অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল ইন্টেলিজেন্স
Advertisement
মিরাজুল ইসলাম জীবন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যান্ড্রয়েড অটোতে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা যুক্ত করছে গুগল। এর মাধ্যমে গাড়ি চালানোর সময় ফোন হাতে না নিয়েই জিমেইলসহ বিভিন্ন গুগল অ্যাপে থাকা ব্যক্তিগত তথ্য জানতে পারবেন চালকরা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন সুবিধাটি জেমিনাইয়ের তথ্য বিশ্লেষণ ও ব্যক্তিগত সহায়তা দেওয়ার সক্ষমতা বাড়াবে। চলতি বছরের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইয়ের জন্য পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচারটি ঘোষণা করে গুগল। এটি ব্যবহারকারীর বিভিন্ন গুগল অ্যাপের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক উত্তর ও পরামর্শ দেয়। প্রথমে গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য চালু হলেও গত মার্চে বিনামূল্যের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করা হয়। নতুন আপডেটের ফলে অ্যান্ড্রয়েড অটোতে জেমিনাইকে আরও স্বাভাবিক ভাষায় নির্দেশ দেওয়া যাবে। যেমন, বিমানবন্দরে যাওয়ার পথে চালক জানতে চাইতে পারবেন, তার ফ্লাইটের গেট নম্বর কত কিংবা ফ্লাইট সময়মতো ছাড়বে কি না। জিমেইলে থাকা ফ্লাইটের নিশ্চিতকরণ ইমেইল বিশ্লেষণ করে উত্তর দেবে এআই সহকারী। একইভাবে, নির্দিষ্ট ঠিকানা না বলেও ‘আমাকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চল’ বললে প্রয়োজনীয় গন্তব্য খুঁজে পেতে সহায়তা করবে জেমিনাই। নতুন শহরে খাবারের জায়গা খুঁজতে ব্যবহারকারীর পছন্দ ও খাদ্যাভ্যাস বিবেচনায় সুপারিশও দিতে পারবে। তবে ফিচারটি ব্যবহার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে জেমিনাইয়ের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার বন্ধ করতে এবং কোন অ্যাপের তথ্য ব্যবহৃত হবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
