ডিপফেকের বিরুদ্ধে কঠোর অনন্যা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসার যেমন বিনোদনজগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তেমনি তৈরি করেছে পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বড় চ্যালেঞ্জ। এবার ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার মতে, কারও সম্মতি ছাড়া এআই ব্যবহার করে তাকে হেয় করা কিংবা মিথ্যা পরিচয়ে উপস্থাপন করার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নেওয়া জরুরি।
সম্প্রতি নিজের ব্যক্তিসত্তার অধিকার (পার্সোনালিটি রাইটস) সুরক্ষায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অনন্যা। চলতি মাসের শুরুতে আদালত তার ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছেন। অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে তৈরি যৌন ইঙ্গিতপূর্ণ ডিপফেক ছবি, ভুয়া বিজ্ঞাপন এবং তাকে নকল করে তৈরি এআই চ্যাটবটের মতো বিষয়গুলোই তাকে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এআইয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অনন্যা। তার মতে, সিনেমা নির্মাণের ক্ষেত্রে এআই বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির এই অগ্রগতির মধ্যেও উদ্বেগের জায়গা দেখছেন অভিনেত্রী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এআই যদি মানুষের জায়গা দখল করতে শুরু করে, তাহলে পরিস্থিতি ভীতিকর হয়ে উঠতে পারে। আমার বিশ্বাস, মানুষের আবেগ ও অনুভূতির জায়গা কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি নিতে পারবে না।’
এদিকে পেশাগত জীবনে সম্প্রতি ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় লক্ষ্যের সঙ্গে পর্দা ভাগ করেছেন অনন্যা। পাশাপাশি নিজের অভিনীত চরিত্র বেলা চৌধুরীর নতুন রূপ নিয়েও আশাবাদী তিনি।
