‘ফ্রিল্যান্ডার-৮’ বিলাসবহুল গাড়ির নতুন পরিচয়
Advertisement
মো. আবদুস সালিম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একসময়কার জনপ্রিয় ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার এবার ফিরছে সম্পূর্ণ নতুন পরিচয়ে। যুক্তরাজ্যের জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) ও চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরির যৌথ উদ্যোগে নতুন ফ্রিল্যান্ডার ব্র্যান্ডের অধীনে তৈরি হচ্ছে ‘ফ্রিল্যান্ডার-৮’। বড় আকারের এই বিলাসবহুল এসইউভিতে থাকছে আধুনিক হাইব্রিড প্রযুক্তি, শক্তিশালী বৈদ্যুতিক মোটর, দ্রুত চার্জিংয়ের সুবিধা এবং আরামদায়ক যাত্রীপরিসর। ২০২৭ সালে গাড়িটি বিশ্ববাজারে বিক্রির জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি : গাড়িটির অন্যতম আকর্ষণ এর শক্তিশালী পাওয়ারট্রেন। আন্তর্জাতিক বাজারের প্লাগ-ইন হাইব্রিড সংস্করণে রয়েছে ২.০ লিটারের টুইন-টার্বো পেট্রোল ইঞ্জিন ও দুটি বৈদ্যুতিক মোটর। সম্মিলিতভাবে এগুলো প্রায় ৪৬০ কিলোওয়াট শক্তি ও ৬৬২ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম। অন্যদিকে, চীনের সংস্করণে ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন জেনারেটর হিসাবে কাজ করে। সামনে ও পেছনের বৈদ্যুতিক মোটর মিলিয়ে এ সংস্করণে সর্বোচ্চ ৬১০ কিলোওয়াট শক্তি ও ৮১৩ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ব্যাটারিতেও রয়েছে পার্থক্য। আন্তর্জাতিক সংস্করণে ৩৪.১২ কিলোওয়াট-ঘণ্টার এলএফপি ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তিতে প্রায় ১১০ কিলোমিটার চলার সক্ষমতা থাকবে। চীনের সংস্করণে রয়েছে ৬০.৩ কিলোওয়াট-ঘণ্টার সিএটিএল ট্রিনারি লিথিয়াম ব্যাটারি। ৮০০ ভোল্টের প্রযুক্তির কারণে উপযুক্ত দ্রুত চার্জারে মাত্র ১২ মিনিটে ব্যাটারির চার্জ ৮০ শতাংশে নেওয়া সম্ভব বলে দাবি করা হয়েছে।
নজরকাড়া নকশা, আরামদায়ক আসন : পাঁচ মিটারের বেশি দৈর্ঘ্য ও প্রায় দুই মিটার প্রস্থের ফ্রিল্যান্ডার-৮-এর নকশায় রয়েছে আধুনিকতার ছাপ। ডাবল-টিয়ার এলইডি হেডলাইট, স্কিড প্লেট, ফ্লাশ ডোর হ্যান্ডেল ও ২১ ইঞ্চি অ্যালয় হুইল গাড়িটিকে দিয়েছে আকর্ষণীয় অবয়ব। পেছনে রয়েছে পিক্সেল নকশার খাড়া এলইডি টেইল লাইট। ছয় আসনের সংস্করণে জিরো-গ্র্যাভিটি ক্যাপ্টেন চেয়ারে মিলবে ১৪৫ ডিগ্রি পর্যন্ত হেলানো, ভেন্টিলেশন, হিটিং ও ম্যাসাজ সুবিধা। পাঁচ আসনের সংস্করণেও রয়েছে আরামদায়ক ভ্রমণের আয়োজন।
গাড়ির ভেতরেই বিনোদন : এর কেবিনে বিলাসিতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। ড্যাশবোর্ডে থাকছে বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং পেছনের যাত্রীদের বিনোদনের জন্য ছাদ থেকে ঝোলানো ১৭ ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে। সেন্ট্রাল কনসোলে রয়েছে ১০ লিটারের মিনি ফ্রিজ, যাতে খাবার ও পানীয় ঠান্ডা কিংবা গরম রাখার সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। প্যানোরামিক সানরুফসহ অন্যান্য সুবিধা দীর্ঘ যাত্রাকে আরও আরামদায়ক করে তুলতে পারে।
দাম কত, কবে আসছে : চীনের বাজারে ছাড়সহ গাড়িটির দাম প্রায় ৩ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ান, যা প্রায় ৪৮ হাজার ৬৫০ মার্কিন ডলারের সমান। আন্তর্জাতিক বাজারে এর সম্ভাব্য দাম প্রায় ৯০ হাজার ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও অন্যান্য বাজারে চূড়ান্ত মূল্য নির্ভর করবে সংস্করণ, কর ও স্থানীয় বাজারনীতির ওপর। বাংলাদেশে আমদানি করা হলে শুল্ক, কর ও অন্যান্য ব্যয়ের কারণে দাম আরও বেড়ে যেতে পারে। গাড়িটির ব্যাটারির জন্য আট বছর অথবা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টির কথা উল্লেখ করা হয়েছে। তবে বাজারভেদে ওয়ারেন্টির শর্ত আলাদা হতে পারে।
