিয়াতেও নতুন কেন্দ্র খোলার বিষয়ে আলোচনা চলছে।
২০২৩ সালে নিউইয়র্কের সোহো এলাকায় শিল্পী জ্যঁ-মিশেল বাস্কিয়াতের সাবেক বাড়ি ও স্টুডিওতে ‘আতেলিয়ে জোলি’ প্রতিষ্ঠা করেন জোলি। শুরুতে ফ্যাশন জগতের নতুন উদ্যোগ হিসাবে আলোচনায় এলেও সময়ের সঙ্গে এর কার্যক্রমে এসেছে ভিন্ন মাত্রা। প্রচলিত ফ্যাশন শোরুমের ধারণা থেকে বেরিয়ে শিল্পী, সৃজনশীল মানুষ ও বিভিন্ন পেশার চিন্দাবিদদের একত্র করার জায়গা হয়ে উঠেছে এটি।
সম্প্রতি ‘ল’ অফিসিয়েল ইউএসএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানান, শুরু থেকেই তার পরিকল্পনা ছিল আতেলিয়ে জোলিকে বৈশ্বিক উদ্যোগে পরিণত করা। সম্ভাব্য নতুন কেন্দ্রগুলোর মধ্যে ব্রাজিল এগিয়ে রয়েছে। তবে প্রতিটি শাখার কার্যক্রম পরিচালিত হবে স্থানীয় মানুষের প্রয়োজন ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে। বিভিন্ন দেশের শিল্পী ও কারুশিল্পীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে এসব কেন্দ্রে যাওয়ারও ইচ্ছা রয়েছে তার।
বর্তমানে নিউইয়র্কের আতেলিয়ে জোলিতে রয়েছে শিল্পীদের আবাসিক কর্মসূচি, উন্মুক্ত আলোচনা, প্রশিক্ষণ ক্লাস, চিত্রকর্ম প্রদর্শনী ও খাবারের আয়োজন। এখানে রয়েছে একটি ক্যাফে, যেখানে শরণার্থী রাঁধুনিদের তৈরি খাবার পরিবেশন করা হয়। দর্শনার্থীদের শুধু কেনাকাটায় উৎসাহিত করার বদলে শেখা, সৃজনশীলতা ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করাই জোলির মূল লক্ষ্য।
অভিনেত্রী জানিয়েছেন, এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নারী উদ্যোক্তা ও প্রান্তিক শিল্পীদের কাজের সুযোগ তৈরি করা। এর আবাসিক শিল্পীদের মধ্যে ছিলেন কাবুলভিত্তিক জরিফ ডিজাইনের প্রতিষ্ঠাতা জোলাইখা শেরজাদ। তার প্রতিষ্ঠান আফগানিস্তানের ঐতিহ্যবাহী রেশম বয়ন, নকশা ও সূচিশিল্পকে কাজে লাগিয়ে পণ্য তৈরি করে। এর মাধ্যমে দেশটির নারীরা নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন।
জোলির মতে, শুধু দাতব্য সহায়তা নয়, মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও জরুরি। তাই আতেলিয়ে জোলির প্রতিটি নতুন কেন্দ্র স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের ঘিরেই গড়ে উঠবে। মুনাফার চেয়ে মানুষের সৃজনশীলতা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া এ উদ্যোগের লক্ষ্য।
