|
ফলো করুন |
|
|---|---|
স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার ঘোষণা দিয়ে একদিনের মাথায় অবস্থান বদলালেন সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। বুধবার রাতে ফেসবুকে পথচলার ‘সমাপ্তি’র কথা লিখলেও বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেছেন, তাদের ডিভোর্স হয়নি, মান-অভিমানে আপাতত আলাদা আছেন।
বুধবার রাতে ন্যান্সি ফেসবুকে লিখেছিলেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ একই পোস্টে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান তিনি। এরপরই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। নেটিজেনদের কটাক্ষের মুখে বৃহস্পতিবার সকালে পোস্টটি সরিয়ে নেন তিনি, বন্ধ রাখেন ফেসবুক অ্যাকাউন্টও।
বৃহস্পতিবার সন্ধ্যায় ন্যান্সি বলেন, ‘আমাদের ডিভোর্স তো হয়নি, জোর করে ডিভোর্স কেন লেখা হচ্ছে?’ তার মতে, আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। কিছু সংবাদমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করেছে, যেন অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। আমি আপাতত তার থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
স্ট্যাটাস সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটের কথা স্বীকার করে ন্যান্সি বলেন, ‘কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’ তিনি জানান, বিভ্রান্তি ছড়ানো কমাতে স্ট্যাটাস সরিয়েছেন। কিন্তু মুছে ফেলার পরও কিছু মানুষ নেতিবাচক কথা বলছিল। এ কারণে ফেসবুক ডিঅ্যাকটিভেট করে রেখেছিলাম।’
নেটিজেনরা অবশ্য ন্যান্সির ফেসবুকে দেওয়া স্টেটাসের চুলচেরা বিশ্লেষণ করছেন। অনেকেই বলেছেন, ফেসবুক পোস্টে সরাসরি ‘ডিভোর্স’ শব্দটি না থাকলেও ‘সিদ্ধান্ত’, ‘সমাপ্তি’ ও ‘আলাদা পথে’ এগিয়ে যাওয়ার কথায় বিচ্ছেদেরই ইঙ্গিত মিলেছিল। অথচ এখন তিনি বলছেন, বিষয়টি শুধুই মান-অভিমান। এ নিয়ে গায়িকার সমালোচনাও করেছেন কেউ কেউ।
উল্লেখ্য, ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব গানের সূত্রে। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি, ২০১২ সালের ২৪ মে সেই সংসারের ইতি ঘটে। সেই ঘরে তার এক কন্যা সন্তান রয়েছে। এরপর ২০১৩ সালে বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে, ২০২১ সালে তার সঙ্গেও বিচ্ছেদ হয়।
