বাবার ধর্মেই ছেলের বিশ্বাস
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবনে ধর্ম কখনোই বিভেদের কারণ হয়ে দাঁড়ায়নি। বরং একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখেই তিন দশকের বেশি সময় ধরে সংসার করছেন তারা। সম্প্রতি গৌরীর পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে নিজের ধর্মীয় পরিচয়, শাহরুখের বিশ্বাস এবং ছেলে আরিয়ান খানের ধর্মীয় পরিচয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি।
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের প্রথম মৌসুমে হাজির হয়ে গৌরী জানিয়েছিলেন, তিনি হিন্দু ধর্মের প্রতি গভীরভাবে অনুরক্ত। অন্যদিকে শাহরুখ মুসলিম। তবে দুজনের ধর্ম আলাদা হলেও তাদের সম্পর্কে কোনো অস্বস্তি নেই। গৌরী জানান, শাহরুখের ধর্মকে তিনি সম্মান করেন। কিন্তু তার অর্থ এই নয় যে, তাকে ইসলাম গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুসরণের স্বাধীনতা থাকা উচিত।
সাক্ষাৎকারে বড় ছেলে আরিয়ানকে নিয়েও কথা বলেন গৌরী। তার মতে, আরিয়ান বাবার প্রতি এতটাই অনুরক্ত যে ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রেও সে শাহরুখের বিশ্বাসের সঙ্গে নিজেকে বেশি সম্পৃক্ত মনে করে। আরিয়ান প্রায়ই বলে, ‘আমি মুসলিম।’ নাতির মুখে এমন কথা শুনে গৌরীর মা কিছুটা বিস্মিত হন বলেও জানান তিনি। গৌরী আরও বলেন, শাহরুখ কখনোই তার ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করেননি। তাদের সংসারে প্রত্যেকের নিজস্ব পরিচয় ও বিশ্বাসের জায়গা রয়েছে। একে অপরের ধর্ম পরিবর্তনের কোনো প্রত্যাশাও নেই।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। তাদের সংসারে রয়েছে তিন সন্তান-আরিয়ান, সুহানা ও আব্রাম। এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমা নিয়ে। এর মাধ্যমে মেয়ে সুহানাকে বড়পর্দায় উপস্থাপন করছেন তিনি।
